মায়াকাব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের জানালার পাশের হাসনাহেনা গাছটায় ফুল এসেছে। ভারি মিষ্টি একটা ঘ্রাণ আসে। ধবধবে চাঁদওয়ালা রাতে যখন আমি আর তুমি বারান্দায় দাঁড়াতাম, মন কেমন করা সেই সৌরভে ভেসে যাওয়া মেঘের দিকে তাকিয়ে তোমার কি ছেলেবেলার কথা মনে পড়ে না?তুমি তো সাপকে খুবই ভয় পাও। তোমার কি মনে আছে, একবার তোমাকে ভয় দেখাতে প্লাস্টিকের একটা সাপ কিনে এনেছিলাম? পরে আমি নিজেই সে সাপ দেখে চিত্কার-চেঁচামেটি আরও কত কি!মা, তুমি আমার প্রত্যেক কথায়ই কীভাবে সায় দাও? যখন আমি বলি, আমি কারাতে শিখব, সিনেমা বানাব, আরেক চে গুয়েভারা হব, মাউন্টেনিয়ারিং কোর্স করব, ব্যাঙদের অভয়ারণ্য বানাব—তুমি মুচকি হাসি ছাড়া কোনো কথাই বলো না। আমার কিন্তু খুব রাগ হয়।তুমি কি কখনো আমার ওপর রাগ করো? যখন আমি খাবার খাই না, কিংবা তোমার পরিষ্কার গোছানো ঘরটা একমুহূর্তেই পাখির বাসা বানিয়ে দিই, তখন? জানালা গলে আসে রোদ্দুর। সে রোদ্দুরে সরু ধানের শিষ রুপার মতো চকচক করে। ফিকে কিংবা ঝলসানো হলুদ রং ছড়িয়ে পড়ে সর্বত্র—মেঘের মাঝে, বাঁশবনে, ঘাসের ফাঁকে, গাছের গুঁড়িতে। এমন এক নিস্তব্ধ দুপুরে কিছুই ভালো লাগে না, বুকের সব আনন্দ যখন চন্দনের কৌটায় আটকে পড়ে, তখন আমি তোমার সঙ্গে গল্প করতে যাই। কারণ, আমি জানি মন ভালো করার এটাই একমাত্র অব্যর্থ ওষুধ। তুমি যে অদ্ভুত ভালো রান্না করো, সেটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। কারণ আমি তো সব সময় এই রান্নাই খাই। এর ওপরের কোনো রান্না নিয়ে আমার কোনো ধারণাই নেই। তাই তো তুমি যখন আমাকে কোনো কিছু চেখে দেখতে দাও, আমি খেয়ে একবাক্যে বলে দিই, ভালো হয়েছে। এটা না করলে তোমার মুখের স্বর্গীয় হাসিটা দেখতে পাব না।তোমার এক আশ্চর্য শক্তির কথা তোমার এখনো অজানা। সেটা কী? টেলিপ্যাথি। আমি কখন কী করি তা চোখ বন্ধ করেই তুমি বলে দাও। তুমি বাইরে থেকে ঘরে ফিরে কীভাবে বোঝো যে আমার হাতে বইয়ের বদলে কম্পিউটারের মাউস কিংবা রিমোট ছিল?মা, তুমি কি শিল্পী নও? মাছের সাদা নরম অংশে হলুদ আর মরিচের লাল রং মিশে যে অপূর্ব দ্যোতনা সৃষ্টি করে, সেটা দেখে তোমার কি কখনো ছবি আঁকতে ইচ্ছে করেনি? অবশ্যই করেছে, নইলে আমি ছবি আঁকার জন্য এত সহযোগিতা ও উত্সাহ কোথায় পেতাম।তুমি সুন্দরের উপাসক। তাই তো আমাদের বাসায় সর্বত্র সৌন্দর্যের ছড়াছড়ি। তোমার গানে, রান্নায়, কবিতায়, বাজারের ফর্দে কোথায় যেন পাখির ডানার ঝাপটানি। কোথায় তুমি নেই! সবুজাভ ঘাসে, নীলচে আকাশে, ঘণ্টার ঢং ঢং শব্দে, বিভূতিভূষণের পথের পাঁচালীতে, পাহাড়ি মাদলের সুরে—সর্বত্র তোমার সরব উপস্থিতি।তোমার অনেক ধমকানির পরও আমি সকালবেলা স্কুলে যাওয়ার আগে বিছানা গুছাই না কেন, জানো? তুমি গোছালে তোমার হাতের মিষ্টি এক সৌরভ লেগে থাকে বালিশে, চাদরে। সে সুবাস হাসনাহেনার সৌরভকেও হার মানায়।জানি, রবীন্দ্রনাথের মতো আমার কবিতা লেখার সামর্থ্য নেই, পারব না তোমার জন্য একটা তাজমহল বানাতে। কিন্তু তবু মা, এ গানটা তোমার জন্য—‘পথের ক্লান্তি ভুলে স্নেহমায়া কোলে তবমা গো বলো কবে শীতল হব’।নাম ঠিকানা পাওয়া যায়নি।