মায়ের মন পড়ে থাকে সন্তানের কাছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের সহকারী পরিচালক তাবাস্সুম হকের স্বামী পেশায় চিকিৎসক। স্বামী-স্ত্রী দুজনই কর্মজীবী হওয়ায় দুই বছর বয়সী সন্তান আয়ানকে রেখে আসেন গৃহকর্মীর কাছে। এ কারণে সারা দিনই সন্তানের জন্য উৎকণ্ঠায় থাকতে হয় তাঁদের।দুই নম্বর গেট এলাকার বাসিন্দা বিলকিস আরা একটি তৈরি পোশাক কারখানায় কাজ করেন। স্বামী মোহাম্মদ খসরুও একই কারখানায় অপারেটরের কাজ করেন। সকালে এক বছর বয়সী মেয়ে তানিয়াকে প্রতিবেশীর কাছে রেখে দুজন একসঙ্গে কর্মক্ষেত্রের উদ্দেশে বেরিয়ে যান। কিন্তু সারা দিনই দুজনের মন পড়ে থাকে সন্তানের কাছে। নগরের বেশির ভাগ প্রতিষ্ঠানে শিশু পরিচর্যাকেন্দ্র (ডে কেয়ার সেন্টার) না থাকায় বিলকিসআরা কিংবা তাবাস্সুম হকের মতো কর্মজীবী মায়েরা দুর্ভোগে পড়ছেন। সন্তানকে অনিরাপদ পরিবেশে রেখে কর্মক্ষেত্রে আসতে বাধ্য হচ্ছেন। এ ক্ষেত্রে মানা হচ্ছে না শ্রম আইনের বাধ্যবাধকতাও। তৈরি পোশাক কারখানা, ব্যাংক-বিমাসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নারীর অংশগ্রহণ বাড়লেও এ ক্ষেত্রে অগ্রগতি হয়নি। হাতেগোনা দু-একটি প্রতিষ্ঠানে শিশু পরিচর্যাকেন্দ্র থাকলে নগরের সিংহভাগ প্রতিষ্ঠানে এই সুবিধা নেই। বেতারের কর্মকর্তা তাবাস্সুম হক বলেন, ‘বাচ্চাকে গৃহকর্মীর কাছে রেখে কর্মস্থলে আসি বলে সারাক্ষণ দুশ্চিন্তায় থাকতে হয়। যেদিন বাসায় গৃহকর্মী থাকে না সেদিন বাচ্চাকে নিয়ে আসতে হয় অফিসে। এতে আমার কাজের ব্যাঘাত ঘটে।’ এদিকে চট্টগ্রামের ৬০০ পোশাক কারখানার দু-একটি বাদে আর কোনোটিতে শিশু পরিচর্যাকেন্দ্র নেই। অথচ এসব কারখানার ৮০ শতাংশ শ্রমিকই নারী। বিদেশি ক্রেতাদের বাধ্যবাধকতা থাকায় দু-একটি প্রতিষ্ঠান বাধ্য হয়ে নামেমাত্র শিশু পরিচর্যাকেন্দ্র খুলেছে।তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠনের (বিজিএমইএ) প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী এ বিষয়ে প্রথম আলোকে বলেন, দুই একটি পোশাক কারখানা ছাড়া অন্য কোনো কারখানায় ডে কেয়ার সেন্টার নেই। বিদেশি ক্রেতাদের শর্ত পূরণের জন্য অনেক সময় অবকাঠামো গড়ে তোলা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয় না। জানা গেছে, নগরের ইপিজেড এলাকায় ইয়ংওয়ান, ইয়ংহেডসহ দু-একটি কারখানায় কেবল শিশু পরিচর্যাকেন্দ্র আছে। এ ছাড়া বাকি কারখানাগুলোতে কোনো শিশু পরিচর্যাকেন্দ্র নেই। ইয়ংওয়ান মানবসম্পদ বিভাগের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক হারুন-উর রশিদ প্রথম আলোকে বলেন, নারী শ্রমিকদের শিশুরাও যাতে সঠিকভাবে বেড়ে উঠতে পারে সে জন্যই এই ব্যবস্থা। তা ছাড়া বাংলাদেশের শ্রম আইনেই উল্লেখ আছে, নির্দিষ্টসংখ্যক নারী শ্রমিক থাকলে ডে কেয়ার সেন্টারের ব্যবস্থা থাকতে হবে।