মায়াবিনী ইছামতী
ইছামতী। টলটলে রূপের স্বচ্ছ পানির নদী ইছামতী। এই নদীর ভরা যৌবনে ছিল টলমলে জোয়ার-ভাটা। এখনো আছে, তবে কম। ছোটবেলা এই নদীতে গোসল করেছি, দেখেছি বড়-ছোট পালতোলা আর গুনটানা নৌকা। বর্ষায় থাকে ভরা রূপ। ইছামতী স্থানীয় জনমানুষের অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করেছে। এই নদী দিয়ে যাতায়াত, ব্যবসা-বাণিজ্য হয়েছে। ইছামতী নদী দিয়ে প্রতিদিন দুপুর ১২টায় লঞ্চ আসত যাত্রী নিয়ে, তা দেখে স্থানীয় মানুষ সময় গুনে নিত। লঞ্চ যাওয়ার সময় তা থেকে তেলের অদ্ভুত ঘ্রাণ আসত। আমার ভালো লাগত। ইছামতীর কাছে গেলে নদীতে নেমে গোসল না করলে আমার সেখানে যাওয়াটা যেন পূর্ণতা পায় না। এত স্বচ্ছ পানি, না নেমে থাকা মুশকিল! আর একবার নামলে তাড়াতাড়ি ওঠাও মুশকিল! ইছামতী নদীর যত গভীরে মানুষজন ও অন্য প্রাণী থাক না কেন, ওপর থেকে দেখা যাবেই। আমার অনেক বিদেশি বন্ধু সাদা চামড়ার মানুষ ইছামতী নদীতে গোসল করেছে। তারা অবাক হয়েছে ইছামতীর স্বচ্ছ পানি ও নদীর গঠনপ্রকৃতি দেখে। আমার নিজেরই অবাক লাগে এর গঠনশৈলী দেখে। বিভিন্ন সময়ে ইছামতীর অনেক আলোকচিত্র করেছি। একেক ছবিতে নদীর গঠন, রূপ ও প্রকৃতির রং একেক রকম। গত ২৩ ও ২৪ মে আমার দুজন ভিনদেশি বন্ধু লালনভক্ত রিয়োগো সিওদা (জাপানি) ও আদম ফকির (সুইডিশ, অ্যাডাম ইয়োজি আগের নাম, লালনভক্তদের সংস্পর্শে আসার পর এখন আদম ফকির) ইছামতী নদীতে গোসল করতে নেমেছিল।গভীর পানিতে ডুব দিয়ে মনের আনন্দে সাঁতার কাটছে। সিওদা ও আদম বলেছে, এত সুন্দর নদীর পানি তারা খুব কম দেখেছে।ইছামতীকে যখনই দেখি, তখনই মুগ্ধ হই। মায়াবিনী ইছামতী। ইছামতীতে যখন ক্যামেরা ধরি, তখনই ছবি হয়। জাপানি ভাষায় আমার নদী ও জীবন একটি বই প্রকাশিত হয়, তার প্রচ্ছদে ছিল ইছামতী। ছোটবেলায় আমার মা জায়েদা বেগম নদীর গল্প বলতেন। ইছামতী ছিল অনেক বড় নদী। আবার ইছামতীর চেয়ে চার-পাঁচ গুণ বেশি বড় ছিল ধলেশ্বরী নদী। এই দুই নদী ছিল একসঙ্গে। বড় বড় স্টিমার, পালতোলা নৌকা আসত ইছামতী ও ধলেশ্বরী দিয়ে। দেখে ভয় লাগত। কুমিরের ভয়ে নদীঘাটে পানিতে চারদিক বেড়া দিয়ে গোসল করত গ্রামের মানুষ। মাঝেমধ্যে বেড়া ভেঙে দু-একজনকে কামড়ে ধরে গভীর পানিতে নিয়ে খেয়ে ফেলত কুমির। নদীতে কুমির, মাছ অন্যান্য প্রাণী ছিল। ছিল প্রকৃতির ভারসাম্য। এখন আর নেই। আগে কত রকম মাছ ধরত ইছামতী নদী অঞ্চলের লোকজন! আমি নিজেও অনেক মাছ ধরেছি এই নদীতে। ছয় ঋতুতে ছয় রকম পরিবর্তন দেখা যায় ইছামতীর। এখানে শীত ও বর্ষায় বিভিন্ন রকম পাখি আসে। পাখি তখন মনের আনন্দে গায় প্রকৃতির সংগীত। বিভিন্ন পাখির কণ্ঠে বিভিন্ন শব্দ। পানকৌড়ি, মাছরাঙা, ছোট চিল ও বড় চিল—এসব পাখির বসবাস আগেই। ইছামতীর অসংখ্য শাখা বিভিন্ন গ্রামে ঢুকেছে। আমার গ্রাম দোসরপাড়া দিয়ে ইছামতীর শাখানদী ধলেশ্বরীতে মিশেছে। এই নদীটি বর্ষাকালে সাপের আঁকাবাঁকা শরীরের মতো দেখা যায় এবং শুষ্ক মৌসুমে পানি শুকিয়ে ছোট হয়ে যায়। বৈশাখ মাসে ইছামতীর শাখানদীটি ছোট হয়ে অন্য রূপ ধারণ করে। মাঝখান দিয়ে হাঁটুপানি বয়ে যায়। দুই পাশে সবুজ ধানক্ষেত। দুই ধার উঁচু। আবার কিছু গরু ও মানুষ পার হয়। এ সময়টায় শুষ্ক মৌসুমে নদীর পানি শুকিয়ে যায়। তারপর আস্তে আস্তে মাটির নিচে চলে যায়। বর্ষা এলে আবার নদী ফুলেফেপে ওঠে। এ বিষয় নিয়ে লালন ফকিরের একটি গানের কথা মনে পড়ছে— ‘আমায় রাখিলেন সাঁই কূপজল করে আন্ধেলা পুকুরে। কবে হবে সজল বরষা, চেয়ে আছি সেই ভরসাআমার এই ভগ্নদশা যাবে কত দিন পরে\’