মায়াবী মোমবাতি
ঝাড়বাতি, টেবিল ল্যাম্প বা যত বাহারের আলোই হোক, মোমবাতির মায়াবী আলোর আবেদনই অন্য। ঘর আলোকিত করতে যত নয়, তার চেয়েও বেশি ঘর সাজাতে এখন ব্যবহূত হয় মোমবাতি। বাজারে এখন একটু ঢুঁ মারলেই পাবেন নানা রঙের নানা ঢঙের মোম। আসছে ভালোবাসা দিবস। সেই বিশেষ দিনটিতে যদি প্রিয়জনকে নিয়ে কাটানোর জন্য ঘরটাকে দিতে চান বিশেষ ভালোবাসার ছোঁয়া, তাহলে বাজারে আপনার জন্য আছে লাল রঙের হূদয় বা ফুল আকৃতির মোমগুলো। আবার যদি একুশে ফেব্রুয়ারিতে ঘরে একটা দেশীয় আমেজ আনতে চান, তাহলে ব্যবহার করতে পারেন অ, আ, ক, খ ইত্যাদি বর্ণের আকারে মোম। ঘরে উৎসবের আমেজ আনতে চাইলে বা ঘরেই মোমের আলোয় রাতের খাবারের আয়োজন করতে চাইলে ব্যবহার করুন বড় বড় মোম। আবার যদি চান, তাহলে ভাসমান মোমগুলো পানিতে ভাসিয়ে দিয়েও ঘরজুড়ে আনতে পারেন বিশেষ সৌন্দর্য।ফ্যাশন হাউস যাত্রার জ্যেষ্ঠ গ্রাহকসেবা কর্মকর্তা নাইমুর রহমান বললেন, ‘এখন মোম পাওয়া যাচ্ছে নানা ধরনের। একেকটা দিনকে মাথায় রেখে মানুষ একেক রকমের মোম ব্যবহার করে। ক্লে বা মাটির তৈরি মোমদানিতে মোম এখন অনেকেই পছন্দ করছেন। আর রিকশা পেইন্ট করা মোমদানিতে মোমও অনেকের বেশ পছন্দ। তবে একই রকম জিনিস দিনের পর দিন কেউই পছন্দ করে না। সবাই চায় বৈচিত্র্য। তাই মোমের ব্যবহারেও বৈচিত্র্য আসে।’ আড়ংয়ের বিক্রয়কর্মী রিফাত আরা বলেন, সব ধরনের মোমের চাহিদাই রয়েছে ক্রেতাদের মধ্যে। কেউ যদি পছন্দ করে মাটির প্রদীপ আকৃতির মোম, তো আরেকজনের পছন্দ সুগন্ধিযুক্ত মোম। প্রতিটি মোমেরই আলাদা বৈশিষ্ট্য আছে, যা একেকজনকে একেকভাবে আকর্ষণ করে।ফারজানা’স ব্লিসের স্বত্বাধিকারী ইন্টেরিয়র ডিজাইনার ফারজানা গাজী মনে করেন, ‘আগে ঘরে মোম জ্বালানোটা ছিল প্রয়োজন আর এখন সেটা ঘরসজ্জার উপকরণ।’ তিনি জানালেন, আসবাব কেমন, সে কথা ভেবে তবেই বেছে নেবেন মানানসই মোমদানিসহ মোম। ঘরে সব দেশীয় ঘরানার আসবাব হলে বেছে নিন মাটির পাত্রে বা কাঠের গুঁড়িতে রাখা মোম। আবার দেয়াল স্ট্যান্ডে কিছু মোম টাঙিয়ে দিতে পারেন ঘরের দেয়ালে। তবে সব সময় মাথায় রাখবেন, কোন আকারের মোমটি আপনার ঘর এবং আপনার রুচির সঙ্গে মানাচ্ছে। বাথরুমেও রাখতে পারেন মোম। বাথরুমের দুর্গন্ধ ঘণ্টা খানেক মোম জ্বালিয়ে রাখলেই কিন্তু পালাবে।’বাজারে আপনি পাবেন চিমনি মোম, বাটির মধ্যে ফুল আকৃতির মোম, চতুর্ভুজ মোম, ত্রিভুজ মোম, ঝিনুক মোম, মাটির প্রদীপ মোম, ভাসমান মোম, হূদয় আকৃতি এবং ফুল আকৃতির ছোট মোমের সেট, লাভ ইউ মাদার লেখা মোম, গ্লিটার মোম, টেরাকোটা মোম, পিরামিড মোম, টমেটো আকৃতির মোম, রসুন আকৃতির মোম, রঙিন স্টিক মোম ইত্যাদি। আকৃতি ও ডিজাইনে বৈচিত্র্যের ভিত্তিতে এসব মোম বাজারে পাবেন ২০ টাকা থেকে শুরু করে ৪০০ টাকার মধ্যে। এসব ছাড়াও পাম অয়েল দিয়ে তৈরি একটা বিশেষ মোম পাবেন আড়ংয়ে, যেটার দাম পড়বে ৫০-১৩০ টাকা। আরও পাবেন সুগন্ধিযুক্ত মোম, যেগুলো জ্বালানোর সঙ্গে সঙ্গেই ছড়াবে মিষ্টি সুগন্ধ। আকর্ষণীয় এই মোমগুলো সুঘ্রাণ মেশানো শুকনো ফুল দিয়ে সাজানো থাকে।