মি. অ্যান্ড মিস চিটাগাং সেরা ১০
পোর্ট্রেটের আয়োজনে মিস্টার অ্যান্ড মিস চিটাগাংয়ের মনোনয়ন পর্ব গত ২৯ জানুয়ারি থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে সম্পন্ন হয়েছে। চূড়ান্ত পর্বের জন্য মনোনীত হয়েছেন পাঁচ ছেলে ও পাঁচ মেয়ে। আয়োজকেরা জানান, এর আগে পর্যটনরূপসী বান্দরবানে হয়েছে গেমস ও আন্তর্জাতিক পর্ব। এ পর্যায়ে আসতে প্রতিযোগীদের অংশ নিতে হয়েছে আরও কিছু পর্বে। তাঁদের নিয়ে হয়েছে পক্ষকালব্যাপী গ্রুমিং। এতে ছিল ফ্যাশন কিউ, আবৃত্তি, অভিনয় ও উপস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ। সবাইকে গড়ে তোলা হয় মঞ্চের উপযোগী করে। তাঁরা ক্যামেরার সামনে নিজেদের দক্ষতা প্রমাণ করেন। এ সময় তাঁরা সাক্ষাত্কার নেন বিশিষ্ট ব্যক্তিদের। গ্রুমিং শেষে হয় বিষয়ভিত্তিক বাছাই পর্ব। বিচারক ছিলেন নাট্যব্যক্তিত্ব সালাহউদ্দিন লাভলু, আবৃত্তিকার মিলি চৌধুরী, চিত্রশিল্পী সাফায়াত্, ডিজাইনার জিয়া। দারুণ নৈপুণ্যে প্রতিযোগীরা প্রমাণ করেন দক্ষতা। সেরারা পান বান্দরবান যাওয়ার টিকিট! বান্দরবানের আয়োজনে অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান কৈইশৈলা, পুলিশ সুপার কামরুল হাসান, সিভিল সার্জন সরফরাজ খান চৌধুরী। এসব প্রতিযোগিতার নম্বর যুক্ত হয় মনোনয়ন পর্বে। মনোনয়ন পর্বে ছিল ফ্যাশন কিউ ও প্রশ্নোত্তর পর্ব। এ পর্বে বিচারক ছিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক বিশ্বজিত্ চৌধুরী ও কোরিওগ্রাফার জিয়া দাদা। বিচারকের চিন্তা, পর্বভিত্তিক নম্বর ও দর্শকের ভোট শেষে আসে সেই মাহেন্দ্রক্ষণ। সবার মধ্যে টান টান উত্তেজনা। কারা হবেন ‘শীর্ষ ১০?’ কারা যাবেন চূড়ান্ত পর্বে? প্রতিযোগীদের দীর্ঘ পরিশ্রমের ফল তখন উপস্থাপকের হাতে থাকা সাদা চিরকুটে বন্দী। একেকটি নাম ঘোষণার সঙ্গে সঙ্গে দর্শকেরা উচ্ছ্বসিত হয়েছেন কারও সাফল্যে, দুঃখ পেয়েছেন কারও অশ্রুসজল চোখ দেখে। শেষে ‘শীর্ষ ১০’ নির্বাচিত হন প্রিয়াঙ্কা, মুক্তা, নীলা, সংগীতা, ঐশী, সাকী, সোহরাব, সানি, বাপ্পী ও সাফাত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পোর্ট্রেটের পরিচালক রূপম চক্রবর্তী। উপস্থাপনায় ছিলেন রুমানা ও অপূর্ব। অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পদক এজাজ ইউসুফী, শিল্পপতি শামসুল আলম ও এএসএম মামুন। আগামী মাসের প্রথম সপ্তাহে জমকালো প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। কারা হবে মি. অ্যান্ড মিস চিটাগাং ২০০৯? দিন গণনা শুরু হলো বলে।