মায়ের ডায়েরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রাংকটা যখন খুলি ন্যাপথলিনের কড়া গন্ধ পাই। কত বছর ধরে এই ছোট্ট ট্রাংকটার মধ্যে জমা হয়ে আছে কত না স্মৃতি, কাপড়ের প্রতিটা ভাঁজে ভাঁজে, ছেঁড়া ডায়েরির পাতাগুলোতে, যাতে নীল কালিতে গোটা গোটা লেখাগুলো অস্পষ্ট হয়ে আসে এখন। ডায়েরিটা আমার মায়ের। সেই ১০ বছর বয়সে নানু এই ডায়েরিটা মাকে দিয়েছিলেন। তারপর মৃত্যুর আগের দিন পর্যন্ত এই ডায়েরিতে লিখে গেছেন সব কথা। তাঁর জীবনে এখন একদম বার্ধক্য এসে গেছে। বিছানায় শুয়ে থাকেন সারাক্ষণ। মাঝেমধ্যে ন্যাপথলিনের গন্ধ পাওয়ার জন্য ট্রাংকটা খুলতে বলেন। যখনই খুলি, ট্রাংকটার পুরোনো একটা গন্ধে মাতোয়ারা হয়ে যাই। সাবধানে খুলি ডায়েরিটা। যেন মনে হয়, এটা ছিঁড়ে ফেললে মায়ের স্মৃতির সঙ্গে বেইমানি হয়ে যাবে। কতবার যে এই ডায়েরিটা পড়েছি। পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে। তবুও পড়ি মনোযোগী পাঠকের মতো। সেখান থেকে কোনো ঘটনা শোনাই নানুকে। নানু হাসেন। এই ঘটনাগুলো বহুবার বলা। তবুও যেন পুরোনো হয় না। এভাবেই আমাদের সময় কাটে একলা দুটি প্রাণীর। জীবনের বসন্তগুলো চলে যায়। মায়ের ডায়েরিতে মা নিজের জীবনের কথা লিখে গেছেন। ম্যাট্রিক পরীক্ষার পর জোরজবরদস্তি করে নানুভাই মায়ের বিয়ে দেন, নানুর শত অনিচ্ছা সত্ত্বেও। ওই সময় ছেলেমেয়েদের বিয়ের ব্যাপারে এ পরিবারে মায়েদের কোনো মতামত নেওয়া হতো না। তবুও নানু বাঁচাতে চেয়েছিলেন মেয়েটাকে। পারেননি। বরং অনেক গঞ্জনা সয়েছেন। আদরের মেয়েটা বুক খালি করে দিয়ে শ্বশুরবাড়িতে গেলেন বুক ভরা কষ্ট নিয়ে। সে কষ্ট আজীবন বইয়ে বেড়িয়েছেন। বিয়ের পর শ্বশুরবাড়ির শিক্ষিত বউয়ের প্রতি প্রথম অবিচার পড়ালেখা বন্ধ করে দেওয়া। তারপর এই ঘর-সংসার করতে করতে নিজের জীবনকে ভুলে যেতে হলো। একসময় বুবুর জন্ম। প্রথম সন্তানই মেয়ে। তারপর এলাম আমি। আবার মেয়ে। বংশ ধ্বংস হলো। বাবা চুপচাপ থাকতেন। মায়ের স্বামী নামক মানুষটা আপাতদৃষ্টিতে নিরীহ থাকলেও মায়ের কাছে তিনি ছিলেন ‘অতি পিশাচ’। দেহের ওপরও মন বলে কথা আছে। তার লেনদেন আমাদের বোধগম্য নয়। সামাজিক স্বীকৃতি, এক ছাদের নিচে থাকা, তবুও বন্ধন হয় না কোনো দিনও। সম্পর্কের মধুরতা ছাড়া বন্ধন কী যে? বাবা হঠাৎ বিদেশে চলে গেলেন। তারপর বহু বছর যোগাযোগ বন্ধ। বহু দিন পর জানা গেল, তিনি নতুন করে সংসার পেতেছেন বিদেশে। মা আমাদের নিয়ে নানাবাড়িতে চলে এলেন। নানুও একলা তত দিনে। তারপর চার নারীর সংগ্রাম, বুবুকে ডাক্তারি পড়ান, বিয়ে দেওয়া, আমাকে মানুষ করতে করতে মা যে কবে জীবন থেকে হারিয়ে গেলেন টের পেলাম না। বেছে নিলেন আমার জন্মদিনটাকে। সেদিনই মারা গেলেন মা। সেই শেষ ডায়েরি লেখা। তারপর ট্রাংকের অবস্থান। এই ডায়েরির কথা বাবা কি জানতেন? জানি না। তাঁর সঙ্গেও আর কোনো দিন যোগাযোগ হয়নি। এখন নানু আর আমার ক্ষুদ্র সংসার, ছোট্ট ছোট্ট স্মৃতি নিয়ে বেঁচে থাকা। এই মানুষটার মধ্য দিয়ে জন্ম নিয়েছে আমার মা, আমার জন্মদাত্রী, তাঁর মাঝেই খুঁজে বেড়াই মাকে, ডায়েরির মাকে। মাঝে মাঝে ডায়েরিটা পড়ে খুব কান্না পায়, কাঁদি তখন খুব। নানু খুব কষ্ট পান জানি। তবুও আমি কান্না থামাতে পারি না। মারজিয়া হাসান হলিক্রস কলেজ