মিজানুর কারিগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

নিজের মোটর মেরামতের দোকানে কাজ করছেন মিজানুর রহমান। ছবি: এহসান-উদ-দৌল্লা
নিজের মোটর মেরামতের দোকানে কাজ করছেন মিজানুর রহমান। ছবি: এহসান-উদ-দৌল্লা

নতুন কিছুর প্রতি অপার আগ্রহ তাঁর। ছোটবেলার সে আগ্রহই তাঁকে নিয়ে এসেছে নতুন কিছু বানানোর জগতে। একে একে বানিয়েছেন বিদ্যুৎ উৎপাদন ও পানি তোলার যন্ত্র, অগ্নিনির্বাপণ যন্ত্র, মোটরকার, প্রতিবন্ধী মানুষের জন্য বিশেষ যান; এমন আরও কত-কী!

এই উদ্ভাবকের নাম মিজানুর রহমান। ৪৭ বছর বয়সী মিজানের বাড়ি যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামে। পেশায় মোটর মেকানিক। শার্শা উপজেলা সদরেই তাঁর ভাই ভাই ইঞ্জিনিয়ার্স ওয়ার্কশপ। মোটর মেরামতের এই দোকানেই চলে জীবিকা। ২৫ ডিসেম্বর সেই দোকানে বসেই কথা হয় মিজানুর রহমানের সঙ্গে। মিজানুর রহমান বললেন, ‘এ পর্যন্ত আমি আটটি যন্ত্র উদ্ভাবন করেছি। গবেষণা পর্যায়ে আছে আরও চারটি যন্ত্র।’

স্বশিক্ষিত এই উদ্ভাবকের বাবাও ছিলেন মোটর মেকানিক। বাবা যখন মোটর মেরামতের কাজ করতেন, সেটা তন্ময় হয়ে দেখতেন ছোট মিজানুর। পাঁচ ভাই-বোনের মধ্যে সবার বড় মিজানুর। সপ্তম শ্রেণির পর আর স্কুলে যাওয়া হয়নি। বাবার পেশাতেই একসময় জড়িয়ে পড়েন। মোটর মেরামতের কাজ করতে করতেই মাথায় চাপে উদ্ভাবনের নেশা। জ্ঞান বলতে যন্ত্র সারাইয়ের বাস্তব অভিজ্ঞতা।

সেটা ১৯৯৪ সালের কথা। বানালেন নতুন এক ইঞ্জিন। নাম দিলেন আলগা ইঞ্জিন। এর যন্ত্রাংশ বাইরে থেকে দেখা যায় বলেই এমন নাম। তবে এখন সেই যন্ত্রটি আর নেই।

সেই থেকেই শুরু তাঁর উদ্ভাবকজীবনের যাত্রা। তাঁর তৈরি সব যন্ত্রের দেখা মিলল দোকানের সামনেই। ফাঁকা জায়গায় সারি করে রাখা হয়েছে। দৈনন্দিন কাজের ফাঁকে এগুলো রক্ষণাবেক্ষণে সময় দেন। উদ্ভাবনের জন্য পেয়েছেন নানা পুরস্কারও। ২০১৬ সালে পেয়েছেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উদ্ভাবনী প্রদর্শনীতে দেশি প্রযুক্তির মোটরযান প্রকল্পে প্রথম পুরস্কার। এ বছরই ৩৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলায় আধুনিক অগ্নিনির্বাপণ যন্ত্র প্রকল্পে পেয়েছেন দ্বিতীয় পুরস্কার। তাঁর উদ্ভাবনী ইচ্ছাকে এগিয়ে নিতে পাশে দাঁড়িয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচি।

মিজানুর রহমান বলেন, ‘আমার তৈরি কোনো যন্ত্র দেশ ও দেশের মানুষের কল্যাণে এলে আমার শ্রম সার্থক হবে। আমি ধন্য হব।’ মিজানুরের দোকানে বসেই শোনা হলো তাঁর বানানো যন্ত্রগুলোর কথা।

