
আমি বাবা-মায়ের ভালোবাসার প্রথম পুষ্প। মাকে দেখেছি নানার বাড়িতে নাইওর যেতে। দেখেছি এ জন্য বললাম, মায়ের নাইওরে সঙ্গী থাকতাম আমি। মা যেদিন নাইওর যাবেন, সেদিন দেখতাম তিনি অন্য এক মানুষ। মায়ের মধ্যে থাকত একধরনের চঞ্চলতা। কথায় কথায় হাসতেন, চলত দ্রুত ব্যাগ গোছানোর পালা। রিকশা কখন আসবে সেই নিয়ে বাবাকে জিজ্ঞেস করতে বারবার আমাকে পাঠাতেন। দুই-তিনটা শাড়ি বের করে বাবাকে জিজ্ঞেস করতেন, ‘কোনটা পরে যাব বলো?’ বাবা মুখ ভার করে বলতেন, ‘তোমার যা ইচ্ছে পরো।’ মা-ও মুখ ভার করে অন্য রুমে চলে আসতেন। বাবার সামনে থেকে মুখ ভার করে এলেও আমাকে আস্তে আস্তে বলতেন, ‘তুর বাপ একটা শয়তান, বুঝলি? আমি কোথাও যেতে চাইলেই মুখটারে প্যাঁচার মতো করে রাখে। এমনে তার সবই ভালো, শুধু রাগ বেশি, এই যা।’ এই বলে মুচকি হাসতেন, আমি কিছুই বুঝতাম না, হাসির মানে তো আরও না।
মা সাজুগুজু করে অপেক্ষা করতেন আর বারবার দেওরিমুখে গিয়ে উঁকি দিতেন মাদ্রাসার মাঠে কোনো রিকশা দেখা যায় কি না। যে-ই রিকশাটা দেখতেন, আনন্দে মায়ের চোখ ছলছল করে উঠত। সাদা রঙের বোরকা পরে, মায়ের বিয়ের চামড়ার স্যুটকেসটা হারেছের (গৃহকর্মীর নাম) মাথায় তুলে দিয়ে ঘরে তালা দিয়ে তাকে বোঝাতে বোঝাতে যেতেন, যেন সংসারের কোনো অযত্ন না হয়। চাবি বাবার হাতে তুলে দিয়ে বলেন, ‘ঠিকমতো খেয়ো, আমাদের আনতে যাইয়ো, বুঝছ?’
বাবা মায়ের সঙ্গে কোনো কথা বলতেন না। আমাকে বলতেন, ‘তাড়াতাড়ি আইস, আমি নাইলে কাঁদব কিন্তু।’ রিকশায় উঠে বসলে বাবা খুব যত্ন করে রিকশাটাকে পর্দা দিয়ে ঢেকে দিতেন। আমি এখন ভাবি, বাবা মঞ্চনাটক করতেন, কিন্তু মায়ের রিকশায় পর্দা দিতেন!
আচ্ছা, যা হোক, আমি আর মা পর্দাঘেরা রিকশায় করে যাচ্ছি। পর্দার মধ্যে মায়ের কেমন লাগত, আমি জানি না। আমার ভীষণ ভালো লাগত। আমি সবাইকে দেখছি, কেউ আমাকে দেখছে না। মা রাস্তায় এটা-ওটা দেখাতেন—তাঁর খেলার মাঠ, স্কুল কত কী। মেলায় যাওয়ার গল্প শোনাতেন। ফাঁকে আবার বাবার কথাও বলতেন, ‘তুর বাবা তো কাঁদবে তুর জন্য। আসলে কেন তবে থাকতি।’ মাকে তখন আমার খুব নিষ্ঠুর মনে হতো, আমি বলতাম, বা রে মা, তোমাকে ছেড়ে বুঝি আমি কাঁদব না? মা-মেয়ের কথা শেষ হওয়ার আগেই পৌঁছে যাই নানার বাড়ি। নানু এসে একটানে পর্দা সরিয়ে দেয়। মামা-খালারা আমাকে নিয়ে করে টানাটানি, কে আগে কোলে নেবে!
এই শুরু হয় তর্ক। দেখতে দেখতে দিন পেরিয়ে যায়। ফিরে আসার দৃশ্য থাকে বিপরীেত। রাস্তায় মা কোনো কথা বলতেন না। আমিও পর্দা থেকে বেরিয়ে যেতাম, প্রকৃতি দেখতাম, সেই ভালো। মায়ের বাড়ির স্মৃতি মনে করে চোখ মুছে মুছে ফিরে আসে আমাদের বাড়ি।
আফিফি ঈশিতা
শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