
আমার বাড়ি ফেরা শবে বরাতের দিন। মনটা খুব বাড়ি যেতে চাইছে। পড়ালেখার তাগিদে নোয়াখালী জেলা শহর মাইজদীতে থাকা। আমাদের রাওয়ালদিয়া গ্রামটা বেশি দূরে নয়। শহর থেকে ১৫ কিলোমিটার পশ্চিমে। ৫০ টাকা সিএনজিচালিত অটোরিকশার ভাড়া। মাসের শেষ দিক বলে হাতে টাকাপয়সা নেই বললেই চলে। পড়ার টেবিলের ড্রয়ার ঘেঁটে দুই টাকার পাঁচটা নোট পেলাম। তাই দিয়ে সিএনজি স্ট্যান্ড পর্যন্ত যাওয়া যাবে। বন্ধুদের কাছে হাত পাততে খারাপ লাগে। বাড়ি যাওয়া হবে না মনে হয়। বাড়িতে ফোন করলাম। মায়ের কণ্ঠটা ভেসে এল। ‘কিরে বাবা, ভালো আছিস?’ ‘তোমার মতো মায়ের দোয়া থাকলে কি খারাপ থাকতে পারি?’ মা একটা মৃদু হাসি দিল। আর বলল, ‘আজ রাতে তো শবে বরাত। বাড়ি আসবি না?’ কোনোদিন টাকা না থাকলে মাকে বলি না যে মা, টাকা নেই, টাকা দাও। কিন্তু আজ কেন জানি আর থাকতে পারলাম না। বললাম, ভাড়ার টাকা নেই। আসব না। মা বলল, ‘আমার কাছেও টাকা নাইরে বাবা।’ মায়ের ওপর একটু অভিমান হলো | পরে চিন্তা করলাম, মা তো চোখের সমস্যার কারণে আগের মতো সেলাইয়ের কাজ করতে পারে না| মা কোত্থেকে দেবে? কিছুক্ষণ পর আমার বিকাশ অ্যাকাউন্টে ২০০ টাকার একটা মেসেজ এল। মা ফোন করল এবং বলল, ‘বাবা, তোর জন্য ২০০ টাকা বিকাশে দিছি। বাড়ি চলে আয়।’ আনন্দে আমার চোখে পানি এসে গেল। নিশ্চয়ই কারও থেকে ধার নিয়েছে। বাড়ি চলে গেলাম। মা জড়িয়ে ধরল।
মামুন হোসেন
হিসাববিজ্ঞান বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ।