মায়ের সেই শাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা দিবসের লেখা : মে মাসের দ্বিতীয় রোববার (৮ মে) মা দিবস। আমরা পাঠকদের কাছে মাকে নিয়ে লেখা চেয়েছিলাম। ভরে গেল অধুনার ই-মেইল, ফেসবুক ইনবক্স আর অধুনা ডেস্ক। মাকে নিয়ে কত না আবেগ, কত না দুঃখ-কষ্ট, সুখের স্মৃতি। সেই শত শত লেখার মধ্য থেকে আমরা আজ ছাপছি নির্বাচিত কয়েকটি লেখা। তিনজন পাচ্ছেন সেরা লেখার পুরস্কার। প্রথম পুরস্কার ১০০০ টাকার মোবাইল রিফিল, দ্বিতীয় পুরস্কার ৫০০ টাকার মোবাইল রিফিল ও তৃতীয় পুরস্কার ৩০০ টাকার মোবাইল রিফিল। অভিনন্দন আপনাদের। সেই সঙ্গে অভিবাদন সব মাকে।
ছবি দেখে বোঝা যাচ্ছে মায়ের সঙ্গে সন্তানের সম্পর্কটা কত সহজ, কত চমৎকার। ছবি: সাহাদাত পারভেজ
ছবি দেখে বোঝা যাচ্ছে মায়ের সঙ্গে সন্তানের সম্পর্কটা কত সহজ, কত চমৎকার। ছবি: সাহাদাত পারভেজ

আমার বয়স যখন সাত দিন, তখন আব্বা রসুন নিয়ে মোকামে চলে গেলেন দিনাজপুরে। যাওয়ার আগে দাদা আব্বাকে কী নিয়ে যেন বকাবকি করলেন। আব্বা প্রত্যুত্তর করেননি ঠিকই, কিন্তু মনে মনে খুবই খেপেছেন। তাই ছোট্ট আমাকে রেখে তিনি নিরুদ্দেশ হলেন।
২
মা পড়লেন মহা বিপদে। আমাদের বড় বাড়ি। কে কার খোঁজ নেয়। তা ছাড়া সে সময়ের মায়েরা ছিলেন বেশি অবহেলিত। আমার মায়ের বেলাতেও এর ব্যত্যয় ঘটেনি। তাঁর খাওয়াদাওয়া, পোশাক-আশাক, যত্নআত্তি বলে কিছু ছিল না।
৩
আমার জন্মের সময় মায়ের পরার শাড়ি ছিল একটা; তোলা শাড়ি দুটি। এক শাড়িতে মায়ের খুব কষ্ট হতো। যেসব বাচ্চা মায়ের দুধ খায়, তারা ঘন ঘন প্রস্রাব, পায়খানা করে। আমিও তাই করতাম। মা এক শাড়ি নিয়ে পড়তেন বিপাকে। আমি যখন কোলে প্রস্রাব কিংবা পায়খানা করে দিতাম, তখন মা আমাকে শুইয়ে বা কারও কোলে দিয়ে চুলার ওপর গিয়ে শাড়ি শুকিয়ে আসতেন। শাড়ি পরে ভেজা অংশ চুলার ওপর ধরতেন আর আগুনের হলকায় তা শুকিয়ে যেত। ভেজা শাড়ি পরলেই বিপদ। আমি মায়ের দুধ খাই। মায়ের ঠান্ডা লাগলে আমারও যে লেগে যাবে। শত কষ্ট হলেও সন্তানকে ঠান্ডা লাগতে দেওয়া যাবে না। মা যে!

৪
আমি বড় হয়েছি। একটা সম্মানজনক চাকরি করি। মাকে প্রতি মাসে একটি করে শাড়ি কিনে দিতে পারি। কিন্তু মা শাড়ি নিতে চান না। শাড়ির কথা বললে তাঁর মুখটা পাংশুবর্ণ ধারণ করে। আমার ভেতরটা দুমড়ে-মুচড়ে যায়।
কুষ্টিয়া।