>তারকারা সারা বছরই ব্যস্ত থাকেন। কী সিনেমা, সংগীত, খেলার দুনিয়া কিংবা অন্য কোনো ক্ষেত্র—ব্যস্ততা থেকে তাঁদের মুক্তি নেই। এরপরও মা দিবসে তারকারা সময় নিয়ে, সময় খুঁজে সঙ্গ দেন মাকে। মায়ের সঙ্গে রান্না, ঘোরাঘুরি কিংবা না জানিয়ে কোনো অনন্য উপহার দিয়ে মাকে চমকেও দেন। এমন কজন তারকার কথা জানা যাক

মাসহ সবাইকে নিয়ে ফেরদৌসের মা দিবস
প্রতিবার মা আসিয়া আশরাফ, নিজের সন্তানের মা তানিয়া রেজা ও শাশুড়িকে নিয়ে মা দিবস পালন করেন নায়ক ফেরদৌস। রাতে হয়তো কোথাও খেতে যান সবাই মিলে। তবে এবারের মা দিবস অন্যভাবে কাটাবেন ফেরদৌস। বললেন, ‘মাসহ পরিবারের সবাই যুক্তরাষ্ট্রে যাচ্ছি। সেখানে অন্য ভাইবোনদের সঙ্গে প্রথমবারের মতো বিদেশে মা দিবস পালন করব।’

মায়ের জন্য শুটিং বাদ
মা জিনাত হোসেনের জন্য ছেলে আমির খান মা দিবসে কোনো কাজ রাখেন না। গত বছর দঙ্গল সিনেমার টানা শুটিং চলছিল মা দিবসের সময়, তখন মায়ের জন্য শুটিং বাতিল করেন আমির। দুনিয়ার যত ব্যস্ততা থাকুক না কেন মা দিবসে মাকে সময় দেবেনই আমির খান। মাকেই নিজের জীবনে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ভাবেন এই তারকা।

মাকে ছাড়া কিছুই ভাবেন না রণবীর কাপুর
‘দিবস উদ্যাপনের মাধ্যমে মায়ের প্রতি ভালোবাসা প্রকাশে আমি বিশ্বাস করি না। সন্তানের প্রথম প্রেম তাঁর মা, শেষ প্রেমও তাঁর মা। মা-সন্তানের মধ্যকার সম্পর্ক সব সময় দারুণ ও রঙিন।’ মা ও মা দিবস নিয়ে এমনটাই ভাবেন বলিউড অভিনেত্রী নিতু কাপুরের ছেলে রণবীর কাপুর। ছোটবেলা থেকে বাবা শশী কাপুরের ব্যস্ততা মাকেই রণবীরের সবচেয়ে কাছের মানুষ হিসেবে তৈরি করেছে। যেকোনো সিনেমার মহরতের শুরু কিংবা প্রিমিয়ার শোতে মাকে কাছে চান এই তারকা। মা দিবসে মাকে নিয়ে বাড়িতে সময় কাটাতে দারুণ পছন্দ এই তারকার।

মাধুরীর মা-ই সব জানেন
মা দিবসে সন্তানদের কাছে নিজের মা আর কৈশোরের সব গল্প ভাগাভাগি করতে পছন্দ অভিনেত্রী মাধুরী দীক্ষিতের। যেকোনো কাজ করার আগে মায়ের পরামর্শ নিতে ভালোবাসেন মাধুরী। তাঁর ভাষ্যে, ‘আমার মা সব জানেন। তাঁর সব পরামর্শই আমি চোখ বন্ধ করে পালন করি।’ মা দিবসে মাকে শাড়ি উপহার দিতে পছন্দ করেন এই তারকা।

মাকে খিচুড়ি রান্না করতে বলেন সুমি
প্রতি ঈদের সকালে বিশেষ খিচুড়ি রান্না করেন চিরকুট ব্যান্ডের সুমির মা। তাই মা দিবসে সকালে মাকে সেই খিচুড়ি রান্না করতে বলেন তিনি। সুমি বললেন, ‘এমনিতে কাছাকাছি থাকলে প্রতিদিনই অফিসে যাওয়ার সময় মাকে বলে আসি। মা দিবসে একটু বেশি সময় নিয়ে বলি আর উপহার দিই।’ সুমি জানালেন এবারে চিরকুটের সব সদস্য তাঁদের মাকে নিয়ে ভিডিও বানানোর পরিকল্পনা করেছেন। যা মা দিবসে যাঁর যাঁর মাকে উপহার দেওয়া হবে।

মায়ের কাছে কৃতজ্ঞ মার্ক
মা দিবসে পরিবারের সঙ্গেই সময় কাটানোর চেষ্টা করেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। মা-বাবা আর ভাইবোনদের নিয়ে সব সময় গর্ব মার্কের। তাই তো সব সময়ই মা ও পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
নিজের কন্যা ম্যাক্সের জন্মের আগে মা ক্যারেন কেম্পনার ও বাবা এডওয়ার্ড জাকারবার্গের সঙ্গে মা দিবসে দেখা করতেন মার্ক। ম্যাক্স হওয়ার পরে গত বছর নিজের স্ত্রী প্রিসিলার সঙ্গে সময় কাটিয়েছেন মার্ক। ‘মা হওয়া আসলে এক রোমাঞ্চকর অভিযাত্রা’, লিখে গত বছর প্রিসিলাকে ফেসবুক পোস্টে শুভেচ্ছা জানিয়েছিলেন মার্ক।

মা-ই সব মেসির
খেলার মাঠ আর প্রশিক্ষণের ব্যস্ততা বাদে লিওনেল মেসির সময়টা কাটে মায়ের সঙ্গে। খেলা না থাকলে মা দিবসে মায়ের সঙ্গে সন্ধ্যার সময়টুকু কাটাতে পছন্দ করেন। নিজের মা, স্ত্রী আর সন্তানকে নিয়েই মা দিবসকে একাকী কাটাতে দারুণ ভালোবাসেন এই আর্জেন্টাইন তারকা ফুটবলার মেসি।

মায়ের জন্য লিওনার্দোর চা-পার্টি!
মা দিবসে মাকে নিয়ে পার্টি করতে দারুণ পছন্দ হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিওর। কোনো বছর সমুদ্রসৈকতে, কোনো বছর রেস্তোরাঁয় কিংবা ফ্রান্সে মা দিবস পালন করেন লিও। মায়ের পছন্দ নাকি চা, আর তাই চা-পার্টিই করতে ভীষণ পছন্দ লিওনার্দো ডিক্যাপ্রিওর।

মা ও সন্তানকে সময় দেন ক্রিস্টিয়ানো রোনালদো
মা মারিয়াকে মা দিবসে লুকিয়ে লুকিয়ে উপহার দিতে দারুণ পছন্দ ক্রিস্টিয়ানো রোনালদোর। কী উপহার দেন তা কাউকে না বললেও মা নাকি সেই উপহারে দারুণ খুশি হন। নিজের সন্তানকে নিয়ে এবং মাকে নিয়ে মা দিবসটা দারুণ কাটান এই তারকা ফুটবলার।
টাইমস অব ইন্ডিয়া, হাফিংটন পোস্ট, এস্কোয়ার অবলম্বনে জাহিদ হোসাইন খান