মায়ের হাতের বরফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমেই বলে রাখি, আমার এই লেখা আসলে কোনো লেখা না। ইংরেজি সংবাদপত্রের সাংবাদিকেরা যাকে স্টোরি বলেন কিংবা বাংলায় গল্প, এটি সে ধরনের কিছু না। এটি আসলে পাশাপাশি কিছু বর্ণ রেখে শব্দ আর সেগুলোকে এদিক-ওদিক করে কিছু বাক্য তৈরির অপচেষ্টা। তো এই অপচেষ্টার ভেতর আমার কিছু ঈদ স্মৃতি হয়তো পায়চারির সুযোগ নেবে। এগুলোকে কেউ গল্প ভেবে ভুল করলে আমার কিছু করার নেই।

১.
আধুনিক সময়ে যাকে বাবা বলা হয় আমরা তাকে বলতাম আব্বা। আব্বার সঙ্গে আমার কিছু ঈদ স্মৃতি রয়েছে।
আমার শিশুবেলার কথা। আব্বা সরকারি চাকরি করতেন। সপ্তাহে একদিন বাড়িতে আসতেন। যশোরের শিল্পশহর নওয়াপাড়ায়। তিনি ছিলেন বেশ রাগী। তাই আদর-স্নেহ মনের ভেতর লুকিয়ে রাখতেন। কখনো কখনো তা বেরিয়ে পড়ত রাগ ছাপিয়ে। ঈদের সময় এটি বেশি প্রকাশ পেত। প্রতি ঈদের সকালে আমাদের নিয়ে তিনি মিষ্টিমুখ করতেন। মিষ্টি মানে ঈদের আগের রাতে গভীর রাত পর্যন্ত জেগে মায়ের বানিয়ে রাখা সেমাইয়ের ৩ / ৪ রকমের সুস্বাদু খাবার, নানা ধরনের বরফি, জর্দা ভাতসহ হরেক খাবার। তো খাবারের প্রসঙ্গ যখন এসেই গেল তখন মায়ের কথা একটু বলি। ঈদের আগে তিনি প্রায় সারা রাত জেগে এটা সেটা বানাতেন-ডিমের হালুয়া, নারিকেলের বরফি, হরেক রকমের পিঠাসহ আরও আরও খাবার। রাতের কিছু সময় আমি মায়ের পাশে থাকতাম, চুলো থেকে তুলে তুলে গরম খাবারের স্বাদ নিতাম। এরই মাঝে কখন যে ঘুমিয়ে পড়তাম! ফজরের আজানের সঙ্গে সঙ্গে মায়ের ডাকে ঘুম ভেঙে গেলে দেখতাম মিটসেফের ভেতর সাজিয়ে রাখা নানান খাবার। রাতে মাকে যেগুলো বানাতে দেখেছি সেগুলোতে আছেই, সঙ্গে ভিন্ন কিছু। সে এক ভিন্ন আমেজ, অন্যরকমের ঈদ।

ফিরে আসি আব্বা প্রসঙ্গে। ফজরের নামাজের পর পরই আব্বা ও আমরা তিন ভাই কলপাড়ে চলে যেতাম গোসলের আয়োজনে। আগে আব্বা পরে আমরা। সবশেষে আমি। গোসল শেষে পাজামা-পাঞ্জাবি পরে আঁতর নিয়ে তাড়াহুড়ো করে মায়ের হাতে বানানো মিষ্টি খেতে বসতাম আব্বার সঙ্গে। এরপর ঈদগাহে যেতাম। প্রায় এক মাইল দূরে নওয়াপাড়া পীর সাহেবের বাড়িতে। ভাইদের ভেতর আমি ছোট। আমি যেতাম আব্বার হাত ধরে। সবাই এক সাথে তকবির পড়তে পড়তে পৌঁছে যেতাম ঈদগাহে। সঙ্গে থাকত জায়নামাজ।

সম্ভবত পীর সাহেব ঈদের জামাতে ইমামতি করতেন। জামাতের আগে বয়ান ও খুতবা পড়ার সময় দেখতাম বিশাল এক পাখা দিয়ে ইমাম সাহেবকে পালা করে বাতাস করছেন কয়েকজন।

২.
আমরা সাত বোন, তিন ভাই। তিনজন বাদে সব বোনেরা আমার বড়। তাই ঈদের জামাত শেষে দাদা, দাদার আব্বাসহ অন্যান্য মৃত আত্মীয়-স্বজনের কবর জিয়ারত শেষে চাচা-ফুপুদের বাড়িতে ঘুরতাম আব্বার সঙ্গে। এরপর বোনদের বান্ধবীদের বাসায়। আমার স্কুলজীবনের ঈদ আনন্দ এ রকম।

এভাবে ঈদ আনন্দ করে যখন আমি তৃপ্ত থাকতাম, তখন মেজ ভাই বেড়িয়ে পড়ত বন্ধুদের সঙ্গে। ও মেতে উঠত গুলি খেলায় কিংবা ডাংগুলিতে। তখন কাচের মার্বেলকে বলা হতো গুলি। আর ডাংগুলি হলো প্রায় দেড় ফুট লম্বা একটি লাঠি দিয়ে ছয় ইঞ্চির মতো অপর একটি দুপাশ ছুঁচালো ছোট লাঠিকে ক্রিকেটের মতো সজোরে আঘাত করে দূরে পাঠিয়ে দেওয়ার এক বিশেষ ধরনের খেলা।

৩.
কলেজজীবনে সন্ধ্যায় বন্ধুদের নিয়ে আড্ডা দিয়ে ঈদের আনন্দ করতাম। এ আড্ডার অন্যতম ছিল কাঁঠালতলায় জলিলদের বাসায় বসে ঈদের নাটক ও ইত্যাদি দেখা। আর নাটকের বিরতিতে জলিলের মায়ের হাতের রান্না খাওয়া। এ সময় আমাদের বয়সীদের দেখতাম দল বেধে সিনেমা হলে যেতে।

এখন আব্বা বেঁচে নেই, বেঁচে নেই জলিলের মাও। আমার মা আছেন আমার পাশে। কিন্তু তার হাত দুটি আর বরফি বানাতে পারে না।