মায়ের দোয়ায় আজকের অবস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিনয়শিল্পী ইরফান সাজ্জাদ
অভিনয়শিল্পী ইরফান সাজ্জাদ

আমার মায়ের পৃথিবী তাঁর সংসার। সবকিছুতে আমাদের আগলে রাখেন। ছোটবেলা থেকে যা করতে চেয়েছি, তাতেই সায় দিয়েছেন। কখনো বাধা দেননি। শুধু এইটুকু বলতেন, পড়ালেখার যেন কোনো ক্ষতি না হয়।
পাঁচ বছর ধরে তাঁর কাছ থেকে দূরে। চোখের আড়াল হলেও মা দিনে বেশ কয়েকবার ফোন করেন। সম্প্রতি আমার অভিনীত প্রথম সিনেমা ভালোবাসা এমনই হয় যেদিন মুক্তি পেল, সেদিন মা ছিলেন বেশ উচ্ছ্বসিত। নানা কাজের ফাঁকে সারা দিন কথা হয়নি। সন্ধ্যায় ফোন করে বললেন, ‘তোর জন্য অনেক অনেক দোয়া। তুই এভাবে এগিয়ে যা।’ মায়ের ফোনটা পেয়ে খুবই ভালো লেগেছে। মায়ের দোয়ায় আমার আজকের অবস্থান।
আমার বেড়ে ওঠা চট্টগ্রাম নগরের মোহরায়। আমাদের এলাকাটি ছিল সাংস্কৃতিকভাবে বেশ সমৃদ্ধ। লোহিত্ব নামের একটি নাটকের দল ছিল। সেই দলে শিশুশিল্পী হিসেবে অভিনয়ের হাতেখড়ি। স্কুলে সব সময় একক অভিনয়ে আমি প্রথম হতাম। তখন থেকে অভিনয়ের প্রতি ঝোঁক আমার। মা বরাবরের মতো আমার কাজে উৎসাহ দিতেন। এখনো নাটকে আমার অভিনয় দেখে মা নানা বিষয় ধরিয়ে দেন। ভালো হলে বেশ উচ্ছ্বসিত থাকেন। আবার পছন্দ না হলে সেটাও বলেন। মায়ের এমন আগ্রহই আমার এগিয়ে যাওয়ার শক্তি।
উল্লেখ্য, ইরফান সাজ্জাদের মা জয়নাব হাশেম গৃহিণী। তাঁরা পাঁচ ভাইবোন।