রাজশাহী শহরের রেলগেট এলাকায় হঠাৎ একজন রিকশাচালক পড়ে গিয়ে পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেলেন। পাশেই শ্রমিক ইউনিয়নের ছোট্ট একটা ঘরে ছিল ‘জননী দাতব্য হোমিও চিকিৎসালয়’। চিকিৎসক গোলাম মোস্তফা ছুটে এলেন রিকশাচালকের কাছে। লক্ষণ দেখে ওষুধ খাইয়ে দিলেন। সঙ্গে আরও কিছু ওষুধ দিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন। সাত দিন পর তিনি নিজেই রিকশা চালিয়ে দেখা করতে এলেন। ওষুধের দাম দেবেন। কিন্তু চিকিৎসক গোলাম মোস্তফা কিছুতেই টাকা নেবেন না। তিনি শুধু তাঁর মায়ের জন্য দোয়া চাইলেন। রিকশাচালক প্রাণভরে দোয়া করলেন, ‘আল্লাহ আপনার মাকে জান্নাতবাসী করুক।’ এভাবে মায়ের আদেশে গোলাম মোস্তফা কলকাতা ন্যাশনাল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে ডিগ্রি নিয়ে এসে ৫৩ বছর ধরে দুস্থ মানুষকে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। মূলত দুস্থদের চিকিৎসক হলেও কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সমাজের কিছু বিত্তশালী মানুষও তাঁর কাছ থেকে চিকিৎসাসেবা নেন।গোলাম মোস্তফার বয়স এখন ৭৯ বছর। জন্ম মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার শীতলপাড়া গ্রামে। ১৯৪১ সালের ৭ ডিসেম্বর তাঁর বাবা সানোয়ার আলী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। টানা তিন দিন রোগযন্ত্রণায় ছটফট করে তিনি মারা গেলেন, কিন্তু তাঁর জন্য কোনো চিকিৎসার ব্যবস্থা করা যায়নি। আশপাশের কয়েক গ্রামে কোনো চিকিৎসক ছিল না। শোকাহত মা আমেনা খাতুন সেদিনই ছেলের হাতে হাত রেখে একটা প্রতিজ্ঞা করিয়েছিলেন যে ছেলে চিকিৎসক হয়ে গ্রামের দুস্থ মানুষের সেবা করবে। গোলাম মোস্তফা মায়ের কাছে করা সেই প্রতিজ্ঞা ভোলেননি।১৯৫১ সালে বিকম পাস করার পর গোলাম মোস্তফা কলকাতা ন্যাশনাল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে ভর্তি হন। ১৯৫৬ সালে তিনি এইচএমবি ডিগ্রি লাভ করেন। ১৯৫৭ সালে তিনি শেখদিঘি হাইস্কুলের প্রধান শিক্ষক হিসেবে চাকরিতে যোগ দেন। সেই বছর থেকেই তিনি চাকরির পাশাপাশি মায়ের নির্দেশে চিকিৎসাসেবা দেওয়া শুরু করেন। তখনো ওই অঞ্চলে চিকিৎসক নেই। সকালে তাঁর বিদ্যালয়েই মানুষ ওষুধের জন্য ভিড় করতে লাগল। বাধ্য হয়ে ক্লাসের ফাঁকে ফাঁকে তিনি বিদ্যালয়েই চিকিৎসা শুরু করেন। বাড়ি ফিরে আবার অনেক রাত পর্যন্ত চলত তাঁর এই দাতব্য চিকিৎসা। এভাবে তিনি প্রতিদিন ৪০০-৫০০ রোগীর চিকিৎসা দিতেন। ১৯৬১ সালে তাঁর মা মারা যাওয়ার আগেই ছেলের চিকিৎসার এই দৃশ্য দেখে গেছেন। ১৯৬৩ সালে গোলাম মোস্তফা বাংলাদেশে চলে আসেন। প্রথমে নাটোরে ও পরে রাজশাহীতে বসবাস