মায়েদের প্রশ্নবাণে প্রাণবন্ত মা সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিদ্যালয়ে পর্যাপ্ত টয়লেট সুবিধা নেই কেন?’ ‘শিক্ষার্থীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা নেই কেন?’ পর্যাপ্ত বেঞ্চ, মায়েদের বসার ব্যবস্থা, শ্রেণীকক্ষে পর্যাপ্ত বৈদ্যুতিক পাখা কেন নেই ?’ মায়েদের এমন সব প্রশ্নবাণে প্রাণবন্ত হয়ে উঠেছিল নগরের বাকলিয়া ঘাটকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ।

গত ২৬ ফেব্রুয়ারি সকালে মা সমাবেশে এসব প্রশ্ন করেন মায়েরা। ‘ছাত্র, শিক্ষক ও অভিভাবকের সদিচ্ছা নিশ্চিত করতে পারে সুশিক্ষা’ এ স্লোগানে মায়েদের সচেতন করার লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করে বিদ্যালয় পরিচালনা কমিটি। দুর্নীতিবিরোধী সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবির ব্যবস্থাপনায় এম এ সবুরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা। বিশেষ অতিথি ছিলেন সনাক শিক্ষাবিষয়ক উপকমিটির আহ্বায়ক আনোয়ারা আলম।

টিআইবির আঞ্চলিক ব্যবস্থাপক মো. জসিম উদ্দিনের পরিচালনায় সমাবেশে গবেষণা জরিপের সার-সংক্ষেপ তুলে ধরেন সহকারী অনুষ্ঠান ব্যবস্থাপক জাফর সাদেক চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এস এম নুরুল হুদা। অভিভাবক-মায়েদের মধ্যে বক্তব্য দেন বিউটি বেগম, তাসলিমা আক্তার, নাছিমা আক্তার, রোকেয়া বেগম, নুরজাহান প্রমুখ। তাঁরা অতিথিদের কাছে বিদ্যালয়ের বিভিন্ন সমস্যার ব্যাপারে প্রশ্ন করার পাশাপাশি বিদ্যালয়ের মানোন্নয়নের জন্য বিভিন্ন পরামর্শ দেন।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অভিভাবকদের প্রশ্নের জবাব দেন। মায়েদের প্রশংসা করে তিনি বলেন, ‘মায়েরা এভাবে সচেতন থাকলে সন্তান অবশ্যই উচ্চশিক্ষায় শিক্ষিত হবে।’

অধ্যক্ষ আনোয়ারা আলম ছেলে-মেয়ে নির্বিশেষে সব সন্তানের প্রতি সমান গুরুত্ব দেওয়ার জন্য মায়েদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে সনাকের পক্ষ থেকে বিভিন্ন শ্রেণীতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ৩০ জন এবং বিভিন্ন খেলাধুলায় কৃতিত্ব অর্জনকারী ৫৪ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।