মায়ের সঙ্গে নববর্ষ
মুম্বাইভিত্তিক বাংলাদেশি সুপার–মডেল আসিফ আজিম ঘুরে গেলেন তাঁর মেহেরপুরের গ্রামের বাড়ি। মা আর ভাইবোনদের সঙ্গে কাটালেন অন্য রকম এক বৈশাখ।

‘গ্রামে যতবার আসি, মুগ্ধ হয়ে যাই। পুকুর, গাছপালা, সবুজ সবকিছু যত দেখি তত ভালো লাগে।’ বলছিলেন আসিফ আজিম। কাজের টানে মেহেরপুর থেকে ঢাকা। তারপর সেখান থেকে চলে গেছেন ভারতের চলচ্চিত্র নগর মুম্বাই। দীর্ঘদিন পর গ্রামে ফিরে আসিফ আজিম ছিলেন বেশ আবেগ–আপ্লুত। এবার পয়লা বৈশাখের আনন্দ ভাগাভাগি করতে তিনি গিয়েছিলেন নিজ গ্রাম মেহেরপুরের আমঝুপিতে।

মেহেরপুরের আমঝুপি গ্রামে আসিফ আজিমের জন্ম। আসিফরা চার ভাই, তিন বোন। ২০০৭ সালে বাবা আহসানুল আজিম ক্যানসারে মারা যান। তাঁদের আত্মীয়স্বজনের বসবাস পুরো গ্রামজুড়েই। আসিফ আজিমের মা রোজী আজিমও ছেলেকে কাছে পেয়ে স্বাভাবিকভাবেই আপ্লুত।
রোজী আজিম বলছিলেন, ‘ছোটবেলায় আসিফ সারা দিন গাছে উঠে, পুকুরে দাপিয়ে বেড়াত। খুব জেদি ছিল। পড়াশোনায় ভালো ছিল। ইচ্ছা ছিল ছেলে পড়াশোনা শেষ করে দেশেই কিছু করবে। কিন্তু এখন ছেলে শুধু দেশেই নয়, বিদেশেও সুনাম অর্জন করেছে। এটা খুব ভালো লাগে। দেশ–বিদেশের পত্রিকায় যখন ছেলের খবর দেখি, খুব ভালো লাগে।’
মায়ের ইচ্ছা ছেলের বিয়ে দেবেন। আর সেটা হবে দেশেই। মধ্যবিত্ত শিক্ষিত পরিবারের ছেলের বউ চান তিনি।
পয়লা বৈশাখ স্বজনদের নিয়ে সময় কাটিয়েছেন আসিফ। ইলিশ, আলু ভর্তা, ডাল ভর্তা, বেগুন ভর্তা, দিয়ে পান্তাভাত খেয়েছেন। মা রোজী বলেন ‘লিটন (আসিফ) ভাত এবং তরকািরতে ঝাল একেবারেই খায় না। মায়ের হাতের রান্না তার প্রথম পছন্দ।’
আসিফ আজিম বলছিলেন, ‘িশকড়ের টানেই বারবার গ্রামে ফিরে আসি। দেশে এলেই মায়ের হাতের সব রান্না খেতে ইচ্ছে করে। মায়ের মুখে লিটন ডাক শুনতে তাঁর খুবই ভালো লাগে। মায়ের রান্না খেয়ে ওজন বাড়ে। সেটা মুম্বাই গিয়ে অতিরিক্ত ব্যায়াম করে পুষিয়ে নিই।’
১৫ এপ্রিল বাংলাদেশের এই খ্যাতিমান সুপারমডেল ফিরে গেছেন মুম্বাই।
