মায়াবীর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিংকী চৌধুরীঘড়ির কাঁটা তখন আটটা ছুঁই ছুঁই। এ সময় মঞ্চে আসে লাল সবুজ শাড়ি পরা চার কিশোরী। ‘আমি বাংলার গান গাই’ গানের সঙ্গে তারা পরিবেশন করে নাচ। এতে মূর্তিমান হয়ে ওঠে বাংলার প্রতিচ্ছবি। ফুটিয়ে তোলা হয় গ্রামবাংলা এবং ভাষা আন্দোলনের চিত্র। শ্রদ্ধা জানানো হয় ভাষাশহীদদের। এভাবে শুরু হয় মায়াবী ডান্স হোমের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। ৮ মে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে সন্ধ্যে সাতটায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও শুরু হয় আটটায়। অবশ্য উপস্থাপক অরুণ ভদ্র মঞ্চে এসে প্রথমেই এর জন্য দুঃখ প্রকাশ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি এজাজ ইউসুফী। নাচের ফাঁকে ফাঁকে বক্তব্য দেন অতিথিরা। এরপর শুরু হয় ফ্যাশন শো। রওশন আরা চৌধুরীর ডিজাইনে তৈরি পোশাকে প্রত্যেক মডেলকে লাগছিল অপূর্ব। পোশাকে মোগলআমলের রাজ পরিবারের ছোঁয়া পাওয়া যায়। অনুষ্ঠানে মায়াবী ডান্স হোমের পরিচালক হানিফ খন্দকার ও তাঁর দল ছাড়াও নাচ করেন কয়েকটি নৃত্য সংগঠনের সদস্য। এদের মধ্যে স্কুল অব ওরিয়েন্টালের পক্ষ থেকে শুভ্রা সেনগুপ্তা ও তাঁর দলের ধ্রুপদী ঢঙে পরিবেশিত নাচটি সবার মনজয় করে। এরপর প্রাপণ একাডেমির অনন্য বড়ুয়া ও তাঁর দলের পাশ্চাত্য নাচেও ছিল অন্য রকম আবেদন। এরই মাঝে অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবি ফেরদৌসী মুন। অনুষ্ঠানে প্রয়াত পপসম্রাট মাইকেল জ্যাকসনকে শ্রদ্ধা জানিয়ে নাচ পরিবেশিত হয়।