‘একবার যেতে দে না/ আমার ছোট্ট সোনার গাঁয়’—শাহনাজ রহমতউল্লাহর সেই গান নতুন প্রজন্মের শিল্পীর কণ্ঠে। আরও ছিল ‘আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম’, একি সোনার আলোয়’...। একে একে পুরোনো দিনের জনপ্রিয় গানে শ্রোতারাও হয়ে ওঠেন নস্টালজিক। এমনই আবহ ছিল গত ৩১ মে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত মায়িশা ফাইরুজের একক সংগীতানুষ্ঠানে। নিবেদন শিল্পী সংসদ ‘সুরের আকাশে তুমি যেন সুখ তারা’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠান উদ্বোধন করেন সাংবাদিক রাশেদ রউফ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক এস এম আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন লেখক সত্যব্রত বড়ুয়া, স্বাধীন বাংলার বেতারের শিল্পী মৃণাল ভট্টাচার্য ও ব্যাংকার বাসিত আশরাফ।
আলোচনার পর শুরু হয় গান। শিল্পী গেয়ে শোনান ‘ও বাঁশি হায়’, ‘তুমি মিষ্টি করে দুষ্টু বলো’, ‘জানি না সে হূদযে কখন এসেছে’, ‘মনের রঙে রাঙাব’; ‘চিনেছি চিনেছি তোমারে এ মন’, ‘আরে ও পরদেশি’, ‘নির্জন যমুনার কূলে’, ‘মনের বাগানে ফুটিল ফুল রে’, ‘পাগল মন’, ‘রির্টান টিকিট হাতে লইয়া’ গানগুলো।
কখনো বিরহ, কখনো দেশপ্রেম আবার কখনো ভালোবাসার অন্য রকম হূদয় নাচানো গানে দর্শকদের সুরে সুরে ভাসিয়ে নিয়ে যান শিল্পী। ‘ঘুমাইয়া ছিলাম ছিলাম ভালো’ গানটির মাধ্যমে পরিবেশনা শেষ করেন।