মায়ের জন্য উপহার
মে মাসের দ্বিতীয় রোববার পালন করা হবে মা দিবস। কী উপহার দেবেন মাকে? যদি শাড়ি উপহার দিতে চান, তাহলে দেখুন, মায়ের কোন ধরনের শাড়ি বেশি পছন্দ। আবার যদি মা বই পড়তে ভালোবাসেন, তাহলে উপহার দিন মায়ের ভালো লাগে এমন কোনো বই। আর যদি মা গান শুনতে ভালোবাসেন, তাহলে কিনে ফেলুন তাঁর পছন্দের গানের সিডি। ব্যতিক্রমী কিছু দিতে চাইলে কোনো শিল্পীকে দিয়ে করিয়ে নিন মায়ের সুন্দর মুখের স্কেচ। আর সেটি সুন্দর করে বাঁধিয়ে তুলে দিন মায়ের হাতে। অথবা একটি সুন্দর ফ্রেমের মধ্যে করে দিতে পারেন মায়ের কোনো সুন্দর মুহূর্তের ছবি।ঢাকার আজিজ সুপার মার্কেটের আইডিয়াসের মালিক ও ডিজাইনার নিপা খালেদ মনে করেন, প্রত্যেকেরই মা দিবসে মাকে কিছু না কিছু উপহার দেওয়া উচিত। নিতে পারেন মায়ের জন্য তাঁর পছন্দের খাবারও। উপহার হিসেবে মাকে দিতে পারেন ‘মা’ লেখা সুন্দর মগ। কিছু মগের ওপরে আবার রয়েছে মাকে নিয়ে লেখা কবিতার লাইন। এ ধরনের মগ পাবেন ফ্যাশন হাউসগুলোয়। উপহার হিসেবে কিনতে পারেন ডায়েরি, ব্যাগ, পার্স, আয়না, কয়েন ব্যাংক, গয়না, গয়নার বাক্স, শোপিস, বেডশিট কিংবা মায়ের প্রয়োজনীয় যেকোনো জিনিস। মা দিবস উপলক্ষে অনেক ফ্যাশন হাউসেরই থাকে বিশেষ আয়োজন। নতুন ডিজাইনের শাড়ি, সালোয়ার-কামিজ, মগ, সিডি, বই ইত্যাদিতে থাকে নতুন আমেজ। সাদাকালোতে রয়েছে মগ, সিডি, ব্যাগ ইত্যাদি। আবার রঙে গেলে পাবেন ‘মা’ শীর্ষক গানের সিডি। আর কার্ডের জন্য হলমার্কস, আর্চিজ তো রয়েছেই।ফ্যাশন হাউসগুলোতে সাধারণত শাড়ি ৬৫০ টাকা, সালোয়ার-কামিজ ১০০০ টাকা, গয়নার দাম শুরু হয় ৫০ টাকা থেকে। কয়েন ব্যাংক ৬০-১৫০, মগ ৮০-৪০০, আয়না ২৫-৬০০০ টাকা আর ছোট পার্স পাবেন ১০০০ টাকার মধ্যে। এ ছাড়া শোপিসের দাম শুরু হয় ৫০ টাকা থেকে আর কার্ড পাবেন ২০-৬০০ টাকার মধ্যে। বিভিন্ন ধরনের গয়না আর শোপিসের জন্য যেতে পারেন আজিজ সুপার মার্কেটের আইডিয়াস, ভার্টিক্যাল কিংবা শেপ অ্যান্ড ফার্মের মতো দোকানগুলোয়। আর যদি ভালো দরদাম করতে পারেন, তাহলে চলে যান নিউমার্কেট, গাউসিয়া কিংবা হকার্স মার্কেটে। একটু ঘুরলেই পেয়ে যাবেন মনের মতো উপহার। এ ছাড়া দেশী দশ, আড়ং, যাত্রা—এসব ফ্যাশন হাউসেও পাবেন মায়ের জন্য সুন্দর উপহার।