মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক-প্রথম আলো দৃষ্টি রবীন্দ্রবিতর্ক উৎসব কাল
‘আলো দিয়ে জ্বেলেছিনু আলো, সব দিয়ে বেসেছিনু ভালো’ এই স্লোগানে রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকীতে দৃষ্টি চট্টগ্রামের আয়োজনে এবং প্রথম আলো ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সহযোগিতায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক-প্রথম আলো-দৃষ্টি রবীন্দ্রবিতর্ক উৎসব ২৩ সেপ্টেম্বর বিকেল চারটায় শিল্পকলা একাডেমীতে শুরু হচ্ছে। উৎসব উদ্বোধন করবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান। অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে—বিকেল তিনটায় ডিবেট জিনিয়াসের ফাইনাল প্রথম পর্ব। বিষয়—আগামী দিনের বাংলাদেশ বিল গেটসের নয়, রবীন্দ্রনাথের। এতে স্পিকারের দায়িত্ব পালন করবেন দৃষ্টি চট্টগ্রামের সাধারণ সম্পাদক সাইফ চৌধুরী। বিকেল চারটায় বারোয়ারি বিতর্ক, বিষয়—‘ডুবতে রাজি আছি আমি’। এতে সভাপতিত্ব করবেন ওমরগণি এমইএস কলেজের বাংলা বিভাগের প্রধান হামিদা চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠান বিকেল পাঁচটায়। উদ্বোধন করবেন তত্ত্বাবধায়ক সরকার সাবেক প্রধান উপদেষ্টা ও প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আহসানুল আলম, প্রথম আলোর সহযোগী সম্পাদক কবি বিশ্বজিৎ চৌধুরী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আলী চৌধুরী ও বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সভাপতি জনপ্রিয় টিভি উপস্থাপক আবদুন নূর তুষার।