মায়ের বিষণ্নতা দূর হবে যেভাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৪ ঘণ্টার কাজ। কোনো বিশ্রাম নেই। আপনি কখন আরাম করবেন, তা নির্ধারণ করে দিচ্ছে ছোট্ট মানুষটি। দুই মাস মাত্র বয়স। কিন্তু সারা দিন তার কাজ করতে গিয়েই নাজেহাল অবস্থা সবার। সাহায্য করার কেউ না থাকলে ধকল কিন্তু পুরোটা যায় মায়ের ওপর দিয়েই। কম ঘুম, না খেয়ে থাকা, বাড়ির অন্যান্য কাজ করা, বাচ্চার সব দায়িত্ব পালন করতে হয় মাকেই। এত ঝুট-ঝামেলায় নিজের দিকে তাকানোর সময় আর মেলে না। সব মিলিয়ে আসে বিষণ্নতা। এটি কাটানোর উপায় কী?


এক জরিপে দেখা যায়, ৭০ থেকে ৮০ শতাংশ নারী সন্তান জন্ম দেওয়ার পর বিষণ্নতায় ভোগেন। ওপরে উল্লেখিত কারণগুলো কিছুটা হলেও এর জন্য দায়ী। হেলাফেলা করার মতো বিষয় নয় এটি। ইংরেজিতে একে ‘বেবি ব্লুজ’ বলে। সন্তান হওয়ার পরেই এই বিষণ্নতার জন্ম হয়। প্রিয়জনদের একটু সহযোগিতাই বিষণ্ন মায়ের মন ভালো রাখবে।

সন্তান জন্ম দেওয়ার পর কেউ মন খারাপ করে থাকে? ভালো লাগছে না মানে কী?—মা হওয়ার পর এই কথাগুলো কি শুনতে হয়েছিল আপনাকে? নতুন মায়েদের বিরক্ত হওয়া মানা, মন খারাপ করা মানা, বিষণ্ন হওয়াও মানা।

অনেকে মনে করেন, বাড়ির মধ্যেই তো আছে, নিশ্চয়ই আরাম করতে পারছে। সন্তান জন্ম নেওয়ার প্রথম কয়েক সপ্তাহ চলে যায় সবকিছুর সঙ্গে মানিয়ে নিতেই। অসম্ভব রকম ক্লান্ত থাকেন প্রতিটি মা। এর মধ্যেই সন্তানের দায়িত্ব পালন করতে গিয়ে হিমশিম খেতে হয়। আনন্দ, ভালো লাগা, খুশি তো অবশ্যই আছে। কিন্তু দায়িত্বগুলো যেন বড় হয়ে দাঁড়ায়। নতুন মায়েদের কষ্ট যেন নিজেদের মধ্যেই থেকে যায়। সন্তান জন্মের পর হরমোনের পরিবর্তন, পর্যাপ্ত বিশ্রাম না করা, না ঘুমিয়ে থাকা, ওজন বেড়ে যাওয়া, প্রিয় মানুষগুলোর সঙ্গে সময় কাটাতে না পারা, বাড়ির ভেতর আটকে যাওয়া, চাকরি ছেড়ে দেওয়া, মন খারাপের বিষয়গুলো কারও সঙ্গে ভাগ করতে না পারাটাও মনের ওপর চাপ সৃষ্টি করে। এসব থেকেই বেবি ব্লুজের আগমন হয়। তবে বেবি ব্লুজ কোনো রোগ নয়। সময়ের সঙ্গে সঙ্গেই এই বিষণ্নতা চলে যায়। বিষয়গুলো কারও সঙ্গে শেয়ার করলে যদি কিছু মনে করে? এ কথা মনে না করে প্রিয়জনদের সঙ্গে কথা বলুন, মন অনেকটাই হালকা হয়ে যাবে। এতে অপরাধবোধেরও কোনো কারণ নেই।

