মায়ের কাছে যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোটবেলায় দেখতাম, আমার বাবা বাড়ির আঙিনায় বিভিন্ন রকম গাছ লাগাতেন। বিভিন্ন রকম ফল আর ফুলের গাছে ভরে থাকত বাগানটা। গাছ লাগানো যেন আমার বাবার নেশার মতো ছিল। সারা দিন গাছপালাগুলোর পরিচর্যা নিয়ে ব্যস্ত থাকতেন তিনি। তখন আমি অনেক ছোট, কোনো কিছু বুঝে ওঠার আগেই আমার বাবা মধ্যপ্রাচ্যে চলে যান একদিন। তখন গাছপালাগুলোর পরিচর্যার দায়িত্ব এসে পড়ে আমার মায়ের হাতে।মাকেও দেখতাম, বাবার মতো গাছগুলোর খুব যত্ন করতেন। কেউ যদি গাছের পাতা কিংবা ফুল ছিঁড়ত, মা অনেক রাগ করতেন। মা হয়তো স্বামীর ভালোবাসার পরশ পেতেন প্রতিটি গাছ আর প্রতিটি ফুলের মধ্য দিয়ে। তখন আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। মা আমাকে দিয়ে হাট থেকে একটি বকুল ফুলের গাছ কিনে আনিয়েছিলেন। গাছটা লাগিয়েছিলাম আমিই। বকুলগাছটা যখন একটু বড় হলো, ফুলের কুঁড়ি আসি আসি ভাব, তখন আমার মা না ফেরার জগতে চলে গেলেন। হার্ট অ্যাটাক করেছিল তাঁর। তখন আমি একদম একা! বাবা দেশে আসেন। আমাকে নিয়ে ঢাকায় নতুন স্কুলে ভর্তি করিয়ে দেন। হোস্টেলে থাকি। বাবা কিছুদিন ঢাকায় থাকার পর আবার চলে গেলেন। মাসে মাসে আমার জন্য টাকা পাঠাতেন। মায়ের প্রতি আর গাছপালার প্রতি তাঁর কোনো মায়াই ছিল না হয়তো! বাবা মধ্যপ্রাচ্যেই একটা বিয়ে করে ফেললেন। আমি এখন অনেক বড় হয়েছি। বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করি। বাবা মাঝেমধ্যে বলেন তাঁর কাছে চলে যেতে। আমি যেতে চাই না।মাঝেমধ্যে গ্রামে যাই। গাছগুলোর মধ্যে আমার মায়ের সারা দিন পরিশ্রম করা ক্লান্ত মুখখানি দেখতে পাই। আমাকে যেন বলেন, খোকা, আমাকে একটু বাতাস কর, আমার খুব ক্লান্ত লাগছে।ছোটবেলায় মা যখন খুব ক্লান্ত হতেন, তখন আমাকে বাতাস করতে বলতেন।মাঝেমধ্যে মায়ের কথা খুব মনে পড়ে। তখন নিজেকে খুব নিঃসঙ্গ মনে হয়।মাঝেমধ্যে মনে হয়, মায়ের কাছে যাওয়ার পথটা যদি সহজ হতো, মায়ের কাছে চলে যেতাম।মা হয়তো আমার কথা ভেবে ভেবে অনেক ক্লান্ত, আমি আমার মায়ের কাছে যেতে চাই।সালমান ফারসী, মিরপুর, ঢাকা।