মায়ের প্রতি ভালোবাসা মা-হারা শিশুদের
মায়ের মুখের মধুর হাসি তারা দেখেনি, মায়ের কোলে মাথা রেখে গল্প শুনতে পারেনি। মায়ের বকুনি খেয়ে গাল ফুলিয়ে কাঁদেনি তারা। তবুও মাকে মনে পড়ে, খুব বেশি মনে পড়ে মাকে। তাই তো তারা মা দিবসে গান ধরেছে ‘মাগো, আর তোমাকে ঘুমপাড়ানি মাসি হতে দেব না, তোমার মাথার খোঁপার এ ফুল বাসি হতে দেব না, তোমায় মাগো কারও ঘরের দাসি হতে দেব না...।’ হালিশহর এসওএস শিশুপল্লির মা-হারা শিশুরা মাকে এভাবেই স্মরণ করল গত রোববার আন্তর্জাতিক মা দিবসে। এই পল্লিতে মা হারা শিশুরা বেড়ে উঠছে মায়ের স্নেহের ছায়ায়। বিধবা, স্বামী পরিত্যক্তা নারীরা এখানে চাকরি করেন, তাঁদের কাজ মা হারা শিশুদের মায়ের স্নেহে মানুষ করা। সেই মায়েদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ঘরোয়া পরিবেশে অনুষ্ঠানের আয়োজন করে শিশুদের একটি সংগঠন। ‘প্রত্যেক শিশুর জন্য একটি স্নেহশীল আবাস’—এ স্লোগানই এসওএস শিশুপল্লির মূলমন্ত্র। পিতৃ-মাতৃহীন পরিত্যক্ত শিশুরা যেন পরিপূর্ণভাবে মায়ের স্নেহে, ঘরোয়া পরিবেশে বেড়ে উঠতে পারে, সেজন্য এসওএস শিশুপল্লি ১২ জন শিশুর জন্য একজন করে মা নিয়োগ দিয়েছে। এতে ১৪৪ জন শিশুর জন্য ১২টি ঘরে ১২ জন মা আছেন। এই মায়েদের উপযুক্ত প্রশিক্ষণের মধ্য দিয়েই আদর্শ মা হিসেবে গড়ে তোলা হয়। যাঁদের কোনো পিছুটান নেই তাঁরাই কেবল মা হতে পারেন। মা দিবসে শিশুরা তাদের মায়েদের হাতে উপহারের প্যাকেট তুলে দেয়। নেচে-গেয়ে-আবৃত্তি করে নিজেদের প্রতিভা মাকে দেখিয়ে দেয় তারা। ফ্যাশন শোতে দেশি ঐতিহ্যের পোশাকে ক্যাটওয়াক করে। প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানের সভাপতি ও শিশুপল্লি প্রকল্পের পরিচালক ফয়জুল কবির বলেন, ‘মা দিবসে আমরা এ কামনাই করব—গ্রামগঞ্জের মেয়েরা যাতে মা হতে গিয়ে বিপদাপন্ন না হন। মায়েদের সুস্থতা নিশ্চিত করতে হবে এবং অন্যকেও এ ব্যাপারে সচেতন করতে হবে। মাতৃমৃত্যুর হার কমাতে হবে।’ রাশিয়ান নাগরিক ওলগা রায় শিশুপল্লির এসওএস হারমান মাইনার স্কুলে ১০ বছর ধরে স্পোকেন ইংলিশের খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করছেন। শিশুদের এ ছোট্ট আয়োজনের অংশীদার হতে এসেছিলেন তিনিও, বলেন—‘এই মাদারস ডেতে আমাকে প্রথম ফোন করে উইশ করে এ পল্লিতেই বেড়ে ওঠা হাসিনা। সে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পড়ছে। শিক্ষক হিসেবে আমাকে একটুও ভয় পায় না। আমার সঙ্গে অনেক দুষ্টুমি করে। মা হারা এ সন্তানেরা সবার মধ্যেই বোধ হয় মাকে খুঁজে বেড়ায়।’একজন মা শাহনাজ পারভিন বলেন, ‘নিজে যাদের বড় করেছি, আজ তারাই আমাদের খুশি করার জন্য গান-নাচ করছে। এদের নিয়ে আমার গর্ব হয়।’ শাহনাজের ঘরের মেয়ে বিউটি খাতুন বলেন, ‘বান্দরবান, কক্সবাজার, সীতাকুণ্ডসহ অনেক জায়গায় বেড়াতে গিয়েছি আমরা। এখানে আমাদের খেলার মাঠ আছে, গান-নাচ-গিটার-আবৃত্তি-কম্পিউটার শেখার ব্যবস্থা আছে। শিক্ষার সবরকম সহযোগিতা আমরা পাই। সর্বোপরি আমাদের একজন আম্মু আছে। নিজের ভাগ্যকে ধন্যবাদ দিই এ ভেবে যে, আমাকে পথশিশু হয়ে যেতে হয়নি।’অনুষ্ঠানে হারমোনিয়াম ও তবলায় সংগত করেন পাপিয়া আহমেদ এবং মো. সৈয়দুল হক। সঞ্চালনায় ছিলেন মনোয়ারা বেগম।