এই বিষণ্নতা মন থেকে সরাতে না পারলে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনারও সূত্রপাত হয়। বাচ্চার প্রতিও নেতিবাচক মনোভাব ও আচরণের জন্ম হয়। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন, বাড়ির মধ্যে নতুন মা বেবি ব্লুজের স্বীকার হচ্ছেন কি না। কোনো কারণ ছাড়াই কান্নাকাটি করা, অধৈর্য হয়ে যাওয়া, খিটখিটে মেজাজে থাকা, অস্থির হওয়া, দুশ্চিন্তা করা, অবসাদগ্রস্ত থাকা, মন খারাপ করে থাকা, বারবার মন বদলানো, সিদ্ধান্তহীনতায় ভোগা, ঘুম না আসা, সন্তানের প্রতি অতিরিক্ত যত্ন নেওয়ার প্রবণতা, বেশি খাওয়া বা কম খাওয়া, একাগ্রতার অভাব ইত্যাদি বিষয় হলেই বুঝবেন মা বেবি ব্লুজে ভুগছেন। যেসব মা বিষণ্নতায় ভোগেন, সন্তানের সঙ্গে তাঁদের মানসিক যোগাযোগও কম হয়। বুকের দুধ খাওয়ানো, সন্তানের সঙ্গে খেলা করা কিংবা গল্প করাও তাঁদের কাছে বোঝা হয়ে দাঁড়ায়। কিছুক্ষণ হয়তো মন ভালো থাকে, কিন্তু বেশির ভাগ সময়ই তাঁরা মন খারাপ করে থাকেন। সন্তান জন্ম নেওয়ার পর এসব কারণের জন্যই বিশেষজ্ঞরা মনে করেন, বিশ্বস্ত মানুষের সহায়তা নেওয়া উচিত। এতে করে মা কিছুটা সময় নিজের মতো করে কাটাতে পারেন। স্বার্থপর হয়ে যাচ্ছেন, এটা না ভেবে একটু ঘুরে আসুন, গান শুনুন, ছবি দেখে আসুন। পরিবারের অন্যদের সঙ্গে মনের কথাটা খুলে বলুন। নিজের অভিমানগুলো চেপে না রেখে প্রকাশ করুন। অনেক সময়ই পাশে থাকা মানুষটি হয়তো বুঝে উঠতে পারে না। সম্ভব হলে পরিবারের অন্যদের সঙ্গে সময় কাটান। বিষণ্নতায় ভোগার আরেকটি কারণ হলো, নতুন মায়েরা মনে করতে থাকেন, আমি সন্তানের সঠিক যত্ন নিতে পারছি না। অনুতপ্ত হন প্রতি মুহূর্তে।

বাড়ির কাজ করা বাদ দিতে পারেন। নাই বা ধোয়া হলো কাপড়। এক-দুই দিন না হয় বাইরে থেকেই খাওয়া এনে খেয়ে নিলেন সবাই। যদিও সন্তান জন্ম নেওয়ার প্রথম ছয় মাস সময় বের করা কঠিন। যারা বাচ্চাকে শুধু বুকের দুধ খাওয়ান, তাঁদের জন্য বিষয়টি আরও দুষ্কর। কিন্তু ৩০ মিনিটের হাঁটা এ সময় কিছুটা জাদুর মতোই কাজ করবে। শরীর ও মন ভালো রাখবে। যখনই সময় পাবেন একটু বিশ্রাম নিয়ে নিন। অভিজ্ঞরা বলেন, সন্তান যখন ঘুমাবে আপনিও তখন একটু ঘুমিয়ে নিন। সন্তান জন্ম নেওয়ার পর কয়েক সপ্তাহ এই বিষণ্নতা স্থায়ী হয়।

মা বিষণ্ন হয়ে থাকলে আশপাশের সবার উচিত এ সময়টায় সাহায্য করা। মা যদি হাসিখুশি থাকেন তাহলে বাচ্চাকেও ঠিকমতো যত্ন নিতে পারবে। মায়ের খাওয়া-দাওয়া ও পরিমিত ঘুম হওয়া খুব দরকার এ সময়টায়। শারীরিকভাবে পরিমিত বিশ্রাম না পেলে মেজাজ এমনিতেই খিটখিটে হয়ে থাকে। অন্যরা হয়তো ভাবছে, আমি আর কীভাবে সাহায্য করব? বাচ্চাকে যদি ডায়াপারও বদলে দেয় অন্য কেউ, সেটাও কিন্তু অনেক বড় একটি সাহায্য। বাবার ভূমিকা এ সময় বড় একটি বিষয়। সম্ভব হলে প্রথম দুই সপ্তাহ কর্মক্ষেত্র থেকে ছুটি নেওয়া ভালো। এ ছাড়া কর্মক্ষেত্র থেকে ফিরে অবশ্যই সন্তানের দায়িত্বগুলো বুঝে নিন। তাহলে মা এ সময় কিছুটা হলেও বিশ্রাম নিতে পারবে। পরিবারের অন্য কেউ রান্নার দায়িত্ব নিক। নতুন মা ভুল করবেই। এটা নিয়ে হা হুতাশ করার কিছু নেই। বরং বলুন যে সে কতটা ভালোভাবে সবদিক সামলাচ্ছে। প্রশংসা কিছুটা হলেও মন প্রফুল্ল রাখবে। কান্না এলে কেঁদে নিন। মন হালকা করার এটাও একটা উপায়। সব কথার শেষ কথা হলো, মাকে হাসিখুশি থাকতে হবে। ‘তুমি মা, তোমাকেই তো করতে হবে।’ এই চিন্তা বাদ দিয়ে দায়িত্বগুলো ভাগ করে নিয়ে তাকে সহায়তা করুন পরিবারের বাকিরাও।

সূত্র: বেবি সেন্টার ডটকম