মি. চিটাগং প্রতিযোগিতার জমকালো আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চে ভেসে আসছে ‘জাগো বাঙালি জাগো’ গানটি। এ গানের তালে তালে জাতীয় পতাকা হাতে মঞ্চে এলেন ১৩ তরুণ। সেরা মডেল ও অভিনেতা হওয়ার স্বপ্ন তাঁদের চোখে। দুটি কিউতে পাঞ্জাবি ও পশ্চিমা পোশাকে হেঁটে গেলেন তাঁরা। এরপর শুরু হলো প্রশ্নোত্তর পর্ব। এ রকম নানা পর্বে বিচারকদের চুলচেরা বিশ্লেষণে মি. চিটাগং খেতাব পেলেন মোরশেদ আলম। জমকালো আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামে সম্পন্ন হলো মি. চিটাগং নির্বাচনের চূড়ান্ত প্রতিযোগিতা। সাংস্কৃতিক সংগঠন পোর্ট্রেটের আয়োজনে ১৯ ডিসেম্বর হোটেল আগ্রাবাদের ইছামতী হলে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রথম রানারআপ নির্বাচিত হন আসিফ ইশতিয়াক এবং দ্বিতীয় রানারআপ হন আবদুল্লাহ আল সম্রাট।এতে প্রধান অতিথি ছিলেন এছাক ব্রাদার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউনুছ। কোরিওগ্রাফার সালেহ রবি জন এবং বিচারক ছিলেন খ্যাতনামা নাট্যব্যক্তিত্ব ইলোরা গহর, মডেল তারকা ইমি ও ডিজাইনার আহমেদ নেওয়াজ। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মোহাম্মদ ইউনুছ, হালদা হোল্ডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক সরোয়ার আলমগীর এবং চৌধুরী গ্রুপের মহাব্যবস্থাপক আরমান আরিফ। প্রতিযোগিতায় অংশ নিতে পেরে উচ্ছ্বসিত তরুণেরা বললেন, ‘এই অর্জন সামনে রেখে আমরা এগিয়ে যেতে চাই, এগিয়ে নিতে চাই চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনকে।’উল্লেখ্য, ১৫০ জন তরুণ প্রতিযোগী নিয়ে গত ২০ জুলাই এ প্রতিযোগিতা শুরু হয়।