মায়াবী ড্যান্সের মনমাতানো পরিবেশনা
মায়াবী ড্যান্স একাডেমি প্রতিষ্ঠার সাত বছরের মধ্যেই মোটামুটি দর্শকপ্রিয়তা পেয়েছে। ৩১ মে সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে চট্টগ্রামের এই নাচের দলটির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। জনপ্রিয় গানের সঙ্গে জনপ্রিয় ধারার হালকা মেজাজের নাচ যাঁরা পছন্দ করেন মায়াবীর নৃত্যশিল্পীদের পরিবেশনা বরাবরের মতো তাঁদের জন্য আনন্দের উপলক্ষ তৈরি করেছিল সেদিনও। অনুষ্ঠানের শুরুতেই ছিল শিশুদের দলীয় নাচ। ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে’ গানের সঙ্গে শিশুদের স্বতঃস্ফূর্ত নাচ দর্শকের হূদয় ছুঁয়েছে।এরপর শুরু হয় সংগঠনের পরিচালক হানিফ খন্দকারের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা। এতে অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এহসান ইলাহী, টিভি ব্যক্তিত্ব মোহাম্মদ বরকত উল্লাহ, কাউন্সিলর রেহেনা বেগম, ডিজাইনারস ফোরামের সভাপতি রওশন আরা চৌধুরী প্রমুখ। আলোচনা সভার পর আজীবন সম্মাননা দেওয়া হয় নৃত্যশিল্পী জিনাত বরকত উল্লাহকে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রবীন্দ্রসংগীতের সঙ্গে মায়াবী ড্যান্স একাডেমির সদস্যদের নাচ দিয়ে শুরু হয় পরিবেশনা। এরপর কত্থক নাচ পরিবেশন করেন সাজু আহমেদ ও তাঁর দলের সদস্যরা। মনমাতানো কত্থক নৃত্যের পর ‘সাম্পানওয়ালা’ গানের সঙ্গে নাচ পরিবেশন করে মায়াবীর সদস্যরা। এই পরিবেশনার পর জমে ওঠে আসর। ‘প্রথম প্রদীপ জ্বালো’ গানের সঙ্গে নাচ পরিশেন করে দর্শকদের মুগ্ধ করেছেন স্কুল অব ওরিয়েন্টাল ড্যান্সের শুভ্রা সেনগুপ্তা ও তাঁর দলের সদস্যরা। মনমাতানো এই নাচের পর ‘তোমায় ছেড়ে বহু দূরে’ গানের সঙ্গে নাচেন মায়াবীর সদস্যরা।