মায়ের জন্যই এই আমি
আজ থেকে ৪২ বছর আগে মাকে হারিয়েছি। মায়ের মুখখানি আজও চোখের সামনে ভেসে ওঠে। যখনই কোনো কাজে সফল হই, কোনো স্বীকৃতি পাই, মায়ের হাসিমুখটা যেন দেখতে পাই।যখন খুব কষ্ট পাই, তখন মায়ের কিছু কথা কানের কাছে উপদেশের মতো বাজতে থাকে। তখন নতুন করে চলার দিকনির্দেশনা খুঁজে পাই। মাঝেমধ্যেই মাকে বলতে ইচ্ছে করে, ‘মাগো, তোমার কথাগুলো আমরা সব ভাইবোন মনে রেখেছি।’ আমরা ছয় ভাইবোন একই গাছে ফোটা ফুল। আমার মায়ের নাম জাহানারা বেগম। যশোরের মেয়ে। সেখানেই লেখাপড়া করেছেন। এরপর কলকাতার লেডি ব্র্যাবোর্ন কলেজ থেকে গ্র্যাজুয়েশন নিয়ে কলকাতাতেই ১০০ টাকা মাইনের চাকরি করেছেন।বাবা এ এস এম নিজামউদ্দিন আতাইউব তখন কলকাতা ইসলামিয়া কলেজে পড়াশোনা করতেন। সেখানেই তাঁদের পরিচয়। দুই পরিবারের সম্মতিতে বিয়ের পিঁড়িতে বসেন তাঁরা।মা ছিলেন ভীষণ সংস্কৃতমনা। কবিতা পাঠ, গান করা, ছোটগল্প, কবিতা লেখা—সব কিছুতেই ছিল মায়ের পারদর্শিতা। অন্যদিকে বাবা ছিলেন বেশ রক্ষণশীল পরিবারের মানুষ। ‘রাবেয়া মঞ্জিল’ ছিল আমাদের বাড়ির নাম। মায়ের ইচ্ছেতেই আমরা পড়াশোনার পাশাপাশি গান শেখা, নাচ শেখা, কবিতা আবৃত্তি—এসবে আগ্রহী হয়ে উঠি। দাদা, চাচারা পছন্দ করতেন না। কিন্তু মা বাবাকে বলতেন, আমার মেয়েরা পড়াশোনার পাশাপাশি পর্দার মধ্যে থেকে যদি সংস্কৃতি চর্চা করে তাহলে সমস্যা কোথায়? শেষ পর্যন্ত মায়ের কথায় সম্মতি দিয়েছেন বাবা।মা আমাদের এমনভাবে মানুষ করেছেন যেন তাঁর ছেলেমেয়েরা অট্টালিকার পরিবেশের সঙ্গে সহজে মানিয়ে নিতে পারে, আবার মাটির ঘরেও বাস করতে পারে। একদিন দেখি, মা সুচন্দা আপাকে গোবর দিয়ে বাড়ির উঠোন লেপে দেওয়ার কায়দা শিখিয়ে দিচ্ছেন। আবার ছোটবেলা থেকেই আমাদের রান্না শেখানো শুরু করেন। একসময় ঢাকার গেন্ডারিয়াতে চলে এলাম। সংসারের কাজকর্ম শেষ করে হোমিওপ্যাথি ডাক্তারি শুরু করলেন মা। জেলি নামের এক বোনের জন্ম হওয়ার পর সঠিক সময়ে ডাক্তার না পাওয়ায় সেই বোনটির চিকিৎসা করাতে পারেননি মা। বোনটি মারা যায়। তার পরই মা হোমিওপ্যাথি চিকিৎসা বিষয়ে পড়াশোনা করেছেন। মায়ের এই গল্প শোনার পর আমি চিকিৎসক হওয়ার সিদ্ধান্ত নিলাম। মায়ের সঙ্গে সহকারীর মতো কাজ শুরু করে দিলাম। তখন সম্ভবত আমি সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। দেখতাম, রোগী এলে মা কোন রোগের কী চিকিৎসা দিতেন। পাড়ায় পাড়ায় ঘুরে গরিব রোগীদের বিনে পয়সায় চিকিৎসা দিতেন। সুচন্দা আপাকে কাগজের নৌকা ছবিতে অভিনয় করার প্রস্তাব নিয়ে সুভাষ দত্ত এলেন। বাবা তো মহা খাপ্পা। পারলে বাড়ি থেকে বের করে দেন। মায়ের সিদ্ধান্ত হচ্ছে, করুক না একটা। বাবাকে নানাভাবে বোঝালেন মা। দাদার বাড়ির লোকজন এ কথা শুনে একপর্যায়ে আমাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিলেন প্রায়। আপা কাজ শুরু করলেন। বাবা খুবই নাখোশ। কিন্তু মা সব সামলে নিলেন। আপার ছবি মুক্তি পেল এবং ছবি সুপারহিট। চারদিকে তাঁর নাম ছড়িয়ে পড়ল।