মায়াবতীর মূর্তিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার ‘বাড়াবাড়ির’ জন্য খবর হলেন মায়াবতী। টাকার মালার পর এবার নিজের ও দলের প্রতীকের মূর্তি দিয়ে রাজ্য ছেয়ে ফেলার জন্য আলোচিত হয়েছেন তিনি। রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে গোটা উত্তর প্রদেশে মুখ্যমন্ত্রী মায়াবতী নিজের এবং দল বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রতীক হাতির যেসব মূর্তি স্থাপন করেছেন, তা ঢেকে দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের যুক্তি, সাধারণ মানুষ যত্রতত্র এত হাতি দেখে প্রভাবিত হতে পারে। এটি মায়াবতীর দলকে অন্যায্য রকম সুবিধা দেবে।মায়াবতী ভারতের প্রথম দলিত শ্রেণীর মুখ্যমন্ত্রী। দলিত নেতা কাশীরামের গড়া বহুজন সমাজ পার্টির তিনিই এখন সর্বেসর্বা। এ শ্রেণীর মানুষ ভারতীয় সমাজে এখনো ব্যাপকভাবে বঞ্চিত ও অবহেলিত। এ কারণে ভারতে মায়াবতীর প্রতি একসময় দলমত-নির্বিশেষে একধরনের সহানুভূতি ছিল। কিন্তু দুর্নীতির মামলা ও ব্যক্তিগত কাজে রাষ্ট্রীয় অর্থের অপচয়ের মতো ক্ষমতার অপব্যবহারের বিভিন্ন অভিযোগে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। উত্তর প্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া ও মণিপুর রাজ্যের বিধানসভা নির্বাচন সামনে। উত্তর প্রদেশের ৪০৪টি বিধানসভা আসনের নির্বাচন শুরু হবে ফেব্রুয়ারি মাসে। সাত দফায় অনুষ্ঠেয় এই নির্বাচন শেষ হবে ২৮ ফেব্রুয়ারি। ২০০৭ সালের সর্বশেষ নির্বাচনে উত্তর প্রদেশের ৪০৪টি আসনের মধ্যে মায়াবতীর দল পেয়েছিল ২০৬টি আসন। সমাজবাদী পার্টি ৯৭টি, বিজেপি ৫১টি ও কংগ্রেস পেয়েছিল মাত্র ২২টি আসন। সরকার গড়েছিলেন মায়াবতী। সেই জনপ্রিয় নেত্রী ক্রমে দুর্নীতির বেড়াজালে বিপর্যস্ত। ইতিমধ্যে মন্ত্রিসভা থেকে দুর্নীতির অভিযোগে সরিয়ে দিয়েছেন ১৫ জনকে। মায়াবতীর নিজের বিরুদ্ধেও আছে অবৈধ সম্পদ উপার্জনের মামলা। মায়াবতী ১৯৯৫ সালে প্রথম মুখ্যমন্ত্রী হন মাত্র চার মাসের জন্য। এরপর ১৯৯৭ সালে ছয় মাসের জন্য দ্বিতীয়বার। তারপর আবার মুখ্যমন্ত্রী হন ২০০২ সালের মে মাসে। সেবার ওই পদে থাকেন তিন মাস। সর্বশেষ পাঁচ বছরের জন্য মুখ্যমন্ত্রী হন ২০০৭ সালের ১৩ মে থেকে। মায়াবতীর উপার্জনের কিছু ঘোষিত উৎসও আছে। ২০০৭-০৮ সালে তিনি সরকারকে ২৬ কোটি রুপি আয়কর দিয়েছিলেন। আবার ২০১০ সালে তাঁর জন্মদিন পালন করতে গোটা রাজ্যে সরকারি কোষাগারের সাত হাজার ৩১২ কোটি রুপি খরচ করেছিলেন বলে অভিযোগ উঠেছিল। সেবার ভক্তরা তাঁর গলায় পরিয়ে দিয়েছিলেন বিশাল টাকার মালা। গত শনিবার ভারতের মুখ্য নির্বাচন কমিশনার ওয়াই এস কুরেশি এক নির্দেশে জানিয়ে দেন, উত্তর প্রদেশের বিভিন্ন স্থানে থাকা মুখ্যমন্ত্রী মায়াবতী এবং তাঁর দল বিএসপির প্রতীক হাতির মূর্তি নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত ঢেকে রাখতে হবে। রাজ্যের সর্বত্র নিজের এবং দলীয় প্রতীক হাতির মূর্তি স্থাপনে কোটি কোটি টাকা খরচ করেন মায়াবতী। গত বছর তিনি নয়ডায় ৩৩ একর জমি নিয়ে ‘দলিত প্রেরণাস্থল’ বা আম্বেদকর পার্কের উদ্বোধন করেন। এই পার্কে লাল বেলেপাথর দিয়ে তৈরি বিশাল ২৪টি হাতির মূর্তি স্থাপন করা হয়। এ ছাড়া দলের প্রতিষ্ঠাতা কাশীরাম, কৃতী দলিত নেতা ও পণ্ডিত বি আর আম্বেদকর আর নিজের ১২টি মূর্তিও স্থাপন করান মায়াবতী। একেকটি হাতির মূর্তি তৈরিতে খরচ হয় ৭০ লাখ রুপি। আর ১২টি মানব মূর্তির জন্য ব্যয়ের অঙ্ক ছয় কোটি রুপি! সব মিলিয়ে আম্বেদকর পার্কে মুখ্যমন্ত্রী খরচ করেন ৬৫০ কোটি রুপি। রাজ্যে এ রকম আরও পাঁচটি পার্ক নির্মাণ করা হয়েছে আড়াই হাজার কোটি রুপি ব্যয়ে। নির্বাচন কমিশনের নির্দেশে মায়াবতী ক্ষুব্ধ হলেও বিরোধী সমাজবাদী পার্টি, বিজেপি ও কংগ্রেস খুশি। মায়াবতীর প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে দলগুলোর নেতারা ইতিমধ্যেই বলেছেন, তিনি আর এবার ক্ষমতায় ফিরে আসতে পারবেন না।  অমর সাহা