মিখাইল গাব্রিলভের সঙ্গে কিছুক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মিখাইল গাব্রিলভের সঙ্গে কথা হয়েছিল কয়েক মাস আগে। দারুণ গরম পড়েছিল সে সময়। গরমে হাঁসফাঁস করছিলেন তিনি। বলেছিলাম, কী খাবেন? তিনি শুধু পানি খেতে চাইলেন। কিন্তু এই গরমে পেঁপের জুস তাঁকে স্বস্তি দিতে পারে ভেবে পানির সঙ্গে সেটাও এল। হলুদ-কমলার মাঝামাঝি একটা রঙের পানীয়, গ্লাসটির বাইরে হিমবাষ্প—মিখাইল গাব্রিলভ পানির গ্লাস হাতে না নিয়ে হাতে নিয়েছিলেন পেঁপের জুস।
সে সময় মিখাইল গাব্রিলভ এসেছিলেন ভেন্যু দেখতে। এশিয়া প্যাসিফিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড হবে ঢাকায়, তাই ভেন্যুর খোঁজে তখন ঘুরে বেড়াচ্ছিলেন নারায়ণগঞ্জ, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জায়গা। অবশেষে স্থির হলেন আশুলিয়ায়। আশুলিয়াকেই তাঁর ভালো লেগে গেল। আজ ১৪ নভেম্বর থেকে এই আশুলিয়ার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে বসছে এশিয়া প্যাসিফিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের আসর। ২২ নভেম্বর শেষ হবে তা।

ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড কমিটির চেয়ারম্যান  মিখাইল গাব্রিলভ
ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড কমিটির চেয়ারম্যান মিখাইল গাব্রিলভ

এবার যখন কথা হলো, তখন মিখাইল গাব্রিলভ নির্ভার। আয়োজনের কঠিন কাজগুলো শেষ হয়েছে। তাই অলিম্পিয়াডের দিকেই পুরো মনোযোগ তাঁর। এবার ঢাকার আবহাওয়া নিয়ে কোনো অনুযোগ নেই মিখাইল গাব্রিলভের। সন্ধ্যার পর থেকেই তো একটু ঠান্ডা হচ্ছে প্রকৃতি।
মিখাইল গাব্রিলভ রাশিয়ার নাগরিক। তিনি ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড কমিটির চেয়ারম্যান। মহাশূন্যের প্রতি এক অমোচনীয় ভালোবাসা নিয়েই বেড়ে উঠেছেন তিনি। তাঁর সঙ্গে যেসব কথা হয় আমাদের, তার প্রায় পুরোটাই অলিম্পিয়াড ঘিরে। জ্যোতির্বিজ্ঞান নিয়েই এ প্রতিযোগিতা।
‘কেমন লাগছে ঢাকা?’ কথা শুরু হয় এভাবে। হাসলেন তিনি। বললেন, ‘যানজট না থাকলে ঢাকায় খারাপ লাগে না।’
‘আচ্ছা, এ ধরনের অলিম্পিয়াডের আয়োজন করলে সত্যিই কি কোনো কাজ হয়?’
‘কেন হবে না? অলিম্পিয়াড জ্ঞান বাড়ায়। অন্যদের সঙ্গে যোগাযোগের মাধ্যম হয়। বিভিন্ন দেশের এই মানুষেরাই হয়তো একসময় হয়ে উঠবে একে অন্যের সহকর্মী।’
‘সবাই তো আর বিজ্ঞানী হবে না...’
‘সবার কথা কি আমি বলেছি? যাদের জ্যোতির্বিজ্ঞান (অ্যাস্ট্রোনমি), জ্যোতির্পদার্থবিজ্ঞান (অ্যাস্ট্রোফিজিকস) নিয়ে আগ্রহ আছে, তাদের কথাই বলছি। তারা শৈশব থেকেই যদি এ ব্যাপারে আগ্রহী হয়, তাহলে সারা জীবনই মহাশূন্য নিয়ে আগ্রহ ধরে রাখতে পারবে। আমরা যদি বড় বড় বিজ্ঞানী চাই, তাহলে স্কুল পর্যায় থেকেই কাজ শুরু করতে হবে। ওই জানার প্রতি ভালোবাসাই মহাশূন্য নিয়ে আগ্রহ তৈরি করবে।’
‘অলিম্পিয়াডে কী কী হবে?’

২০১২ সালে এশিয়া প্যাসিফিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সঙ্গে অন্যরা
২০১২ সালে এশিয়া প্যাসিফিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সঙ্গে অন্যরা

‘সবচেয়ে বড় যেটা, তা হলো কয়েকটি দেশের শিক্ষার্থীরা এক হয়ে উৎসবে মেতে উঠবে। বাংলাদেশ ছাড়াও এই উৎসবে যোগ দিচ্ছে রাশিয়া, কাজাখস্তান, ভারত, শ্রীলঙ্কা ও দক্ষিণ কোরিয়া। অলিম্পিয়াডে ভালো করলে শিক্ষার্থীর জন্য খুলে যায় সৌভাগ্যের দ্বার। তারা বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার সুযোগ পায়। অলিম্পিয়াডে অন্য অনেক কিছুর মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো থাকবে, তা হলো মহাশূন্য পর্যবেক্ষণ, আকাশের তারাদের অবস্থান নির্ণয়, তাদের নাম জানা, তাদের চিহ্নিত করা। হাতেকলমে কিছু ব্যবহারিক কাজও থাকবে। আর থাকবে কিছুটা তাত্ত্বিক পড়াশোনা। আমাদের সৌভাগ্য হলো, চারটি প্রতিষ্ঠান এই অলিম্পিয়াড আয়োজনের ভার নিয়েছে। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, রাশিয়ান বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্র আর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের কাছে আমরা কৃতজ্ঞ। আর যারা সার্বিকভাবে সহযোগিতা করছে, তারা হলো গাইড ট্যুর, একাত্তর টেলিভিশন আর প্রথম আলো।’
‘সাফল্য পাক আপনাদের অলিম্পিয়াড।’
এই কথার উত্তরে এমনভাবে আমার দিকে তাকালেন মিখাইল গাব্রিলভ, তাতে মনে হলো, তাঁর চোখের ভাষায় লেখা আছে, সাফল্য ছাড়া আর কিছুই নেই তাঁর ঝুলিতে...।