অনেকটা শখের বশেই ব্রিটিশ এয়ারওয়েজের বিমানবালা প্যাট্রিসিয়া কার শুরু করেছিলেন বাংলাদেশের অভাবী মানুষজনের পাশে দাঁড়ানোর কাজ। সেই শখই একসময় ডালপালা মেলে বড়সড় হয়ে ওঠে। মূলত তাঁরই উৎসাহ-উদ্যোগে ঢাকার অদূরে শ্রীপুরের টেংরায় ১৯৮৯ সালে গড়ে ওঠে শিশুপল্লী প্লাস। বর্তমানে ৮০০-এর বেশি দুস্থ মা ও শিশুর নিরাপদ আশ্রয় এই শিশুপল্লী ঘুরে এসে লিখেছেন ইকবাল হোসাইন চৌধুরীশুরুতে আমরা পড়ে নিতে পারি যুক্তরাজ্যের টাইমস পত্রিকায় প্রকাশিত খেলাধুলাবিষয়ক একটি প্রতিবেদনের অংশবিশেষ— ‘শ্রীপুর ভিলেজ’ ঘুরতে যাওয়া সাত ইংলিশ ক্রিকেটারের মধ্যে ছিলেন অ্যান্ড্রু ফ্লিনটফও। ঢাকার উত্তরে প্রায় দুই ঘণ্টা দূরের পথ এই ‘শ্রীপুর ভিলেজ’ ৫০০-এর বেশি সুবিধাবঞ্চিত শিশু এবং শ-খানেক দুস্থ নারীর আশ্রয়। যুক্তরাজ্যের নিবন্ধিত এই দাতব্য সংগঠনটি চালু হয় ১৯৮৯ সালে। কেবল আশ্রয় নয়, সত্যিকার অভাবী মা ও শিশুদের জন্য শিক্ষা আর কারিগরি প্রশিক্ষণের বন্দোবস্তও আছে এখানে...রিচার্ড হবসন, ঢাকা থেকে দ্য টাইমস, ৪ নভেম্বর ২০০৩ সেবার শ্রীপুর গিয়ে সত্যিকার অর্থে দারুণ একটা দিনই কাটিয়েছিলেন বাংলাদেশ সফরে আসা ইংল্যান্ডের সাত ক্রিকেটার। কিন্তু গাজীপুরের এই নিভৃত গ্রাম এলাকা কীভাবে পরিচিত হয়ে উঠল ইংলিশ ক্রিকেটারদের কাছে? জানতে হলে আমাদের ফিরে যেতে হবে আরও একটু পেছনে। প্রায় বছর তিরিশেক আগের কোনো একদিনে। খুব জোরেশোরে বর্ষা নেমেছিল সেবার। বৃষ্টি ঝরছিল বিরামহীন। বৃষ্টি থামার অপেক্ষায় বিমানবালা প্যাট্রিসিয়া অস্থিরভাবে পায়চারি করছিলেন হোটেলের লবিতে। কিন্তু সে রকম কোনো লক্ষণই দেখাচ্ছিল না বৃষ্টি। এই সময়টায় তাঁর ব্রিটিশ এয়ারওয়েজের সহকর্মীরা কেউ কেউ কেনাকাটা করতে বের হন। কেউ যান সুইমিংপুলে সাঁতার কাটতে। কিন্তু বিরামহীন বৃষ্টির পাল্লায় পড়ে সব মাটি। পৃথিবীর এই প্রান্তের বর্ষাকালটা সত্যিই খুব অপছন্দ ছিল প্যাট্রিসিয়ার। স্রেফ সময় কাটানোর জন্যই শেষে প্যাট্রিসিয়া একটা কাজ করলেন। বাংলাদেশে ছিল ফ্যামিলিজ ফর চিলড্রেন (এফএফসি) নামের একটি অলাভজনক সংগঠন। দুস্থ নারী ও শিশুদের জন্য কাজ করে সংগঠনটি। এর স্বেচ্ছাসেবক হয়ে কাজ করলেন কিছুদিন। দেশে-বিদেশে ঘোরাঘুরির কাজটা দারুণ পছন্দ করতেন তরুণী প্যাট্রিসিয়া। সে জন্যই নাম লিখিয়েছিলেন বিমানবালাদের খাতায়। এবার পেলেন অন্য রকম এক আনন্দ, সেবার আনন্দ। গরিব- দুঃখীদের পাশে দাঁড়ানোর আনন্দ। আস্তে-ধীরে সেই মামুলি আনন্দের ব্যাপারাটাই ডালপালা মেলে বড় হয়ে উঠল। কাজটা ভালোভাবে করার জন্য ব্রিটিশ এয়ারওয়েজের চাকরি থেকে ‘অবৈতনিক ছুটি’ নিয়েছিলেন প্যাট্রিসিয়া। তাঁর দেখাদেখি এ ধরনের স্বেচ্ছাশ্রম দেওয়ার কাজে আগ্রহী হয়ে উঠলেন ব্রিটিশ এয়ারওয়েজের অন্য কর্মীরা। দেখা যেত, যুক্তরাজ্য থেকে আসার সময় তাঁদের অনেকেই কিছু না