মায়ের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে গেলে আর কিছু কিনি বা না কিনি পান-সুপারি আমাকে কিনতেই হবে। পান-সুপারি ছাড়া আমার মায়ের এক দিনও চলে না! তা-ও আবার যেন-তেন নয়, বরিশালের পান আর সঙ্গে থাকা চাই হাকিমপুরী জর্দ্দা। সেই ছেলেবেলা থেকে দেখছি, মায়ের মুখে পান। আর পান খাওয়া লাল ঠোঁটের অমলিন হাসি। মায়ের পানের ঘ্রাণটা আমার এমনই চেনা, চোখ বন্ধ করে কোথাও ছেড়ে দিলে যেন সেই ঘ্রাণ শুঁকেই মাকে খুঁজে পাব! ফিরোজা বেগম, আমার মা। বয়স এখন তাঁর ৬০ ছুঁইছুঁই।মায়ের সঙ্গে আমার বড় মিল, আমরা দুজনই অসম্ভব পরিশ্রমী। সেই যে মুক্তিযুদ্ধের পর, যখন আমরা একদম ছোট, পরিবারসুদ্ধ চলে এলাম ঢাকায়। তখন আমরা ছিলাম যাত্রাবাড়ীর দিকে। পরে ধামালকোটে। তখন থেকেই দেখছি মা আমাদের জন্য অমানুষিক পরিশ্রম করে যাচ্ছেন। বাবা তো পরিশ্রম করতেনই, কিন্তু মা যে পরিশ্রম দিয়ে আমাদের আগলে রেখেছেন, তার তুলনা নেই। তিনি যদি শক্ত হাতে সব না সামলাতেন, তাহলে আজ আমি কিংবা আমার ভাইয়েরা এই পর্যায়ে উঠে আসতে পারতাম না কখনোই। প্রচণ্ড অভাবের সংসার ছিল আমাদের। তিন বেলা ভাতই জুটত না ঠিকভাবে। কিন্তু সেই নিদারুণ অভাবকে কী করে পাশ কাটিয়ে যেতে হয়, তা আমার মায়ের কাছ থেকেই শিখেছিলাম। কখনোই মুখ ভার করে থাকতেন না মা। হাসিমুখে নীরব লড়াই চালিয়ে যেতেন অনটনের সঙ্গে। পেটে ভাত নেই, কিন্তু সত্যি কথা বলছি, মায়ের ভেতরের অমন শক্তি আমাদের মধ্যেও সঞ্চারিত হতো! উৎসাহ পেতাম জীবনযুদ্ধে টিকে থাকার। একটু যখন বড় হলাম, পা রাখলাম গলফ ক্লাবের চত্বরে। ধামালকোটের পরিবেশ তখন ভীষণ বাজে। এলাকার উঠতি ছেলেপুলেরা কথায় কথায় অস্ত্র-শস্ত্র নিয়ে হাঙ্গামা বাধায়। মা আমাদের নিয়ে উদ্বিগ্ন। তিনি শুধু একটা কথাই বলতেন, আর যা-ই করো, নিজেদের মান-মর্যাদাটুকু বিসর্জন দিও না। আমরা তাঁর কথার অবাধ্য হইনি। কষ্ট করে গলফের মাঠে বল কুড়িয়েছি। দিন শেষে পেয়েছি কিছু টাকা। তুলে দিয়েছি মায়ের হাতে। মা আমাদের মাথায় হাত রাখতেন, চোখ থাকত বাষ্পরুদ্ধ। তিনি আমাদের ওপর যে বিশ্বাস রেখেছিলেন, আমরা ভাইয়েরা তার মূল্য দেওয়ার চেষ্টা করেছি।