শুরু করেন। বর্তমানে নগরের কাদিরগঞ্জ সাফাওয়াং কমিউনিটি সেন্টারের পাশে একটি ভাড়া ঘরে চলছে তাঁর চিকিৎসাসেবা। এখানেও প্রতিদিন ১৫০ থেকে ২০০ রোগীর চিকিৎসা দেন তিনি। প্রতিদিন বিকেলে তাঁর ওষুধের দোকানে রোগীর ভিড় লেগেই থাকে। দীর্ঘদিন ধরে এই কাজ করার কারণে রাজশাহী শহরের স্বল্প আয়ের মানুষ ও শ্রমজীবীদের পরিবারের চিকিৎসক হয়ে উঠেছেন তিনি। তাঁর দোকানে গিয়ে কিছুক্ষণ বসলেই দেখা যাবে, দলে দলে মানুষ আসছে। ধারাবাহিকভাবে তাঁর পাশের চেয়ারে গিয়ে বসছে, রোগের বিবরণ দিচ্ছে আর ওষুধ নিয়ে চলে যাচ্ছে। কেউ টাকার কোনো প্রসঙ্গই তুলছে না। গত মঙ্গলবার বিকেলে গিয়ে এ দৃশ্য দেখে বোঝা গেল, যে রোগীরা দোকানে ভিড় করছে, এরা সবাই তাঁর নিয়মিত রোগী। কারও অসুখ-বিসুখ হলেই ছুটে আসে চিকিৎসক গোলাম মোস্তফার কাছে। এদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। উপশহর নিউমার্কেট এলাকার রিকশাচালকের স্ত্রী রেনু বেগম (৪০) ওষুধ নিয়ে যাচ্ছিলেন। কত দিন ধরে এখান থেকে ওষুধ নেন জানতে চাইলে তিনি বলেন, অনেক দিন ধরেই পরিবারের যার যখন সমস্যা হয়, তখনই এখানে ওষুধ নিতে আসেন। নগরের কাদিরগঞ্জ এলাকার রিকশাচালকের স্ত্রী শরীফা খাতুন (৩৫) নিজের কোমরের ব্যথার জন্য ওষুধ নিতে এসেছেন। সঙ্গে ছয় বছরের মেয়ে হাফিজার সর্দি-জ্বরের জন্যও ওষুধ নিচ্ছেন। শরীফা জানালেন, তাঁর পরিবারের চিকিৎসক হচ্ছেন এই গোলাম মোস্তফা। ভিড় শেষ হলেও এক ভদ্রলোক পাশের টুলে বসে আছেন ওষুধ নেওয়ার জন্য। তিনি বাংলাদেশ বেতারের সাবেক আঞ্চলিক পরিচালক। নিজের পরিচয় দিয়ে বললেন, তিনিও ওষুধ নেওয়ার জন্য বসে আছেন। তিনি জানান, শারীরিক কোনো সমস্যায় প্রথমেই তিনি গোলাম মোস্তফার কাছে আসেন। তিনি জানান, গোলাম মোস্তফা যাদের চিকিৎসা দিয়ে থাকেন, তাদের সিংহ ভাগই দুস্থ মানুষ। তবে তাঁর মতো কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও এখান থেকে চিকিৎসা নিয়ে থাকেন।বছরে এই চিকিৎসার পেছনে গোলাম মোস্তফার প্রায় দেড় লাখ টাকার ওষুধের প্রয়োজন পড়ে। আগে তাঁর পরিবহন ব্যবসা ছিল। সেখান থেকে তিনি ভালো আয় করতেন। তা দিয়ে অনায়াসে রোগীদের চিকিৎসাসেবা দিতে পারতেন। কিন্তু এখন সেই ব্যবসা আর নেই। সংসারেও টানাটানি। তার ওপর প্রতি মাসে ১৪০০ টাকা দোকান ভাড়া দিতে হয়। এ অবস্থায় তাঁর কিছু বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজন তাঁকে সহযোগিতা করছেন। দীর্ঘদিন ধরে তাঁকে যাঁরা সহযোগিতা করে আসছিলেন, তাঁদের মধ্যে ১২ জন ইতিমধ্যেই মারা গেছেন। এ কারণে যে সহযোগিতা তিনি পাচ্ছেন, তা দিয়ে কুলিয়ে উঠতে পারছেন না। তবু তিনি এক দিনের জন্যও চিকিৎসাসেবা দেওয়া বন্ধ করেননি।