মায়ের হাতের রান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুক বা পত্রিকায় আমরা প্রতিনিয়ত নানা ধরনের খাবারের রিভিউ দেখি। সেগুলোর প্রায় সবই রেস্তোরাঁর খাবার। আশ্চর্যের ব্যাপার হলো, মায়ের হাতের রান্নার রিভিউ কেউ লেখে না। লিখলে কেমন হতো? লিখেছেন সোহাইল রহমান, এঁকেছেন রাকিব রাজ্জাক

সন্তানের বয়স যখন ১৫ (বাসায় থাকে)

আজ দুপুরে খেলাম আম্মুর রান্না করা লাউয়ের তরকারি। বিরক্তিকর একটা খাবার। প্রতিদিন এসব খেতে খেতে আমি বিরক্ত। খাবারে কোনো টেস্ট নেই। অনেক কষ্টে পেটে চালান করেছি। পরিমাণে খুবই বেশি ছিল। তিনজন খাওয়ার মতো। পরিবেশ ও ব্যবহার অত্যন্ত খারাপ। প্লেটের সব ভাত খেতে না চাইলে আম্মু জোর করে খাওয়ায়। মাঝেমধ্যে ভাতের বদলে ঝাড়ি, ভাগ্য খুব খারাপ হলে ডালের ঘুঁটনির মার পর্যন্ত খেতে হয়। এ ছাড়া খাওয়া শেষে নিজেকেই প্লেট ধুয়ে রাখতে হয়! এর চেয়ে আপনি রেস্তোরাঁয় খেলে অনেক বেশি উপভোগ করবেন।

রেটিং: ২.৫/১০

সন্তানের বয়স যখন ২৫ (মেসে থাকে)

অনেক দিন পর বাসায় এসে খেলাম আম্মুর রান্না করা লাউয়ের তরকারি আর লালশাক ভাজি। এক কথায় বললে, অসাধারণ! মেসে বুয়ার রান্না খেতে খেতে যখন জিহ্বার স্বাদ নষ্ট হওয়ার জোগাড়, তখন মায়ের হাতের রান্না করা খাবার যেন মরুভূমির মধ্যে ঠান্ডা মিনারেল ওয়াটারের বোতল। মনে হচ্ছে, এত টেস্টি খাবার জীবনেও খাইনি। রেস্তোরাঁর খাবার এর কাছে কিছুই না। যেমন সুস্বাদু, তেমন স্বাস্থ্যসম্মত। পরিবেশ ও ব্যবহার অত্যন্ত ভালো। আমি না চাইতেই আম্মু প্লেটে উঠিয়ে দিচ্ছিল। পরিমাণ নিয়ে ঝামেলা নেই, যত খুশি খাওয়া যায়। সব মিলিয়ে অনেক দিন পর আজ পেটপুরে ও প্রাণপুরে লাঞ্চ করলাম।

রেটিং: ৯/১০

সন্তানের বয়স যখন ৩৫ (নিজেরবাসায়থাকে)

আমাদের বাবুর্চি প্রতিদিনই বিভিন্ন ধরনের পরীক্ষামূলক রান্না করে। যেগুলো টেস্ট করে দেখতে গিয়ে আমাদের অবস্থা অত্যন্ত শোচনীয়! গতকাল রান্না করেছিল রুই মাছ দিয়ে দুধসেমাই। আজ বিকেলে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় ফিরলাম। বাসায় আসতেই বাবুর্চি আবার খেতে দিল। লাউয়ের তরকারি। মনে পড়ে গেল ছোটবেলায় মায়ের রান্না করা লাউয়ের তরকারির কথা। আহা রে, কী তার স্বাদ! পুরা অমৃত! আজ যদি কোনোভাবে মায়ের হাতের রান্না খেতে পেতাম, তাহলে আর কিছুই চাওয়ার ছিল না। দুনিয়ার কোনো রেস্তোরাঁর কোনো শেফ আমার মায়ের নখের সমান রান্নাও জানে না।

রেটিং: মায়ের হাতের সেই রান্নার রেটিং কোনো সংখ্যা দিয়েই প্রকাশ করা সম্ভব না।