জিনিসপত্র নিয়ে আসতেন ভাগ্যবিড়ম্বিত শিশু আর তাদের মায়েদের জন্য। বিষয়টা কানে গেল সে সময়কার ব্রিটিশ এয়ারওয়েজের চেয়ারম্যান লর্ড কিং-এর। কিং সাগ্রহে অনুমতি দিলেন তাঁর কর্মীদের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার এই ব্যাপারটায় এবং সেখানেই শেষ নয়, কাজটা যেন একটা প্রকল্প হিসেবে দাঁড়াতে পারে, সেই বন্দোবস্তও করলেন। একসময় ব্রিটেনসহ সারা বিশ্বের সংবাদমাধ্যমগুলোতেও আলোচিত হলো তাঁদের এই কাজ। শুরুর কয়েক বছর এফএফসির একটি অংশ হিসেবে কাজ করলেন তাঁরা। ১৯৮৯ সালে পরিপূর্ণ একটি দাতব্য সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে শিশুপল্লী প্লাস। ঢাকা থেকে ৪০ কিলোমিটার দূরে গাজীপুরের শ্রীপুরে ১৫ একর জায়গা নিয়ে কার্যক্রম শুরু করে শিশুপল্লী প্লাস। ছায়া সুনিবিড় শান্তির নীড়ঢাকার মহাখালী থেকে শ্রীপুরের টেংরা। বড় রাস্তার ওপরেই শিশুপল্লী প্লাসের সাইনবোর্ডটা চোখে পড়ে। এমনকি রিকশাওয়ালারাও জায়গাটাকে দিব্যি চেনেন ‘শিশুপল্লী’ নামেই। মিনিট দশেক পর রিকশা যে জায়গায় গিয়ে থামে, সেটা যেন এক সত্যিকার ‘ছায়া সুনিবিড় শান্তির নীড়’। পুরো জায়গাটা ছায়াময় করে রেখেছে রাজ্যের গাছাগাছালি। রাস্তার দুই পাশে সারি সারি নারকেলগাছ। আমগাছের সবুজ পাতার ফাঁকফোকর দিয়ে উঁকি দিচ্ছে শীতের রোদ্দুর। দূর থেকেও শোনা যাচ্ছে বাচ্চাদের আনন্দ কোলাহল। শিশুপল্লী প্লাসের প্রোগ্রাম কো-অর্ডিনেটর সুব্রত চৌধুরী খবর দেন প্যাট কারকে। প্যাট মানে প্যাট্রিসিয়া খানিক বিশ্রাম করছেন। আমরা এই ফাঁকে ঘুরে দেখতে পারি শিশুপল্লী প্রাঙ্গণ—প্রস্তাবটা বেশ মনে ধরে আমাদের। ইটরঙা ভবনগুলো একের পর এক পেরিয়ে যেতে থাকি আমরা। সুব্রত জানান, এই ভবনগুলোতেই শিশু আর মায়েদের থাকার ব্যবস্থা। ইট বিছানো নিকানো উঠোনে বসে লুডু না কী যেন খেলছিল একদল বাচ্চা। আলোকচিত্রী খালেদ সরকারের হাতে ক্যামেরা দেখেই সম্ভবত আগ্রহী হয়ে এগিয়ে আসে কেউ একজন। ‘তুমি এইখানে থাক কত দিন?’ ‘দুই বছর। আমার মাও এইখানে থাকে।’ বেশ খানিকক্ষণ গাইগুঁই করে অবশেষে জানায় ছেলেটা। তার নামটা জানার ইচ্ছে ছিল। তার আগেই আবার ভোঁ দৌড় দেয় পুঁচকে ছেলেটা। সম্ভবত খেলায় তার ‘দান’ এসে গেছে। আমরা পাশের আরেকটা একতলা বাড়িতে গিয়ে ঢুকি। প্রথম ঘরটায় পা রাখতেই অসাধারণ একটা দৃশ্য—ছোট ছোট বিছানায় বেঘোরে ঘুমোচ্ছে অনেকগুলো বাচ্চা। সবার মাথার নিচে বালিশ। গায়ে রঙিন কম্বল। যেন একদল দেবশিশু! ওখান থেকে বেরিয়ে যাই একটু দূরে, প্রায় একই রকম দেখতে আরেকটা ঘরে। কাজে ব্যস্ত দুজন মা। হাতে পুরো দস্তানা। পরনে অ্যাপ্রন। কাগজ তৈরির কাজ করছেন তাঁরা। শাহানা নামের মেয়েটি আমাদের বিস্তারিত বোঝালেন কীভাবে ধাপে ধাপে তৈরি হয় ‘হ্যান্ডমেড পেপার’। এই হ্যান্ডমেড পেপার থেকে তৈরি শুভেচ্ছা কার্ডই চলে যায় যুক্তরাজ্যে। সেখানে