পরে জহির রায়হান বিয়ে করলেন আপাকে। বাবা যে কী রেগে গেলেন! মা কিন্তু ঠিকই বাবাকে মানিয়ে নিলেন। সুচন্দা আপা সিনেমায় কাজ করছেন, আমি পড়াশোনা করছি। ফলাফল খুবই ভালো। হঠাৎ করেই জহির ভাই আর আপা বললেন সংসার নামের একটি ছবিতে রাজ্জাক-সুচন্দার মেয়ের চরিত্রে কাজ করতে। বাবা বললেন, ‘আমার এক মেয়েকে তোমরা নিয়ে গেছ। আমি পপিকে (আমার ডাকনাম) দেব না।’ আমিও দেখলাম যে শুটিংটা খুবই বিরক্তিকর কাজ, তাই করব না। শেষ পর্যন্ত মা বললেন, ‘একটা মাত্র ছবিতে, ও তো বাচ্চা মেয়ের চরিত্রে কাজ করবে। করুক না।’ মায়ের কথাতেই কাজটা করলাম। এখানে আমার নাম দেওয়া হলো সুবর্ণা। ছবিটি মুক্তি পেল, কিন্তু দর্শকপ্রিয়তা পেল না। মা বললেন, হতাশ হয়ো না। এর দুই বছর পর জহির ভাই জ্বলতে সুরুজ কে নিচে ছবির জন্য শবনম আপার শিডিউল পাচ্ছেন না। চিত্রগ্রাহক ও প্রযোজক আফজাল চৌধুরী জহির ভাইকে বললেন, নায়িকা তো ঘরের মধ্যেই আছে। পপিকে নিয়ে নিলেই হয়। আবার একই সমস্যা। বাবা রাজি নন। আমিও রাজি না। সুচন্দা আপা আবারও মায়ের শরণাপন্ন হলেন। মা যথারীতি বড় মেয়ের মুখ রাখার জন্যই বাবার মুখোমুখি হলেন। বাবাকে ঠিকই রাজি করালেন। আর মা বললেন, ‘পপি, তোর আপা-দুলাভাই যখন বলছে, তুই আর না করিস না।’ আমি কাজটা শুরু করলাম। আমার নাম দেওয়া হলো ববিতা।এই ছবিও আর মুক্তি পেল না। জহির ভাই বললেন, ‘তোমাকে নিয়ে যখন কাজ শুরু করেছি, তখন একটি ছবি বানাবই।’ এরপর আমাকে নিয়ে শেষ পর্যন্ত নামের একটি ছবি বানালেন। ছবিটায় কাজ করার জন্য আমাকে ১২ হাজার টাকা দেওয়া হলো। সেই টাকা দিয়ে ১৯৬৯ সালের ১৪ আগস্ট একটি গাড়ি কিনলাম। সেদিন ছিল পাকিস্তানের স্বাধীনতা দিবস। আমার প্রথম ছবি মুক্তি পাচ্ছে। মা আগের দিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গাড়িটা নিয়ে মাকে দেখাব বলে ঠিক করলাম। মা যদি নিচে নামতে নাও পারেন, তাহলে অন্তত যেন হাসপাতালের দোতলার জানালা দিয়ে দেখাতে পারি, এ জন্য গাড়িটা নিয়ে হাসপাতালের উদ্দেশে রওনা হলাম। সেখানেই আসার কথা জহির ভাই, সুচন্দা আপা, রাজ্জাক ভাইয়ের। মাকে গাড়ি দেখিয়ে আমরা স্বাধীনতা দিবস উপলক্ষে সুন্দর করে সাজানো ঢাকা শহর দেখব, তারপর যে সিনেমা হলে আমার ছবি মুক্তি পেয়েছে, সেখানে যাব। এই পরিকল্পনা নিয়েই হাসপাতালের সামনে এলাম। গাড়ির দরজা খুলে শুধু একটা পা মাটিতে রেখেছি, অমনি একজন ওয়ার্ড-বয় দৌড়ে এসে বললেন, ‘আপা, তাড়াতাড়ি ওপরে যান। আপনার মার অবস্থা ভালো না।’ আমার পা যেন আর চলছে না। কোনো রকমে দোতলার সিঁড়ি ভেঙে গিয়ে দেখি মায়ের মুখ সাদা কাপড়ে ঢাকা। মা নেই। আমি মায়ের সঙ্গে শেষ কথাটা বলতে পারলাম না। আমি কী দুর্ভাগা! রাতের বেলা খবর আসতে লাগল, ছবি মুক্তি পেয়েছে এবং দারুণভাবে ব্যবসায়িক সাফল্য পেয়েছে। আমার এমন সুখের খবরটি সেদিন মাকে জানাতে পারিনি। যে মায়ের জন্য আমি অভিনয়ে জড়ালাম, সেই মাকে এইটুকু শুভ সংবাদ দিতে পারিনি। অঝোরে কাঁদছিলাম। অনুলিখন: কামরুজ্জামান