মায়াবতী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলা ১১টা, তোয়ালে দিয়ে ভেজা চুল ঝাড়ছি। চায়ের কাপ হাতে মা এসে বললেন, খবর শুনেছিস শুভ্রা? কী খবর?মাহবুবকে বাড়িতে এনেছে। অনেকক্ষণ কোনো কথা বলতে পারলাম না। মা থেমে থেমে বললেন, ভালো-মন্দ যা খেতে চায় ডাক্তাররা খাওয়াতে বলেছে। মায়ের দিকে তাকাতে পারছি না। তার পরও তাকালাম, মায়ের চোখে জল টলমল। নিজেকে কিছুটা সামলে বললাম, ছিঃ মা, কাঁদেন কেন?এত কিছুর পরও মাহবুবের কথা ভেবে কি আর কাঁদতে আছে? হয়তো আছে। আমারও ভীষণ কান্না পাচ্ছে। বাথরুমে গিয়ে মুখে পানির ঝাপটা দিলাম। কিন্তু দুঃখ কি ধুয়ে ফেলা যায়? নিজেকে একটু গুছিয়ে বের হতেই দেখি, আকাশভরা মেঘ। চারদিক কেমন অন্ধকার।মাহবুবের খবরটা তিন-চার দিন আগেই শুনেছি। খুব দেখতে ইচ্ছে করেছে। যদিও এমনটা হওয়ার কথা না। পৃথিবীতে কাউকে ঘৃণা করলে মাহবুবকেই করি। ঘৃণা তো মানুষ তাকেই করে, যাকে অনেক ভালোবাসে।দুই পা হেঁটে রিকশা নিলাম। আড়িয়ালখাঁর পাশ ধরে যাচ্ছি। নদীর বুকে পালতোলা নৌকায় কত রকমের সুখ-দুঃখ দুলছে! প্রায় ভরদুপুরে মাহবুবদের বাড়িতে পৌঁছালাম। কত দিনের চেনা ঘরবাড়ি, কেমন অচেনা লাগছে। বাড়িভর্তি মানুষ, কিন্তু কেউ কোনো কথা বলছে না। মাহবুবের ঘরের দিকে পা বাড়ালাম। দরজায় গিয়ে আর পা চলে না। কিছুতেই চৌকাঠ পেরোতে পারছি না। অথচ এই ঘরটিতেই একদিন আমাদের বাসর হয়েছিল। পরদিন জ্বর...। এখানেই তো নয়-দশটা বছর কেটেছে। সেই রট আয়রনের খাট, কটকট শব্দ, ফিসফিস করে কথা বলা দিনগুলো।কত স্মৃতি! প্রথম চিঠি পাঠাল বইয়ের মধ্যে, সে তো চিঠি নয় যেন এক শিল্পকর্ম। কী কারুকাজ, কী নিপুণ হাতে লেখা! এক পৃষ্ঠার চিঠিতে ১৬টি বক্সের এক ম্যাট্রিকস। ‘দেবী’ সম্বোধনে লেখা। একটা চিঠি এতখানি মুগ্ধ করতে পারে, কোনো দিন ভাবতেই পারিনি।কী উদ্ভট সব কাণ্ড করত! তখন ক্লাস টেনে পড়ি। একবার চৈত্র মাসের এক ভরদুপুরে মাঠের মধ্যে ঠায় দাঁড়িয়ে মাহবুব চিৎকার করে বলল,‘শুভ্রা, তোমাকে ভালোবাসি।’লজ্জায় আমার মরে যাওয়ার জোগাড়। কয়েক দিন পর জিজ্ঞেস করেছিলাম, কতখানি?কিছুক্ষণ আমতা আমতা করে কিছুই না বলে চলে গেল। কিন্তু মাথায় ঢুকল, কীভাবে ভালোবাসা মাপার যন্ত্র বানানো যায়? কী পাগল ছেলে! সেই মাহবুব এখন মুমূর্ষু। আহা! একবার মনে হচ্ছে ছুটে যাই, আবার মনে হচ্ছে, না, থাক। কিন্তু ওর হাতটা খুব ধরতে ইচ্ছে করছে। ওই হাত ধরেই তো একদিন কৃষ্ণপক্ষের রাতে ঘর ছেড়েছিলাম।দুয়ার ধরে দাঁড়িয়ে আছি। মাহবুব অচেতন, শিয়রে ক্লান্ত অল্প বয়স্ক এক অভাগী। মাহবুবের মলিন মুখখানি চোখে পড়তেই বুকের মধ্যে কেমন জানি মোচড় দিয়ে উঠল। আহারে! এই মানুষটাই একদিন বলেছিল,‘শুভ্রা, তোমাকে ছাড়া বাঁচব না।’মাহবুবের স্ত্রীর শীতল দৃষ্টি আমাকে ছাড়িয়ে অন্য দিগন্তে। না দেখার মতো করে মাহবুবকে আরেক বার দেখলাম। বিশ্বাসের বাঁধন ছেঁড়া সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল। কত রকম কথার ছলে সত্য গোপন করত! আবার মাঝেমধ্যে জিজ্ঞেস করত, বুঝেছ?উত্তরে বলতাম, যা বললে, তার অধিকাংশই বুঝিনি। যা বলোনি, তার অনেকখানিই বুঝেছি।মাহবুবের কপালে দুশ্চিন্তার ভাঁজ, শ্বাস-প্রশ্বাসে ছেদ পড়ত। বিশ্বাসের ফাটল কি চোখে না পড়ে পারে? মানুষ বদলায়। নষ্টামি করার আগেই মানুষ ভেতরে ভেতরে নষ্ট হতে থাকে। আমার বাচ্চাকাচ্চা না হওয়ায় ওর হতাশাটা বুঝতাম। কিন্তু আমারও কী দুঃখ কম ছিল?মাস চারেক আগে যেদিন জানলাম আমি অন্তঃসত্ত্বা, সেদিনই মাহবুবের দ্বিতীয় বিয়ের খবরটা পেলাম। জীবনের শ্রেষ্ঠতম সুসংবাদটি ওই ভয়ংকর দুঃসংবাদই খেয়ে ফেলল। বুকের মধ্যে কেমন জানি হু হু করে উঠল। গর্ভের সন্তান আর মাহবুবের জন্য আজ গভীর বিষাদে মনটা ভারী হয়ে যাচ্ছে। ইচ্ছে করছে, চিৎকার করে কাঁদি। যে চলে যাচ্ছে তার জন্য, যে আসবে, তার কথা ভেবে আরেকবার...। শাখাওয়াৎ নয়ন, অস্ট্রেলিয়ার নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ে পিএইচডিরত। [email protected]