মায়ের ছাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। রোদ-বৃষ্টি-ঝড়ে তাঁর ছাতা ছিল সঙ্গী। তিনি আমাকে ছাতা ধরতে দিতেন না। এর বিশেষ কারণ হলো, আমার ছাতা হারানোর বাতিক। নবম শ্রেণিতে পড়ার সময়ের একটা ঘটনা। মায়ের বেশ কয়েকটি ছাতা আমি আগে হারিয়েছি। তাই বর্ষাকালে একদিন বাজারে যাওয়ার জন্য মা তাঁর ছাতা বের করে দিলেন। শর্ত একটাই—হারিয়ে ফেলা যাবে না। মাথার ওপর আকাশি রঙের ছাতাটা মেলে ধরামাত্রই মনে হয়েছে আকাশটা হাতে নিয়ে হাঁটছি। কিন্তু যা হয়। বাজার থেকে বাসায় ফেরার পর মনে হলো মস্ত ভুল হয়ে গেছে। ছাতা দোকানে ফেলে এসেছি। বাজারে ভোঁ-দৌড়।
চিরুনি অভিযান চালিয়েও ছাতা খুঁজে তো পেলামই না, এমনকি মনেও করতে পারিনি কোথায় ফেলেছি। সেদিন আর বাড়িতে ফেরার সাহস হয়নি, খালার বাসায় চলে গেলাম। পরের দিন যথাযোগ্য শাস্তি পেতেই হলো। এরপর অবশ্য মা তাঁর কোনো ছাতা আমাকে ধরতে দেননি।
৩১ বছরের জীবনের ১৭টিই কেটে গেল কালো ছাতাটার সঙ্গে। বৃষ্টি হলে অথবা কড়া রোদে ইচ্ছে করে চারদিকের বাঁশের বেড়ার মাঝে তোমার নতুন ঘরে প্রিয় ছাতাটা একটু মেলে ধরি। পারি না, পারব না কোনো দিন। তোমার ছাতার প্রয়োজন যে আর নেই মা। ওটা ছুঁতে গেলে আজও তোমার কণ্ঠ শুনতে পাই। কথা দিচ্ছি, আর কোনো দিন ছাতাটা হারাব না, মা।
মোহাম্মদপুর, ঢাকা।