মায়ের দেওয়া মোটা কাপড়...
‘মায়ের দেওয়া মোটা কাপড়’ খাদি সঙ্গী করা হয়েছিল স্বদেশি আন্দোলনে। সেই খাদিই এখন অর্ধশতাব্দীর বেশি সময় পেরিয়ে হয়ে উঠেছে বাঙালির অন্যতম ফ্যাশন-প্রতীক। কার্পাস তুলা থেকে হাতে কাটা সুতা—তারপর সেই সুতা থেকে হাতে চালানো তাঁতে বোনা হয় কাপড়। এই কাপড়ই হলো খাদি বা খদ্দর। স্বদেশিয়ানা এবং আমাদের ঐতিহ্য—এ দুটি বিষয় একই সঙ্গে বহন করে চলেছে আমাদের খাদি। আর হাল আমলের ফ্যাশনেও আছে এর কদর। খাদি বা খদ্দর একসময় কেবল একহারা পাঞ্জাবির ফ্যাশনেই সীমাবদ্ধ ছিল। এখন খাদির ব্যবহারে বৈচিত্র্য বেড়েছে অনেক। হাতে কাটা সুতা সহজলভ্য না হওয়ায় অনেক ক্ষেত্রে কাপড়ের একপাশে হাতে কাটা সুতা ও অন্য পাশে যন্ত্রে বোনা সুতা দিয়েও তৈরি হচ্ছে খাদি কাপড়। তরুণ-তরুণীদের ফ্যাশনে পছন্দের উপাদান হয়ে উঠেছে খাদি। শীতের সময় সবারই খাদি কাপড়ের প্রতি একটু বেশি আগ্রহ দেখা যায়। কাপড়টি এই আবহাওয়ায় পরতে যেমন আরাম, তেমনি খাদিতে রয়েছে স্বদেশিয়ানার ষোলআনা। সালোয়ার-কামিজে খাদি কাপড় একটু ভারী গড়নে চললেও এগুলোর সঙ্গে মিলিয়ে ওড়নাগুলো খাদি সুতোতেই—তবে একটু অন্য ধরনের বুননে—পাওয়া যাচ্ছে। খাদি পোশাকে টাইডাই এবং স্ক্রিনপ্রিন্টের ব্যবহারও লক্ষণীয়। অনেকে আবার একটু এমব্রয়ডারি করা খাদির কামিজ পছন্দ করেন। দেশি ফ্যাশন হাউসগুলোর মধ্যে আড়ং, অরণ্য ক্রাফটস, নিপুণ, কে ক্র্যাফট, প্রবর্তনা, রঙ, দেশাল, বাংলার মেলা, বিবিয়ানা, যাত্রা, অন্যমেলার মতো আরও বেশ কিছু প্রতিষ্ঠান বিভিন্ন নকশায় খাদি কাপড় ক্রেতাদের কাছে পৌঁছে দিচ্ছে। সরাসরি খাদির শাড়িও হচ্ছে এখন। আবার খাদি ও এন্ডির (সিল্ক খাদি) মিশেলে শাড়ি পাওয়া যাচ্ছে ফ্যাশন হাউসগুলোতে। এ ক্ষেত্রে ডিজাইনার চন্দশেখর সাহার সহযোগিতায় বেশ কিছু কাজ করেছে কে ক্র্যাফট। খাদির প্রসারে এই ডিজাইনার কাজ করছেন আজ প্রায় ২০ বছর। গজ কাপড় কিনে খাদি কুর্তা বা কামিজ বানাতে চাইলে যেতে পারেন আড়ং, প্রবর্তনা, কে ক্র্যাফটে। এখন হালকা কাজ করা খাদি কুর্তার বেশ চাহিদা। জিনসের সঙ্গে ব্যবহারে এই কুর্তা এখন খুবই জনপ্রিয়। মিলের সুতা ও খাদি সুতার মিশেলে তৈরি খাদির গজ কাপড় চাঁদনী চকেও কিনতে পাওয়া যায়। তবে কাপড় কেনার সময় ভালো করে যাচাই করে নিতে হবে। নয়তো পোশাক তৈরির পর খুব তাড়াতাড়ি ঝুল বের হয়ে যায় এবং রোয়া ওঠে। শীতের সময় খাদি কাপড়ের শাল ওঠে কমবেশি সব ফ্যাশন হাউসেই। নিত্য উপহারের খদ্দরের শাল ২০০৫ সালে থেকেই জনপ্রিয়। ব্লক, স্ক্রিনপ্রিন্ট, টাইডাই করা শাল যেমন দেখতে ভালো লাগবে তেমনি একরঙা শালও মিলিয়ে পরতে পারেন যেকোনো পোশাকের সঙ্গে।গত এক দশকে খাদি বা খদ্দরের নববিকাশ বেশ লক্ষণীয়। এ ব্যাপারে কে ক্র্যাফটের ব্যবস্থাপনা পরিচালক খালিদ মাহমুদ খান বলেন, ‘১৯৯৬-৯৭ সাল থেকে শীত ও ঈদ একেবারেই কাছাকাছি সময়ে অনুষ্ঠিত হচ্ছে। আর ঈদ যেহেতু আমাদের দেশের প্রধান উৎসব, তাই সবাই ঈদ সামনে রেখে পোশাকের নকশা, উপাদান, ফ্যাশন নির্ধারণ করে থাকে। ঈদের সময় শীত থাকার কারণে তাই সে সময় থেকে খাদি কাপড় ফ্যাশনে ধীরে ধীরে তার জায়গা করে নিতে থাকে। তাই বলা যায়, তখন থেকেই খাদি সময়-উপযোগিতার কারণে ফ্যাশন উপাদানের একটা মূল বিষয় হয়ে উঠতে শুরু করল।’ চন্দশেখর সাহা বলেন, ‘খাদি বা খদ্দরে রয়েছে একধরনের অমসৃণতা। মসৃণ কাপড়ে খাদির সুতা ব্যবহার করে অমসৃণ টেক্সচার এনে বুননে বৈচিত্র্য এনেছিল কে ক্র্যাফট।’খাদি সুতা এবং খাদি কাপড়—এই দুই নিয়েই কে ক্র্যাফট চন্দশেখর সাহার সহযোগিতায় নানা গবেষণা করেছে। তারই ফলস্বরূপ ২০০৪ সালে খাদি উৎসব। আবার ফ্যাশন হাউস আড়ং সব সময়ই করে এসেছে খাদির পৃষ্ঠপোষকতা। বিবি রাসেল ও রুবী গজনভী তাঁদের নিজস্ব উদ্যোগে রপ্তানি করেছেন প্রাকৃতিক রঙে রাঙানো খাদি কাপড়। খাদির প্রাণপুরুষ শৈলেন্দ্রনাথ গুহ ইচ্ছা প্রকাশ করেছিলেন তাঁর নিজ উদ্যোগে একটি খদ্দরের মেলা আয়োজনের। এই ইচ্ছা তিনি বিবি রাসেল এবং প্রবর্তনার শহীদ হোসেন শামীমের কাছে ব্যক্ত করেছিলন। তাঁরা শৈলেন গুহকে সহযোগিতা করেছিলেন। সেই সময়ে শৈলেন গুহ একটি খাদি শাড়ি তৈরি করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রীর জন্য। খাদি কাপড়ে তৈরি করেছিলেন বাংলাদেশের পতাকা। এই দুটি জিনিস তৈরি করার পেছনে তাঁর একটি উদ্দেশ্য ছিল। উদ্দেশ্যটি হলো, অন্তত সাংসদেরা খাদি পোশাক পরে সংসদে যাবেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, প্রদর্শনীটির আগেই ১৯৯৭ সালে তিনি পরলোকগমন করেন।ঢাকার আজিজ সুপার মার্কেট এই সময়ে খাদি ফ্যাশনের অন্যতম পীঠস্থান। এখানে গত কয়েক বছরে যেমন অনেক ফ্যাশন হাউসের সমাগম ঘটেছে, তেমনি তাদের পোশাক সম্ভারের একটি বড় অংশজুড়ে রয়েছে খাদি পোশাক। নিত্য উপহারের স্বত্বাধিকারী বাহার রহমান জানান, তাঁরা ২০০৫ সালের ডিসেম্বরে খাদির শালের বিক্রি শুরু করেছিলেন। তবে এখন সব দোকানেই খাদির পোশাক পাওয়া যায়। খাদি কাপড় মানেই যে হালকা কোড়া রং, সেদিন কিন্তু দূর হয়ে গেছে। এখন পাওয়া যায় ঝকঝকে উজ্জ্বল লাল, কমলা, নীল, ম্যাজেন্টা রঙেরও খাদি পোশাক। আর রং-বেরঙের চাদর ও স্কার্ফ। ছেলেদের খাদি পোশাক মানেও কিন্তু রঙিন ফতুয়া আর পাঞ্জাবি। মূলত, খাদি এখন হয়ে উঠেছে রঙিন দেশীয় পোশাক। বাজার ঘুরে এবং উদ্যোক্তাদের কাছ থেকে জানা গেল, বাজারে চাহিদা থাকা সত্ত্বেও বিশুদ্ধ খাদির অভাব রয়েছে। এর সবচেয়ে বড় প্রতিবন্ধকতা সুতার ক্ষেত্রে। কিছুদিন আগেও ভালো সুতার অভাবে টানায় মিলের সুতা আর ভরনায় খাদি সুতা দিয়ে কাপড় তৈরি করা হতো। কিন্তু এখন এ রকম কাপড়ের হারও অনেক কমে গেছে। বরং খাদি কাপড়ে মিলের সুতার পরিমাণই বেড়ে চলেছে। চন্দশেখর সাহা বলেন, ‘আমাদের একান্ত নিজস্ব এই খাদি কাপড় বাঁচিয়ে রাখতে সুতা-কাটুনিদের সংঘবদ্ধ করে প্রচুর পরিমাণে খাদি সুতা সরবরাহ করা অতি জরুরি। ঐতিহ্য বাঁচিয়ে রাখতে নকশাবিদ, তাঁতি, উদ্যোক্তা, ক্রেতার সমন্বয় বেশি প্রয়োজন।’