মায়ের কষ্টেই আমার লেখাপড়া

আমার বয়স তখন ১০ বছর। বাড়িতে অভাব। পরিবারে চার বোন ও এক ভাই। বাবা রিকশা চালাতেন। সাতজনের তিনবেলা খাবার জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছিল। তখন আমি পঞ্চম শ্রেণিতে পড়ি। কত দিন না খেয়ে স্কুলে যেতে হতো। আবার স্কুল শেষ করেও অনেক দিন না খেয়ে থাকতে হতো। সরকার তখন প্রতি কেজি আটা ২৪ টাকা করে দিত। কোনো দিন আটা কিনে এনে রাতের বেলা রুটি তৈরি করে খেতাম। আমাদের বাড়িতে বিদ্যুৎ ছিল না, কেরোসিন তেল দিয়ে বাতি জ্বালানো হতো। তখন সন্ধ্যা থেকে রাত নয়টা পর্যন্ত পড়ি। এসএসসি পাস করে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির সুযোগ পেলাম। আমার পড়াশোনা যেন বন্ধ না হয়, সে জন্য মাকে অনেক কষ্ট করতে হচ্ছে। মানুষের বাড়িতে কাজ করেন। আমার মায়ের জন্য খারাপ লাগে। মা, আমি জানি, আজীবন চেষ্টা করলেও তোমার ঋণ শোধ করতে পারব না। মা, আমি যেন তোমার মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত তোমার সেবা করতে পারি।
মো. রাকিব ইসলাম
নীলফামারী।