ব্যান্ড সংগীতদল চিরকুটের ড্রামার পাভেল আরীন। অনেক বিজ্ঞাপনের জিঙ্গেলও তৈরি করেছেন তিনি। তাঁর মা সেনোয়ারা আলী গৃহিণী। আজ দুই প্রজন্মে থাকছে এই মা-ছেলের পছন্দ-অপছন্দের কথা।
১. পছন্দের সংগীতশিল্পী?

পাভেল আরীন: কমবেশি বাংলাদেশের সবার গানই শোনা হয়। তবে আমার সবচেয়ে পছন্দের শিল্পী জেমস। এরপর হাবিব ওয়াহিদের গানও ভালো লাগে। আইয়ুব বাচ্চু আর কুমার বিশ্বজিৎও আমার পছন্দের শিল্পী। ব্যান্ডের মধ্যে মাইলস, আর্টসেল ও নেমেসিস।
মা: কুমার বিশ্বজিতের গান বেশি শোনা হয়। কয়েক বছর ধরে নতুনদের মধ্যে সুমি ও পিন্টুর গায়কি খুবই পছন্দ।
২. কোন ধরনের পোশাক বেশি পছন্দ?
পাভেল আরীন: পোশাকের ব্যাপারে আমার কোনো বাছবিচার নেই। আমি সব সময় সাদামাটা থাকতে পছন্দ করি। পোশাকের ক্ষেত্রেও যেকোনো সাদামাটা পোশাক সবচেয়ে বেশি পছন্দ।
মা: হালকা রঙের যেকোনো শাড়ি পরতে বেশি ভালো লাগে।
৩. কোথায় বেড়াতে ভালো লাগে?
পাভেল আরীন: ভ্রমণের জন্য ভারত আমার প্রিয়। আর দেশে কক্সবাজার।
মা: ভারত আমারও পছন্দ। দেশে কক্সবাজার ও সিলেট।
৪. টেলিভিশনে কোন ধরনের অনুষ্ঠান পছন্দ?
পাভেল আরীন: গানের অনুষ্ঠান দেখা হয়। এরপর ডিসকভারি চ্যানেল দেখি। ট্রাভেল-বিষয়ক কোনো অনুষ্ঠান হলেও দেখতে ভালো লাগে।
মা: টেলিভিশনে খবরটাই বেশি দেখি। চ্যানেল ঘোরাতে ঘোরাতে রান্নার অনুষ্ঠান পড়ে গেলেও দেখি। তবে রান্নার অনুষ্ঠান দেখার চেয়ে আমার রান্না করে খাওয়াতে বেশি ভালো লাগে।
৫. সংবাদপত্রে যা পড়ি...
পাভেল আরীন: আমাদের বাসায় সব সময় প্রথম আলো রাখা হয়। প্রথম পৃষ্ঠা আর বিনোদন মন দিয়ে পড়ি। বাংলাদেশের খেলা থাকলে খেলার পাতায়ও ঢুঁ মারি।
মা: প্রধান প্রধান খবর পড়ে আমি বিনোদন পাতায় চলে যাই। এই পাতার খুঁটিনাটি পড়ি।
৬. প্রিয় লেখক?
পাভেল আরীন: আমি আসলে শব্দ প্রকৌশলবিষয়ক যেসব বই হাতের কাছে পাই, তা-ই পড়ি। মিউজিক যখন থেকে আমার মাথায় ঢুকেছে, তখন থেকে এই অবস্থা। বিখ্যাত সব সাউন্ড ইঞ্জিনিয়ারদের আত্মজীবনীমূলক বই পড়তে বেশি ভালো লাগে।
মা: হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখক।
৭. অবসরে কী পছন্দ?
পাভেল আরীন: অবসর পেলেই ঘুমিয়ে পড়ি।
মা: নামাজ পড়ি।
সাক্ষাৎকার: মনজুর কাদের