মায়ের সঙ্গে জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ডেটল সেরা আমি সঙ্গে মা’ অনুষ্ঠানে বিচারকদের সঙ্গে বিজয়ীরা
‘ডেটল সেরা আমি সঙ্গে মা’ অনুষ্ঠানে বিচারকদের সঙ্গে বিজয়ীরা

আরিয়ানা প্রীতির বয়স সাত। কিন্তু মঞ্চে ওঠার ভঙ্গি সেটা বলে না। সঙ্গে তার মাও উঠেছেন। দুজনই তো প্রতিযোগী! মঞ্চে তাঁদের প্রাণবন্ত পরিবেশনা আমন্ত্রিত অতিথিদের তাক লাগিয়ে দিল। আর এই চমকের প্রতিফলন ঘটল অনুষ্ঠান শেষে। অসংখ্য প্রতিযোগীকে পেছনে ফেলে সেরার মুকুটটি দখল করে নিলেন আরিয়ানা প্রীতি ও তার মা শাহেদা ইয়াসমিন। ১৭ জানুয়ারি ‘ডেটল সেরা আমি সঙ্গে মা’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় ঢাকায়। প্রতিযোগিতার শুরু থেকে অনুষ্ঠানটি প্রচার করছে আরটিভি।
মুনমুনের উপস্থাপনায় মূল অনুষ্ঠানটি শুরু হয় বিকেল সাড়ে পাঁচটার পর। প্রতিযোগীরা নানা ধরনের পরিবেশনায় মাতিয়ে রাখে ‘ডেটল সেরা আমি সঙ্গে মা’র মঞ্চ। ফাঁকে ফাঁকে বিচারকেরাও পরিবেশন করেন গান ও আবৃত্তি। বিচারকের আসনে ছিলেন নৃত্যশিল্পী মুনমুন আহমেদ, অভিনেত্রী সাবেরী আলম ও কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ। অনুষ্ঠানে মাকে নিয়ে গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী কনা ও রাশেদ। সবশেষে ঘোষণা করা হয় ফলাফল। ‘ডেটল সেরা আমি সঙ্গে মা’তে এবারের বিজয়ী হয়েছেন ঢাকার আরিয়ানা প্রীতি ও তার মা শাহেদা ইয়াসমিন, প্রথম রানারআপ হয়েছেন কিশোরগঞ্জের রিদম ও তার মা শারমিন ইয়াসমিন, দ্বিতীয় রানারআপ হয়েছেন রাঙামাটির নম্রতা তঞ্চ্যঙ্গা ও তার মা মনিশা দেওয়ান এবং চতুর্থ স্থান পেয়েছেন সুনামগঞ্জের আবরার ও তার মা ফাতিমা। অনুষ্ঠানটি পরিচালনা করেন আরটিভির নির্বাহী প্রযোজক শাহরিয়ার ইসলাম। বিজয়ীদের পুরস্কার তুলে দেন রেকিট বেনকিজার শ্রীলংকা-বাংলাদেশ ক্লাস্টারের মহাব্যবস্থাপক রিয়াজুল চৌধুরী ও আরটিভির প্রধান পরিচলন কর্মকর্তা আশিক রহমান।
এ বছর পাঁচ হাজারের বেশি মা ও শিশু প্রতিযোগিতায় নিবন্ধন করেন। মূল পর্বের জন্য বেছে নেওয়া হয় ৩২ মা ও শিশু জুটিকে। তাঁদের মধ্যে থেকে গত ৩০ ডিসেম্বর সেরা পাঁচ মা ও শিশু জুটিকে চূড়ান্ত করা হয়।