অগ্নিপ্রতিরোধক হেলমেট
অগ্নিপ্রতিরোধক হেলমেট

১ অগ্নিনির্বাপণ যন্ত্র

২০১২ সালের নভেম্বর। ঢাকার অদূরে আশুলিয়ায় পোশাক কারখানা তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক মানুষ মারা যায়। ঘটনাটি মিজানুর রহমানকে ভীষণ আলোড়িত করে। ২০১৩ সালে তিনি উদ্ভাবন করেন অগ্নিনির্বাপণ যন্ত্র। এই যন্ত্রটি রয়েছে এ রকম কোনো স্থানে যদি আগুন লেগে যায়, তবে তাপ নির্ণয়ক যন্ত্রের মাধ্যমে আগুনের অবস্থান নিশ্চিত করবে এটি। স্বয়ংক্রিয়ভাবে ১০ সেকেন্ডের মধ্যে চালু হবে যন্ত্রটি। এরপর সেটি আগুনে পানি ছিটাতে শুরু করে। এ ছাড়া এই যন্ত্রে যুক্ত মোবাইল ফোনের মাধ্যমে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে সংকেত চলে যায়। এই অগ্নিনির্বাপণ যন্ত্র তৈরিতে ব্যয় হয় ৫০ থেকে ৬০ হাজার টাকা।

২ অগ্নিপ্রতিরোধক জ্যাকেট

মিজানুর রহমান বানিয়েছেন অগ্নিপ্রতিরোধক জ্যাকেট। এই জ্যাকেট এমনভাবে তৈরি যে এটা কারও গায়ে থাকলে তার ত্বক আগুনে পুড়বে না। এটা তৈরিতে ব্যয় হবে মাত্র ৩ হাজার টাকা।

৩ অগ্নিপ্রতিরোধক হেলমেট

মিজানুর রহমান উদ্ভাবন করেছেন অগ্নিপ্রতিরোধক হেলমেট। হেলমেটটি মাথায় দিয়ে আগুনের মধ্যে গেলে মাথা ও শ্বাসনালি আগুনে পোড়া থেকে রক্ষা পাবে। অগ্নিপ্রতিরোধক হেলমেটটিও আগুনে পুড়বে না। এ ছাড়া আগুনের উত্তাপ মাথা ও গলায় লাগবে না। অগ্নিপ্রতিরোধক হেলমেট তৈরিতে খরচ সাড়ে ৩ হাজার টাকা।

নিজের বানানো গাড়ি চালাচ্ছেন মিজানুর
নিজের বানানো গাড়ি চালাচ্ছেন মিজানুর

৪ প্রতিবন্ধীদের জন্য মোটরগাড়ি

ছোট এই গাড়িটি প্রতিবন্ধীদের জন্য তৈরি। এটা তিন বা চার চাকার ছোট গাড়ি। যে প্রতিবন্ধীর হাত নেই সে পা দিয়ে এবং যার পা নেই সে হাত দিয়ে এই গাড়ি চালাতে পারবে। গাড়িটি পেট্রলচালিত। এটা তৈরি করতে ব্যয় ১ লাখ ৫০ হাজার টাকা থেকে ১ লাখ ৮০ হাজার টাকা।

৫ ডিজিটাল কাঁচি

মিজানুর রহমান উদ্ভাবন করেছেন ডিজিটাল সিজার বা কাঁচি। এই কাঁচি দিয়ে খুব সহজে দেশ-বিদেশ থেকে মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে ফিতা কেটে কোনো কিছুর উদ্বোধন করা যাবে। শুধু ফিতা কাটা নয়, এই ডিজিটাল কাঁচি দিয়ে ওই অনুষ্ঠানের পর্দাও ওঠানো যাবে, বেলুন ও পায়রা ওড়ানো যাবে। এটি বানাতে খরচ হয় সাড়ে ৩ হাজার টাকা।

