মায়ের কাছে খোলা চিঠি
প্রিয় মা, আমার চোখের জলে এই লেখাটুকু তুমি পড়বে কি না আমি জানি না। তবুও আজ বলতে ইচ্ছে করছে। তাই বলছি। যদি গল্প বলার মতো করে বলতে পারতাম, তাহলে হয়তো হূদয়ের খেদ মিটত কিছুটা। প্রবাস জীবনের আট বছরে তোমাকে ছেড়ে এবারের ঈদসহ ষোলটি ঈদ শেষ হলো আমার। মা, ছোটবেলায় বাবা বলতেন, জীবন বড় কষ্টের। তখন বুঝিনি। আজ বুঝতে পারি।
কেবলই কেঁদে ওঠে অন্তর। ইচ্ছে হলেও এখন আর ছুতে পারি না তোমায়। অথচ শৈশব আর কৈশোরে কতোই না অবাধ্য ছিলাম তোমার। মা, তোমাকে আর দেশকে যে কতোটা ভালোবাসি, প্রবাসে না এলে তা হয়তো জানা হতো না কোনোদিনই।
প্রবাসে প্রতিদিন সন্ধ্যায় বুকের ভেতরটায় শুরু হয় কষ্টের ডুবসাঁতার। আমি ক্লান্ত হয়ে যাই মা। অবসাদ আর বিষাদিত সন্ধ্যা আমাকে ঘিরে ধরে। কেউ বুঝবে না, তুমি আর বাংলাদেশেটা আমার কাছে কতো প্রিয়।
মা, রাতের নক্ষত্রগুলো তোমার কথা মনে করিয়ে দেয়। খেতে বসলে তোমার কথা ভেবে চোখে জল আসে। তোমার দেওয়া পুরানো কাপড় দিয়ে তৈরি কাঁথাটাও ছিড়ে গেছে কতদিন আগে। তবুও বুকে জড়িয়ে রাখতে ভালো লাগে। যেন তুমি আছ মা।
আর তো লিখতে পারছি না। চোখের কোণায় পানি জমে ঘোলা হয়ে আসে দৃষ্টি। তুমি ভালো থেকো। আমার জন্য দোয়া কোরো।
তোমার ছেলে
কাজী সাইফুল ইসলাম
রিয়াদ, সৌদি আরব