মায়ের পছন্দ মাশরাফি, ছেলের পছন্দ মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>রবীন্দ্রসংগীতশিল্পী লিলি ইসলাম। শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির সহযোগী অধ্যাপক। তাঁর ছেলে ঋষভ ইসলাম দিল্লির পাবলিক স্কুলের ‘ও’ লেভেলের ছাত্র। এবারের দুই প্রজন্মে জানা যাক এই মা ও ছেলের পছন্দ-অপছন্দের কথা।
ছেলের স​ঙ্গে লিলি ইসলাম। ছবি: অধুনা
ছেলের স​ঙ্গে লিলি ইসলাম। ছবি: অধুনা

১. পছন্দের শিল্পী

লিলি ইসলাম: সব ধরনের গানই আমার পছন্দ। রবীন্দ্রসংগীতের প্রতি আলাদা ভালো লাগা রয়েছে। পছন্দের শিল্পীর মধ্যে আছেন কণিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেন, সুচিত্রা মিত্র, সুবিণয় রায়। এর বাইরে আশা ভোসলে ও হৈমন্তী শুক্লার গানও শুনতে ভালো লাগে।
ছেলে: মায়ের গান তো অবশ্যই ভালো লাগে। বাংলাদেশের মধ্যে নেমেসিস, শূন্য আর বাইরের মধ্যে লিংকিন পার্ক ও এমিনেমের গান খুব পছন্দ।

২. আমার পছন্দের গান...
লিলি ইসলাম: অনেক গানই গুন গুন করি। তবে কয়েক দিন ধরে যে গানটি গাইছি তা হলো, ‘আমার ঢালা গানের ধারা সেই তো তুমি পিয়েছিলে, আমার গাঁথা স্বপন-মালা কখন চেয়ে নিয়েছিলে’।
ছেলে: এমিনেমের ‘ইন দ্য এন্ড’।

৩. অবসরে কী করেন?
লিলি ইসলাম: গান ও শিক্ষকতার ফাঁকে যে সময় পাই তখন গাছপালা ও পশুপাখি নিয়ে থাকতে ভালো লাগে। আমার বাড়িতে বিভিন্ন ধরনের গাছ আছে।
ছেলে: অবসরে ঘরের মধ্যে ফুটবল খেলি।

৪. যে সিনেমা বারবার দেখতে ইচ্ছা করে
লিলি ইসলাম: সিনেমা দেখতে খুব ভালোবাসি। সবচেয়ে বেশি যে দুটি সিনেমা দেখেছি তা হচ্ছে পথের পাঁচালি ও হীরক রাজার দেশে।
ছেলে: অ্যাভেঞ্জার্স, সুইসাইড স্কোয়াড। বলিউডের সিনেমা এমএস ধোনি ছবিটি দেখেও ভালো লেগেছে। বাংলাদেশের সিনেমার মধ্যে আয়নাবাজি দেখে ভালো লেগেছে।

৫. প্রিয় পোশাক...
লিলি ইসলাম: সুতি শাড়ি বরাবরই পছন্দ। তবে দিনের অন্যান্য সময় বা ভ্রমণে আরামদায়ক অন্য যেকোনো পোশাকই পরা হয়।
ছেলে: অনুষ্ঠান হলে ফরমাল পোশাক আর না হলে জিনস ও টি-শার্ট পরা হয় বেশি।

৬. চা-কফি কোনটা পছন্দ?
লিলি ইসলাম: চা বেশি পছন্দ।
ছেলে: কফি খেতে পছন্দ করি।

৭. ভ্রমণে আনন্দ পাই...
লিলি ইসলাম: ঘোরাঘুরি করা হয় অনেক বেশি। আর ভ্রমণের ক্ষেত্রে প্রকৃতি আমাকে সবচেয়ে বেশি টানে। বাংলাদেশের মধ্যে পার্বত্য চট্টগ্রাম ও রাঙামাটির সৌন্দর্য আমাকে বরাবরই মুগ্ধ করে। ভারতের মানালি খুব পছন্দের জায়গা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ও ক্যালিফোর্নিয়া ঘোরাঘুরি করে ভালো লেগেছে। অস্ট্রেলিয়া ব্রিসবেনের প্রাকৃতিক সৌন্দর্য দেখে বাংলাদেশের কথা মনে করিয়ে দিয়েছে। সবকিছুকে ছাপিয়ে শান্তিনিকেতন ঘোরার ক্ষেত্রে সবচেয়ে আপন মনে হয়েছে।
ছেলে: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ঘুরে সবচেয়ে বেশি আনন্দ পেয়েছি।

৮. পছন্দের খেলোয়াড়...
লিলি ইসলাম: আমার সবচেয়ে বেশি পছন্দ ক্রিকেট। শান্তিনিকেতনে থাকার সময় কলকাতার ইডেন গার্ডেনের সব ক্রিকেট খেলা দেখতাম। পছন্দের খেলোয়াড় হচ্ছেন সুনীল গাভাস্কার, ভিভ রিচার্ডস। আর বাংলাদেশের মধ্যে মাশরাফির খেলা খুব ভালো লাগে।
ছেলে: আমার পছন্দের খেলোয়াড় মেসি। তবে আমার প্রিয় দল ব্রাজিল। এই দলের খেলার ধরনটা খুবই চমৎকার।

৯. প্রিয় খাবার
লিলি ইসলাম: দেশি খাবার বেশি পছন্দ। ভাত, ভাজি ও ভর্তা খেতে বেশি ভালো লাগে। আর দেশের বাইরে গেলে সে দেশের ঐতিহ্যবাহী খাবার খেতে ভালো লাগে।
ছেলে: মেক্সিকান খাবার বেশি পছন্দ।
সাক্ষাৎকার: মনজুর কাদের