মায়ের সংগ্রাম, ছেলের বিজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোর থেকে রাত অবধি ছাত্রাবাসের শিক্ষার্থীদের জন্য রান্না করেন মা মিনা বেগম। সারাক্ষণ ভাবেন, ছাত্রাবাসের ছেলেদের তিনি তিন বেলা রান্না করে খাওয়াচ্ছেন। অথচ ঘরে নিজের ছেলে না খেয়েই পড়ালেখা করছে। রাতে বাড়ি ফিরলে তবেই ছেলের পেটে দু-মুঠো ভাত পড়বে। বাবা ইউসুফ মণ্ডল অনেক আগেই অন্যত্র বিয়ে করে তাঁদের ছেড়ে চলে গেছেন। এমন এক সংসারের সন্তান মিলন হোসেন। এবার এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে সে। পঞ্চম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে জেলায় দশম স্থান লাভ করেছিল। পঞ্চম শ্রেণীতে প্রথম হয়েও অর্থাভাবে সরকারি স্কুলে ভর্তি হতে পারেনি। বেসরকারি একটি স্কুলে ষষ্ঠ শ্রেণীতে প্রথম হলে একজন শিক্ষকের সহযোগিতায় নাটোর সরকারি বালক উচ্চবিদ্যালয়ে ভর্তি হয়। প্রতি শ্রেণীতে সে প্রথম হয়ে আসছে। সেখান থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল মিলন। মিলনের পৈতৃক বাড়ি সদর উপজেলার নলডাঙ্গা গ্রামে। বাবা মাকে তালাক দেওয়ার পর তারা চলে আসে নাটোর শহরের উত্তর চৌকিরপাড় মহল্লায় খালা হেনা বেগমের বাড়িতে। হেনা বেগমও অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করেন। ছেলেমেয়ে না থাকায় খালাও তাকে মাতৃস্নেহ দেন। মা-খালার উপার্জনে তাঁদের সকাল ও রাতের খাবার জুটত। আইনুল হক নামের স্থানীয় এক ব্যবসায়ী তার পড়ালেখার বই-খাতা কিনে দিতেন। অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক সত্যেন স্যার, নিজাম স্যার ও জিয়াউর স্যার তিনটি বিষয়ে বিনা খরচায় প্রাইভেট পড়ালেও বাকি বিষয় সে নিজেই সামলে নিয়েছে।মিলন স্বপ্ন দেখে, নটর ডেম বা রাজউকের মতো কলেজে ভর্তি হবে। কিন্তু মা অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে মিলনের স্বপ্ন পূরণ করবেন কী করে? মিলন বলে, ‘বড় আমাকে হতেই হবে। বড় হয়ে আমি গরিব ছেলেমেয়েদের জন্য মাকে একটা স্কুল করে দেব। ওই স্কুলের ছেলেমেয়েদের মা ও খালা রান্না করে খাওয়াবেন।’ ছেলের স্বপ্নের কথা শুনে মা মিনা বেগমের দুই চোখ ভিজে যায়। মিনা বেগম বলেন, ছেলেকে এত দূর যখন লিয়া আইছি। এখন আর ভয় পাই না।’