ধামালকোটে ছিলাম আমরা ২০ বছরের মতো। ছিলাম চার ভাই। সারা দিন হয়ত ঠিকভাবে খেতে পেলাম না, তাই রাতের খাবারটাই ছিল আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ। রাতে মাকে ঘিরে মেঝেতে বসে পড়তাম আমরা। ভাত বেড়ে দিতেন পরম মমতায়। এক সঙ্গে বসে রাতের খাবারের ওই সময়টুকু আমাদের পরবর্তী দিনের চালিকাশক্তি হিসেবে কাজ করত। দেখতাম, মা সবাইকে সমান যত্নে খাওয়াচ্ছেন। শেষে হাঁড়ির তলানিটুকু রেখেছেন নিজের জন্য। তার পরও তাঁর চোখে আনন্দ। ছেলেদের পেটপুরে খাওয়াতে পারার তৃপ্তি। এখনো বাসায় থাকলে আমরা সবাই মিলে রাতের খাবার ওইভাবে একসাথে বসেই খাই। এখনও দেখি মায়ের মুখে সেই চিরচেনা তৃপ্তি, নির্মলতা।মায়ের সঙ্গে আমার আরেকটা মিল, আমি সবজি আর পাট শাক পছন্দ করি, মায়েরও তা-ই পছন্দ। আর মার হাতের পাট শাক পেলে আমার আর কিচ্ছু চাই না। মায়ের হাতের নকশিকাঁথার কথা তো বলাই হয়নি! কাঁথাও এত সুন্দর হয়, মায়ের হাতের কাজ না দেখলে বিশ্বাস করা কঠিন। প্রতিরাতে যখন মায়ের হাতে বোনা কাঁথা গায়ে দিই, বিস্ময় মানি। মায়ের হাতের প্রতিটি কাজেই যত্নের ছাপ সুস্পষ্ট। ঘর ঝাট দিলেও যেমন পরিশ্রম ঢেলে দেন, আমার একটা শার্ট পরিষ্কার করলেও একই রকম মমতা। তাই এক দেখাতেই বলতে পারি কোনটা মায়ের কাজ। এখনো, এই বয়সেও মা সমান পরিশ্রমী। এ কারণেই বোধহয় শারীরিকভাবে মা এখনও সুস্থ্য-সবল। নিজের ফিটনেস ধরে রাখার উপায়টা বলতে গেলে আমি মায়ের কাছ থেকেই পেয়েছি।পুরোনো একটা স্মৃতি মনে পড়ে। আমি তখন ছোট, বয়স ছয় কি সাত। মা ছিলেন খুব বাবাভক্ত। আমার নানাবাড়ি মাদারিপুর শহর থেকে ১০ কিলোমিটার দূরে। তো সেখান থেকে একদিন খবর এলো নানা খুব অসুস্থ। খবর শোনা মাত্র পুরো পরিবার চেপে বসলাম বাসে। কপাল ছিল খারাপ, সাভার পার হতে না হতেই ঘটল দুর্ঘটনা। বাসে লেগে গেল আগুন! ছোট ভাইটার বয়স তখন দুই বছরের মতো। সেই ছোট ভাই ছিল বাবার কোলে। আগুন লাগার মুহূর্তে যে যেভাবে পেরেছে বাস থেকে বেরিয়েছেন, ছোট ভাইটার খোঁজ নেই! আমি বেঁচেছিলাম জানালা দিয়ে লাফ দিয়ে। তো ছোট ভাই নেই, আমরা দিশেহারা। মা পাগলপ্রায়। শেষমেশ ওই আগুনলাগা বাসের ভেতরে ছুটে গেলেন মা, সঙ্গে বাবাও। ছোট ভাইটাকে তারা খুঁজে পেলেন বাসের সিটের নিচে। ভাগ্যিস বেঁচে গেল সে! তখন দেখলাম, বড় হয়ে উপলব্ধি করলাম, মায়ের ভালোবাসা কতটা দুর্দমনীয় হতে পারে! নিজের জীবনের মায়া সেই ভালোবাসার কাছে তুচ্ছ।মা খুব ঘুরতে ভালোবাসেন। আর ভালোবাসেন মাঠে বসে আমার খেলা উপভোগ করতে। দেশে যে কোনো টুর্নামেন্ট থাকলেই মা সেখানে উপস্থিত থাকেন। গলফ ক্লাব হাতে দূর থেকে যখন মাকে দেখি, তখন কী এক শক্তি যেন পাই মনের মাঝে, যে শক্তি আমাকে সামনের পথে এগিয়ে নিয়ে যায়! মা আমার সেই শক্তির উৎস, মাকে ভালোবাসা। অনুলিখন: মাহফুজ রহমান