মায়াবতী
একটি পাক্ষিকে পার্টটাইম চাকরি করি তখন। যতটা না সহকর্মী, তার চেয়ে ঢের বেশি বন্ধু প্রণয়ের সঙ্গে মেহেরপুরের নিত্যানন্দপুর গ্রামে গিয়েছিলাম একটি প্রতিবেদন তৈরির কাজে। পরদিন সকালের মধ্যে কাজ শেষ হবে, অনুমান করে দুপুরের বাসের টিকিট কেটে রেখেছিলাম। হলোও তা-ই। কাজ শেষ, অথচ বাসের সময় হতে ঘণ্টা দেড়েক বাকি। এই ফাঁকে আমরা গ্রামটা ঘুরে দেখব বলে ঠিক করলাম। মেঠোপথ ধরে হাঁটছি আর দুই চোখ ভরে সবজির খেত, আমবাগান, লিচুবাগান, গ্রামের ঘরবাড়ি, মানুষজন দেখছি। পথে যাদের সঙ্গেই দেখা হচ্ছে তাদের চোখে প্রশ্ন, ‘এরা আবার কারা?’ টুকটাক কথা বলে গ্রামের লোকের কৌতূহল মেটাচ্ছি। এমন সময় দেখলাম, একটি বাড়ির ভাঙা বেড়া ধরে ১৫-১৬ বছরের এক কিশোরী আমাদের দিকে তাকিয়ে। এগিয়ে গিয়ে তার নাম, কোন ক্লাসে পড়ে জানতে চাইলাম আমি। সে উত্তর দিল। আমি বললাম, ‘গ্রামটা একটু ঘুরে দেখছি। খুব সুন্দর গ্রাম তোমাদের।’ মেয়েটি ওদের বাড়িতে যাওয়ার আমন্ত্রণ জানালে আমি ইতস্তত করে প্রণয়ের দিকে তাকালাম। প্রণয় উত্তর দেওয়ার আগেই মেয়েটি আমার হাত ধরে টেনে ওদের ঘরের দিকে নিয়ে চলল। নিরুপায় হয়ে প্রণয় আমাদের পিছু নিল। নিচু ছাউনির ঘরের বারান্দায় বসেছিল ওর বৃদ্ধা দাদি। মেয়েটি তাঁর সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিল নিজের মতো করে। তারপর বারান্দা পেরিয়ে আমাদের নিয়ে ঢুকল ঘরের ভেতর। দেখলাম, একজন মধ্য বয়স্ক মানুষ বিছানায় শুয়ে আছেন। হঠাৎ সামনে অপরিচিত মানুষ দেখে তিনি ভ্যাবাচেকা খেলেন। বুঝলাম, মানুষটি অসুস্থ। আমরা মানা করা সত্ত্বেও তিনি উঠে বসলেন। কিন্তু আমরা বসব কোথায়? ঘরের মধ্যে একটা খাট, একটার ওপর একটা করে সাজানো তিনটি টিনের বাক্স, একটা আলনা, আর কিছু বস্তা—হয়তো ধান ছিল তাতে। মেয়েটা একটি টুল এগিয়ে দিল। আমি তাতে বসলাম আর প্রণয় বসল খাটের এক কোণে। জানলাম, ভদ্রলোক মেয়েটির বাবা। বাইরের ঝকমকে আলোর তুলনায় ঘরের ভেতরটা একটু বেশিই অন্ধকার। ওর দাদি একটি পিঁড়ি নিয়ে দরজার কাছে এসে বসলেন। মেয়েটি বলল, ‘আপনারা কথা বলেন, আমি একটু চা করে আনি।’ আমরা ‘না, না’ করে উঠলাম। কিন্তু সে শুনল না, রান্নাঘরের দিকে দৌড়ে গেল। ওর বাবা ক্ষীণ কণ্ঠে বললেন, ‘একটু খান, না হলে মেয়েটা কষ্ট পাবে।’ নানা কথা বলছি। ১০ মিনিট যায়, ২০ মিনিট যায় চা তো আর আসে না! ভদ্রলোকের মনে হয় কথা বলতে কষ্ট হচ্ছে। তিনি শুয়ে পড়েছেন। বৃদ্ধার সঙ্গে আর বলার মতো কথা না পেয়ে আমরা মৌনতায় সময় পার করছি। ভাবছি, ‘কোথায় এলাম রে বাবা?’ বৃদ্ধা নাতনির নাম ধরে বার দুই তাড়া দিলেন। কোনো সাড়া নেই। এক বিচ্ছিরি অবস্থা। আধা ঘণ্টা পার হতে প্রণয়ের ইশারায় আমি দাঁড়িয়ে পড়লাম। এবার বৃদ্ধা নিজেই দেরির রহস্য উদ্ঘাটন করতে উঠানে নামলেন। ঠিক তখনই সামনে এল মেয়েটি। দুই হাতে দুটি পিরিচ নিয়ে ঘরে ঢুকল সে। একটি আমার, অন্যটি প্রণয়ের হাতে তুলে দিল। পিরিচে ছিল ডিম পোচ আর চা-চামচ। দুটি ডিম ভাজতে এত সময় লাগল! সলজ্জ হাসি মুখে মেখে সে বলল, ‘খান। আপনাদের দেরি করালাম।’ একটু থেমে আরও বলল, ‘ঘরে দুটি ডিম ছিল। সে জন্যই আপনাদের চা খেতে ডেকে আনলাম। কিন্তু একটা ভাজার পর আরেকটা ভাজতে গিয়ে দেখি, ওটা নষ্ট। কী করি? দেখতে গেলাম আমাদের মুরগিটা ডিম পেড়েছে কি না। দেখলাম, ওটা ডিম পাড়তে বসেছে। সেই থেকে অপেক্ষা করছি। কিন্তু ডিম তো আর পাড়ে না। একটু আগে যেই না মুরগিটা ডিম পাড়ল, আমি সঙ্গে সঙ্গে ওটা ভেজে নিয়ে এলাম। আপনারা খেতে থাকেন, আমি এক্ষুনি চা আনছি।’ সত্যিই চা আনতে এবার আর তার দেরি হলো না। অভিভূত আমি। সেই থেকে মনে মনে মেয়েটির নাম দিয়েছি মায়াবতী। ঘটনাটি আজও আমাকে ভাবায়। মায়াবতীদের জন্ম বুঝি শুধু গরিবের ঘরেই হয়, তা না হলে এ দেশে এত মানুষ অভুক্ত থাকে?কেকা অধিকারী, ঢাকা।