দারুণ চাহিদা এই হাতে তৈরি কাগজের। জানা গেল, এমনকি ইংল্যান্ডের রানিও আছেন হ্যান্ডমেড পেপার থেকে তৈরি এসব শুভেচ্ছা কার্ডের ক্রেতাদের তালিকায় । ঘুরতে ঘুরতে এক জায়গায় প্রমাণও মিলল— রানির শুভেচ্ছা কার্ড কিনতে আসার সেই ছবিটা ঝোলানো আছে অফিস কক্ষের দেয়ালে। আরও কিছু দেখার ইচ্ছে ছিল। এর মধ্যেই ডাক এল প্যাট্রিসিয়া কারের কাছ থেকে। প্যাট্রিসিয়ার সঙ্গে কথোপকথননিজের অফিস কক্ষেই আমাদের জন্য অপেক্ষা করছিলেন প্যাট্রিসিয়া কার। জানা হলো, লন্ডনের কিংস কলেজ থেকে জেরনটলজি ( বার্ধক্য বা বয়োবৃদ্ধি-বিষয়ক বিজ্ঞান) বিষয়ে স্নাতক তিনি। ব্রিটিশ এয়ারওয়েজের বিমানবালার চাকরি ছেড়েছেন সেই ১৯৮৯ সালেই। এখন ব্রিটেনে কাজ করছেন অকুপেশনাল থেরাপিস্ট হিসেবে। মূলত বয়স্ক মানুষজনকে নিয়েই তাঁর কাজ। শিশুপল্লী প্লাসের শুরুর বছর চারেক পাকাপাকিভাবে ছিলেন বাংলাদেশেই। এখন কাজ করছেন ওভারসিজ ডিরেক্টর হিসেবে। বাংলাদেশে আসেন বছরে অন্তত দু-তিনবার। বিয়েও করেছেন শ্রীপুরের এ শিশুপল্লীতেই। স্বামী স্বদেশী ডেরেক পালমার একজন বিপণন কর্মকর্তা। কর্মসূত্রে এখন আছেন থাইল্যান্ডে। বর্ষাকালটা প্যাটের আগের মতোই অপছন্দ হলেও শীতটা উপভোগ করেন খুব। প্যাট্রিসিয়ার কাছে প্রশ্ন—এত দেশ থাকতে সেবা আর স্বপ্নপূরণের জায়গা হিসেবে বাংলাদেশকেই কেন বেছে নেওয়া। ‘আসলে কি বলব, এটা স্রেফ কীভাবে যেন ঘটে গেছে। সময়-সুযোগ সবকিছু ঠিক ঠিক মিলে গেছে, সে কারণেই বাংলাদেশকে বেছে নেওয়া।’বটে? শুধুই একটা কাকতালীয় ব্যাপার? বিশ্বাস হতে চায় না। বাধ্য হয়ে প্যাট কার তাই আবার স্মৃতি হাতড়ান। ‘হ্যাঁ, এবার বোধ হয় পেয়েছি,... ১৯৮১ সালের ঘটনা সেটা। আমাদের গাড়ি তেজগাঁও... না না ফার্মগেট এলাকা দিয়ে যাচ্ছিল। তখন দেখলাম, রাস্তায় একটা মা। তার কোলে দু-দুটো বাচ্চা। দুটো বাচ্চারই গায়ে কাপড়চোপড় নেই। পায়ে জুতো নেই। মাকে জড়িয়ে ধরে তারস্বরে কাঁদছিল তারা। এত মন খারাপ হয়েছিল দেখে। হয়তো এই ছবিটাই আমার মনে গাঁথা হয়ে গিয়ে থাকবে...’হ্যাঁ, মাত্র মুহূর্তখানেকের জন্য দেখা বাংলাদেশের ওই চিরচেনা দৃশ্যটাই ঝড় তুলেছিল তরুণী প্যাট্রিসিয়ার মনে। যার ফলাফল আজকের শিশুপল্লী প্লাস। সারা দুনিয়ায় মন্দা চলছে। শিশুপল্লী প্লাসের একসময়কার অন্যতম দাতা দেশ যুক্তরাজ্যেও এসে লেগেছে মন্দার ছোঁয়া। তহবিল সংগ্রহ এখন অন্য যেকোনো সময়ের চেয়ে কঠিন। কিন্তু হাল ছাড়ছেন না প্যাট্রিসিয়া— ‘আমি খুব সৌভাগ্যবান যে আমি এত দূর পথ পাড়ি দিয়ে আসতে পেরেছি। সব সময় কিছু না কিছু করছি আমরা। বলতে পার এটা একটা চলমান প্রক্রিয়া। প্রতিবারই আমাদের চেষ্টা থাকে আগের চেয়ে ভালো কিছু করার।’ আলাপ শেষে বেরিয়ে আসছি। বিকেলের রোদ তখন মরে আসছে। ফেরার রিকশায় এসে উঠেছি। শিশুপল্লীর ভেতরকার কচিকাঁচাদের আনন্দ-কোলাহল তখনো থামেনি।