মায়ের অসুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেদিন মা-বাবা দাদুবাড়িতে যাবেন। আমাদের দাদুবাড়ি কাপাসিয়া থানার ইকুরিয়া গ্রামে। সকাল থেকেই হালকা বৃষ্টি পড়ছিল। সারাটা দিন আকাশটা গোমরা মুখ করে ছিল, যেন প্রকৃতিকে কেউ কান মলে দিয়েছে। মা পরলেন জামদানি শাড়ি আর বাবা পাঞ্জাবি। মা-বাবা বাসা থেকে বের হওয়ার সময় বারবার বলছিলেন, ‘তোরা সাবধানে থাকিস, ঠিকমতো গেটে তালা দিয়ে থাকবি।’ বেরোবার খানিক পরেই বাবার ফোন। মা পা পিছলে পড়ে গেছেন। দাদুবাড়ি আর যাওয়া হলো না। সঙ্গে সঙ্গে বাবা মাকে নিয়ে মনোহরদী হাসপাতালে যান। মায়ের বাঁ-হাতের হাড়টা ভেঙে গেছে। চিকিৎসক ভালো করে প্লাস্টার করে দেন। রাতে মায়ের ব্যথা বাড়ল। একটু পরপর ব্যথায় মা ককিয়ে উঠছিলেন। মা-ই আমাদের সংসারের সব। মা শয্যাশায়ী। আমরা তিন ভাই গভীর জলে পড়লাম। আমি হচ্ছি আমড়া কাঠের ঢেঁকি। মা অসুস্থ বলে রাতে রান্নাবান্না হয়নি। অবশ্য ছোট ভাই টুকটাক রান্না পারে। যেমন—আলুভর্তা, ডিমভাজি ও ডাল রান্না। রাতে মায়ের প্রচণ্ড জ্বর এল। আমি বায়েজিদ বোস্তামির মতো মায়ের মাথার কাছে বসে সারা রাত জলপট্টি দিলাম। মা আমার কোলে মাথা রাখেন, আর অল্প সময় পরপর জেগে ওঠেন। সেদিন প্রথম অনুভব করলাম মাকে আমি কতটা ভালোবাসি। রাতে মাকে ব্যথানাশক ও ঘুমের ওষুধ দিয়েও ঘুম পাড়ানো যায়নি। মা আমার হাতটা ধরে রেখেছিলেন। একসময় ভোরের আলো পূর্ব জানালায় উঁকি দিল। মা ঘুম থেকে জেগে বললেন, ‘কী রে, তুই এখনো ঘুমোসনি।’এম এন সালেহ বায়েজীদ শাহজালাল হল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।