মায়ার বাঁধন
আমেরজান খাতুনের চোখে মোটা কাচের চশমা। মাথার চুল সব পেকে সাদা। নড়বড়ে দাঁতগুলো সব খসে পড়েছে সেই কবে। স্নেহভরা চোখে বৃদ্ধা তাকিয়ে আছেন ছেলের মুখের পানে। মাথার পক্বকেশ বলে দিচ্ছে, ছেলের বয়সও নেহাত বসে নেই। মা পা রেখেছেন শতবর্ষের দোরগোড়ায়। ছেলেরও প্রবীণদের দলে নাম লেখানোর দেরি নেই খুব। অথচ কী দারুণভাবে মায়ের কোল ঘেঁষে বসে মাকে জড়িয়ে ধরেছে ছেলে; যেন সেই ছোট্ট ছেলেটি। মা দিবসের প্রাক্কালে ফরিদপুরের আলীপুর এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী নুরু মিয়ার এই মাতৃদর্শনের ছবিটি তুলেছেন আমাদের আলোকচিত্রী আলীমুজ্জামান। (সূত্র: পৃষ্ঠা: ৩, প্রথম আলো, ৮ মে, ২০১১) সংবাদের একটি গুরুত্বপূর্ণ উপাদান ‘টাইমলিনেস’ বা সময়োপযোগিতা। এই সময়োপযোগিতার জোরেই মা-ছেলের আপাত অতি সাধারণ এই ছবি দেশ-বিদেশের নানা ঘটনা আর বিচিত্র চিত্রমালাকে ডিঙিয়ে বিশেষভাবে দ্রষ্টব্য হয়ে ওঠে। তবে কেবল সময়োপযোগিতা নয়, ছবিটির মধ্যে আরও একটি জিনিস কোথায় যেন গা ঢাকা দিয়ে আছে। সেটি সম্ভবত অদ্ভুত সারল্য। যে সারল্য মায়ের মমতাময় মুখের সঙ্গে একসুতোয় গাঁথা। এই ছবি সবাইকেই একবারের জন্য হলেও আলগোছে স্মরণ করিয়ে দেয় আমাদের নিজের মায়ের মুখ। —ইকবাল হোসাইন চৌধুরী