সেচযন্ত্র
সেচযন্ত্র

৬ স্বয়ংক্রিয় সেচযন্ত্র

স্বয়ংক্রিয় সেচযন্ত্র মাঠে বসাতে হবে। কৃষক বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে তাঁর সেচযন্ত্রটি চালু ও বন্ধ করতে পারবেন। এর সঙ্গে ১০ ওয়াটের সৌরবিদ্যুৎ প্যানেল থাকবে। এ ছাড়া জমিতে পানির প্রয়োজন হলে যন্ত্রটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে এবং পানির প্রয়োজন না থাকলে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। যন্ত্রটি যদি কোনো কারণে কাজ না করে, তবে ওই কৃষকের মোবাইল ফোনে একটি খুদে বার্তা চলে আসবে।

অ্যাম্বুলেন্স
অ্যাম্বুলেন্স

৭ দেশীয় প্রযুক্তির অ্যাম্বুলেন্স

এই অ্যাম্বুলেন্সের কাঠামো লোহার শিট এবং চেসিস অ্যাঙ্গেল দিয়ে তৈরি। এটা চার চাকার ছোট অ্যাম্বুলেন্স। এক লিটার জ্বালানিতে অ্যাম্বুলেন্সটি ২৮-৩০ কিলোমিটার চলে। গ্রামীণ কাঁচা-পাকা সড়কে চলে অ্যাম্বুলেন্সটি। এই অ্যাম্বুলেন্স তৈরিতে ব্যয় হয় ৪ লাখ ১০ হাজার টাকা। এটুআই প্রোগ্রাম থেকে গত এপ্রিল মাসে ৪ লাখ ১০ হাজার টাকা অনুদান দেওয়া হয় মিজানুরকে।

মিজানুরের বানানো গাড়ি
মিজানুরের বানানো গাড়ি

৮ দেশীয় প্রযুক্তির মোটরযান

এই মোটরযানের কাঠামো লোহার শিট দিয়ে এবং চেসিস লোহার অ্যাঙ্গেল দিয়ে তৈরি। এটা চার চাকার ছোট গাড়ি। চার আসনের পেট্রলচালিত এই গাড়িতে স্টিয়ারিং আছে। এক লিটার পেট্রলে ৩০ থেকে ৩৫ কিলোমিটার চলে। এটা ইজিবাইকের বিকল্প গাড়ি। এটা তৈরি করতে ব্যয় হবে দুই থেকে আড়াই লাখ টাকা।

মিজানুরের ব্যায়ামযন্ত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ
মিজানুরের ব্যায়ামযন্ত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ

৯ ব্যায়ামে বিদ্যুৎ উৎপাদন

মিজানুর রহমান বানিয়েছেন একটি ব্যায়ামযন্ত্র। এই যন্ত্রের মাধ্যমে ব্যায়াম করার সময় বিদ্যুৎ উৎপাদিত হয়। এই যন্ত্রে একটি চাকা, দুটি প্যাডেল, একটি ডায়নামা, দুটি শেফট, একটি ১২ ভোল্টের ব্যাটারি এবং কিছু ইলেকট্রিক সরঞ্জাম থাকে। ডান ও বাঁ পাশের প্যাডেলের ওপর ডান ও বাঁ পায়ের পাতা দিয়ে চাপ দিয়ে ব্যায়াম করা হয়। ব্যায়াম করার সময় বিদ্যুৎ উৎপাদিত হয় এবং তা ব্যাটারিতে গিয়ে জমা হয়। তিনি জানান, ৩০ মিনিট ব্যায়াম করলে ১০০ ওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয় এবং ওই বিদ্যুৎ দিয়ে একটি ফ্যান, দুটি বাল্ব, টেলিভিশন ও কম্পিউটার তিন থেকে চার ঘণ্টা চালানো যাবে। এই ব্যায়ামযন্ত্র তৈরি করতে খরচ হবে ৩০ থেকে ৩৫ হাজার টাকা।