মায়ের জন্য আলোকচিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলোকচিত্রী হিমেল নবীর ক্যানসারে আক্রান্ত মা শামীম আরার চিকিৎ​সার খরচ  জোগাতে ছবি তোলার আয়োজন করেন চট্টগ্রামের একদল আলোকচিত্রী
আলোকচিত্রী হিমেল নবীর ক্যানসারে আক্রান্ত মা শামীম আরার চিকিৎ​সার খরচ জোগাতে ছবি তোলার আয়োজন করেন চট্টগ্রামের একদল আলোকচিত্রী

নতুন রূপে সেজেছে সিআরবি চত্বর। মাঠের চারদিকে ছবি তোলার নানা অনুষঙ্গ। কোথাও বড় আয়না, কোথাও আবার নকশা করা ফ্রেম। সকালে হঠাৎ সিআরবি মাঠের এমন বদলে যাওয়া দৃশ্য দেখে কখনো কখনো থমকে গিয়েছিলেন পথচারীদের কেউ কেউ। ক্যামেরা হাতে ২০ জনের মতো আলোকচিত্রী ছবি তোলায় মগ্ন। জানা গেল, কোনো মিলনমেলা বা উৎসব নয়, মায়ের জন্য ছবি তুলছিলেন তাঁরা।
ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হিমেল নবীর মা শামীম আরাকে বাঁচাতে ছবি তোলার এই আয়োজন। ১৪ মে সিআরবি এলাকায় নগরের একদল আলোকচিত্রী ‘মাকে বাঁচাতে এগিয়ে আসুন’ শিরোনামের এই আয়োজন করে। দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলে ছবি তোলা।
আয়োজকদের একজন নিলেশ রনি বলেন, ‘পাঁচ বছর আগে ক্যানসার ধরা পড়ে আমাদের আলোকচিত্রী বন্ধু হিমেল নবীর মা শামীম আরার শরীরে। ইতিমধ্যেই তাঁর চিকিৎসার জন্য ব্যয় হয়েছে ২৫ লাখ টাকা। এখনো পুরোপুরি সুস্থ হননি তিনি। উন্নত চিকিৎসার স্বার্থে জরুরি ভিত্তিতে তাঁকে ভারতের ভেলোরের একটি হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। এতে চিকিৎসার জন্য আনুমানিক ব্যয় ধরা হয়েছে আট লাখ টাকা। তবে মধ্যবিত্ত পরিবারটির পক্ষে এই মুহূর্তে এই টাকা সংগ্রহ করা সম্ভব নয়। তাই হিমেলের মাকে বাঁচাতে বন্ধু আলোকচিত্রীদের এমন উদ্যোগ। আয়োজনে আলোকচিত্রীরা আগত দর্শকদের চাহিদা অনুযায়ী ছবি তুলেছেন। এরপর ছবি তুলে যে টাকা উঠেছে তা তুলে দিয়েছেন হিমেলের পরিবারের হাতে।’
চট্টগ্রামের খ্যাতিমান ২০ জন আলোকচিত্রী ছবি তোলার উৎসবের আয়োজনে অংশ নিয়েছেন বলে জানালেন নিলেশ রনি। এই উৎসব থেকে মায়ের জন্য সংগ্রহ হয়েছে প্রায় ৬০ হাজার টাকা। পুরো টাকা ইতিমধ্যে তুলে দেওয়া হয়েছে হিমেল নবীর হাতে।
পরিবার নিয়ে এই আয়োজনে ছবি তুলতে এসেছিলেন শুভাশীষ দাশ। তিনি বলেন, ‘একটা ভালো কাজকে উপলক্ষ করে পুরো পরিবারের ছবিই তুলে রাখলাম। ভালো থাকুক সবার পরিবার।’
সদ্য বিবাহিত তাহসিন আলম ও ইফাতুল আলম বেশ মজা করেই ছবি তুলছিলেন। তাঁরা বললেন, ‘এক জায়গায় এতসব নামী আলোকচিত্রী এসেছেন শুনে চলে এলাম নিজেদের ছবি তুলতে। নিজেদের আনন্দের মুহূর্তটাও ফ্রেমে বন্দী হলো আর এক মাকে বাঁচাতে কিছু একটা তো অন্তত করা হলো।’ ছবি তোলার আয়োজন শেষ হয়ে গেলেও সমাজের বিত্তবানরা চাইলে এগিয়ে আসতে পারেন শামীম আরার সাহায্যের জন্য। সাহায্য পাঠানোর ঠিকানা, আসাদুল্লাহ নাসির, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর: ১৩৫.১০১.২৪০২৯৪, ডাচ বাংলা ব্যাংক, রাজশাহী শাখা।