মায়ের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সব মা-ই সেরা। তবে আমার মা সারা বিশ্বব্রহ্মাণ্ডের সেরা।’ রুল টানা খাতায় গোটা গোটা হাতের লেখায় এই দুটি লাইন যখন কম্পিউটারের পর্দায় ভেসে উঠেছিল, তখন দূর পরবাসে বসে আবেগতাড়িত হয়ে উঠেছিলেন শাহনাজ মুন্নী। কাজের কারণে দূর দেশে বসেও সেবারের মা দিবসটি এটিএন বাংলার প্রধান প্রতিবেদক শাহনাজ মুন্নীর কাছে হয়ে উঠেছিল সবচেয়ে সেরা। মাকে চমকে দেওয়ার এ বুদ্ধিটা তাঁর দুই মেয়ের। ‘চিঠিটা লিখে বাবার কাছে দিলে বাবা ওটা স্ক্যান করে আম্মুকে ই-মেইল করে দিয়েছিল। আম্মু আবার এটা ফেসবুকে আপলোড করে দিয়েছিল। কী যে খুশি লেগেছিল তখন...।’ এভাবেই বলছিল শাহনাজ মুন্নীর বড় মেয়ে যৌথ। মা দিবসে শুধু চিঠি লেখাই নয়, দুই বোন যুক্ত আর যৌথ মাকে নিজের হাতে কার্ড বানিয়ে দিতেও খুব ভালোবাসে। বাবার কাছ থেকে টাকা নিয়ে দুই বোন পছন্দমতো কোনো উপহারও কিনে আনে কখনো কখনো। এবারে কীভাবে চমকে দেওয়া হবে মাকে, তা জানতে চাইলে একদম মুখ খোলেনি দুই বোন। চমকটা নাকি এখন বললে আর চমক থাকবে না। তাতে বেশ মজা পেয়ে শাহনাজ মুন্নী বলেন, ‘আমাদের সময় আসলে এখনকার মতো মা দিবস ছিল না। মায়ের জন্য তো সারা বছরই। তবু যখন আমার মেয়েরা আমাকে হঠাৎ কিছু করে চমকে দেয় একটা দিনে, খুব ভালো লাগে তখন।’এ তো গেল মা নিয়ে এ প্রজন্মের গল্পকথন।মা দিবসে মায়েরা তাঁদের মায়েদের কীভাবে ভালোবাসা জানান, তা শোনা হলো সাদাকালোর প্রধান ও ডিজাইনার তাহসীনা শাহীনের কাছে। “আমাদের জীবনটা শুধু যাপনের জন্য নয়, প্রিয় মানুষটিকে নিয়ে উদ্যাপনের জন্যও। আমরা যত বড় হই, ততই বাড়ে আমাদের ব্যস্ততা। ব্যস্ততার ফাঁকে একটু আয়োজন করে মাকে ভালোবাসা জানানোর জন্য মা দিবসটি চমৎকার একটি দিন। আমরা চার বোনই মাকে এই দিনে একসঙ্গে চমকে দিই। আসলে মায়ের আত্মত্যাগ, তাঁর ভালোবাসার কথা কোনো সন্তানই কৃতজ্ঞতা জানিয়ে শেষ করতে পারবে না। মাকে তো আর কখনো এ রকম বলা হয় না, ‘...মা, তোমাকে কত যন্ত্রণা করেছি, তুমি সব সহ্য করেছ। তাই তোমার প্রতি আমি কৃতজ্ঞ।’ মায়ের ক্ষেত্রে এসব আনুষ্ঠানিকতার অবকাশ কোথায়। তাই বছরের একটি দিন মাকে একটু বেশি মনে করা। মায়ের পছন্দগুলো, তাঁর ভালো লাগাগুলোকে গুরুত্ব দেওয়া মা-সন্তান দুজনের জন্যই খুব দরকার।” মা দিবসে প্রতিবারই মাকে চমকে দেন তাহসীনা শাহীন। একবার মা দিবসের সকালে মায়ের প্রিয় পাঙাশ মাছ পাঠিয়েছিলেন তিনি। মাছের আকৃতিটি ছিল বিশাল। গত মা দিবসে চার বোন মিলে একসঙ্গে মাকে লিখেছিলেন চিঠি। এবারের পরিকল্পনাও চমৎকার। দেশের বাইরে থাকায় তাঁর বাকি তিন বোনের সঙ্গে মায়ের দেখা হয় বহুদিন পরপর। তাই এবার চার বোন মিলে মাকে একটি ওয়েবক্যাম, ওয়াইফাইসহ কম্পিউটার উপহার দেবেন। সারাক্ষণ যেন অনলাইনে মাকে দেখা যায় আর মাকেও যেন তাঁর চারটি মেয়েকে কখনো চোখের আড়াল করতে না হয়, তাই এ বন্দোবস্ত। শুধু নিজের মা বলে নয়, তাহসীনা শাহীনের কাছে তাঁর শাশুড়ি-মাও পৃথিবীর সবচেয়ে ভালো শাশুড়ি-মা। মা দিবসে তাঁর জন্যও থাকে কোনো না কোনো উপহার।মা দিবসে আপনিও চমকে দিতে পারেন আপনার মাকে। আপনার ছোট সোনামণি যেমন আপনাকে নিজের হাতে কার্ড বানিয়ে দিতে পছন্দ করে, তেমনি আপনিও আপনার নিজের হাতে মায়ের পছন্দের কোনো খাবার বানিয়ে পাঠিয়ে দিতে পারেন মায়ের কাছে। ছবি সব সময় কথা বলে স্মৃতির। মায়ের সঙ্গে ছোট্টবেলায় তোলা কোনো ছবি বড় করে বাঁধিয়ে দিতে পারেন মাকে। আপনার আর আপনার ভাইবোনের স্বপ্ন পূরণ করতে করতে হয়তো নিজের স্বপ্নের কথা ভুলেই গেছেন। কায়দা করে জেনে নিয়ে করে দিন তেমন কোনো স্বপ্ন পূরণ।গাছ লাগাতে অথবা পাখি পুষতে খুব ভালোবাসতেন মা। কিন্তু আপনাদের দিকে খেয়াল রাখতে গিয়ে সময় হয়নি আর শখ পূরণের। করে দিন না বারান্দায় এক চিলতে একটা সবুজ বাগান। সে বাগানের ফোটা ফুলের হাসিটা মায়ের ঠোঁটের কোণে দেখতে নিশ্চয়ই ভালো লাগবে আপনার।মায়ের এ মুহূর্তে প্রয়োজনীয় যে জিনিসটি নেই, সে জিনিসটিও দিতে পারেন উপহার হিসেবে।বয়স হয়ে গেছে মায়ের? তাহলে মাকে তাঁর কাজ সহজ করার জন্য উপহার হিসেবে দিতে পারেন মাইক্রোওভেন, ভ্যাকুয়াম ক্লিনার, ওয়াশিং মেশিন।মাকে যা-ই দিন না কেন, চেষ্টা করুন যেন তাঁর সঙ্গে নিজের হাতে করা কিছু থাকে, যাতে আপনার হাতের দরদভরা স্পর্শ থাকবে মায়ের জন্য। তার সঙ্গে যোগ করতে পারেন একগোছা ফুল।যাঁরা মায়ের কাছ থেকে অনেক দূরে থাকেন, তাঁরা একটু কষ্ট করে মা দিবসের দিন সকালে মায়ের দরজায় কড়া নেড়ে মাকে দিতে পারেন পৃথিবীর সবচেয়ে বড় উপহারটি। মায়ের কাছে সন্তানের উপস্থিতির চেয়ে বড় উপহার আর কী হতে পারে?গতানুগতিক কোন উপহার নয়, নিজের হাতে কিছু একটা বানিয়ে চমকে দিতে পারেন মাকে। মডেল: অমৃতা ও অর্ক। কৃতজ্ঞতা: নাদিরা শিল্পী।