মায়ের পরশ এখনো পাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি তখন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী। যাতায়াতের মাধ্যম ছিল বিশ্ববিদ্যালয়ের বাস। বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় হয়ে গেছে আমার। নিজেকে গোছানোয় ব্যস্ত। দেখছি ‘মা’ রান্না করছেন। কিন্তু এটা বুঝতে পারছি ‘মা’ আজকে রান্না করে সময় করতে পারবেন না। মা একবার আমাকে বললেন, ‘মনি, তোর ক্যাম্পাসে যাওয়ার সময় হয়ে গেছে নাকি?’ বললাম, ‘হ্যাঁ মা, সময় হয়ে গেছে। তোমার রান্না তো শেষ হলো না, আজকে আমার না খেয়েই যেতে হবে, নইলে বাস মিস করব।’ মা বললেন, ‘মনি একটু দেরি কর, এই তো আমার রান্না প্রায় শেষের দিকে।’ বললাম, ‘মা, আমার একটুও সময় নেই।’ কথা বলার পরক্ষণেই দেখি ‘মা’ এক থালা ভাত আর ডিম ভাজি নিয়ে আমার সামনে হাজির। মা বললেন, ‘তরকারি রান্না শেষ হয়নি, তাই তোর জন্য ডিম ভাজি করে আনলাম। একটু দেরি হলেও খেয়ে যা, সোনা!’ আমি বললাম, সময় নেই, চললাম। কিন্তু ‘মা’ নাছোড়বান্দা। আমাকে জাপটে ধরে নিজের হাতে ভাত তুলে আমার মুখে দিতে লাগলেন। কিন্তু আমি খাব না, দেরি হয়ে যাচ্ছে, তবু মা আমাকে খাওয়াতে থাকলেন আর বলতে লাগলেন, ‘রাগ করিস না সোনা, একটু খেয়ে যা, না খেলে তো তুই-ই সারা দিন কষ্ট পাবি।’ আজ অনেক বছর কেটে গেছে মায়ের সেই স্নেহের পরশ, সেই ভালোবাসা, আমার জন্য সেই ব্যাকুলতা, সেই আবেগঘন সুন্দর মুহূর্ত আজও আমাকে স্পর্শ করে যায়। ‘মা’ তো ‘মা’-ই।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, ঝিনাইদহ।