মিটার ছাড়াই চলছে অটোরিকশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ঢাকঢোল’ পিটিয়ে গত ১ ফেব্রুয়ারি থেকে সিএনজিচালিত অটোরিকশায় মিটার চালু করে নগর পুলিশ। কিন্তু মাস পার না হতেই সবকিছু আগের অবস্থায় ফিরে গেছে। এর মধ্যে অকেজো হয়ে গেছে বেশির ভাগ অটোরিকশার মিটার। ছবিটি গতকাল দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ এলাকা থেকে তোলা l সৌরভ দাশ
‘ঢাকঢোল’ পিটিয়ে গত ১ ফেব্রুয়ারি থেকে সিএনজিচালিত অটোরিকশায় মিটার চালু করে নগর পুলিশ। কিন্তু মাস পার না হতেই সবকিছু আগের অবস্থায় ফিরে গেছে। এর মধ্যে অকেজো হয়ে গেছে বেশির ভাগ অটোরিকশার মিটার। ছবিটি গতকাল দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ এলাকা থেকে তোলা l সৌরভ দাশ

বন্দর নগর চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশা এক মাস ধরে মিটারে চলছে না। উচ্চ আদালতের নির্দেশে নিবন্ধনহীন অটোরিকশা রাস্তায় নামার অনুমতি পাওয়ার পর পুরোনো অটোরিকশার চালকেরা মিটারে গাড়ি চালানো বন্ধ করে দিয়েছে। ফলে পরিবহনব্যবস্থায় আবার নৈরাজ্যজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্র জানায়, গত বছরের ১ নভেম্বর থেকে রাজধানী ঢাকা ও চট্টগ্রামে অটোরিকশা মিটারে যাত্রী পরিবহন করবে বলে ঘোষণা দিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কিন্তু রাজধানীতে এই ঘোষণা কার্যকর হলেও চট্টগ্রামে তিন মাস সময় বাড়িয়ে দেন মন্ত্রী নিজেই। কারণ, ভাড়া সমন্বয় (কেলিব্রেশন) করা এবং নষ্ট মিটার মেরামত ও নতুন মিটার সংযোজনের কাজ অনেকে তখনো শেষ হয়নি। পরে গত ১ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে মিটারে অটোরিকশা চলাচল কার্যকর হয়।
পরিবহন মালিক ও শ্রমিক সূত্র জানায়, মে মাসের প্রথম সপ্তাহে নিবন্ধনহীন প্রায় চার হাজার সিএনজিচালিত অটোরিকশা উচ্চ আদালতের আদেশ নিয়ে আবার রাস্তায় নামার পর থেকে পুরোনো অটোরিকশাগুলোতে আর মিটারে চলতে দেখা যায়নি। নগরে এক মাস ধরেই মিটারে কোনো অটোরিকশা চলাচল করছে না। এতে যাত্রীরা আবার জিম্মি হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
এমন পরিস্থিতিতে ৪ জুন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার পরিবহন সেক্টরের মালিক ও শ্রমিকনেতাদের নিয়ে বৈঠকের আহ্বান করেছেন। রোজার আগেই পুলিশ প্রশাসন অটোরিকশা চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করবে বলে জানা গেছে।
নগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘মিটারে অটোরিকশা চলাচল করছে না। এ ছাড়া পরিবহন সেক্টরের আরও কিছু সমস্যা নগরে বিরাজ করছে। এ জন্য আগামী ৪ জুন আমি পরিবহন মালিক ও শ্রমিকনেতাদের নিয়ে বৈঠক আহ্বান করেছি।’
কমিশনার ইকবাল বাহার আরও বলেন, ‘৪ জুনের বৈঠকে তাঁদের সরাসরি আইন মেনে চলার জন্য অবহিত করে ২/৩ দিন সময় দেব। আইন অমান্য করে কেউ মিটার ছাড়া অটোরিকশা চালালে ব্যবস্থা নেওয়া হবে।’
মিটারে অটোরিকশা না চালানোর কারণ জানতে চাইলে চট্টগ্রাম ফোর স্ট্রোক সিএনজি-থ্রি হুইলার সাধারণ মালিক ঐক্য পরিষদের সভাপতি মহিউদ্দিন বলেন, ‘মালিক হিসেবে আমরা অটোরিকশায় মিটার সংযোজন করেছি। সব গাড়িতে মিটার সচল করে দেওয়া হয়েছে। মিটার চালক বন্ধ করে রাখলে সেটা দেখার দায়িত্ব প্রশাসনের।’
মিটার বন্ধ রাখার কারণ জানতে চাইলে অটোরিকশার চালক আবদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘নম্বর ছাড়া সিএনজিতে (অটোরিকশা) মিটার নাই। তারা মিটার ছাড়া গাড়ি চালালে আমাগো চালাতে অসুবিধা কী?’
গত বছরের মাঝামাঝি সিএনজির দাম বাড়ানোয় সিএনজিচালিত অটোরিকশার ভাড়াও পুনর্নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সিদ্ধান্ত অনুযায়ী প্রথম দুই কিলোমিটারের জন্য ভাড়া ঠিক করা হয়েছে ৪০ টাকা, যা আগে ২৫ টাকা ছিল। অটোরিকশায় উঠলে ৪০ টাকা সর্বনিম্ন ভাড়া হওয়ার কথা। এবার প্রতি কিলোমিটারের ভাড়া ৭ টাকা ৬৪ পয়সা থেকে বাড়িয়ে ১২ টাকা করা হয়েছে। যানজট বা অন্য কোনো কারণে আটকে থাকলে প্রতি মিনিট বিরতির জন্য গুনতে হবে দুই টাকা করে, যা আগে ছিল এক টাকা ৪০ পয়সা।
একইভাবে চালকদের জন্য দৈনিক জমার পরিমাণও বাড়িয়ে বিআরটিএ। মালিকের জমা বাবদ এখন প্রতিদিন সর্বোচ্চ ৯০০ টাকা করে দিতে হয় চালককে, এতদিন যার পরিমাণ ছিল ৬০০ টাকা। এর আগে ২০১১ সালের ১৯ সেপ্টেম্বর সরকার ঢাকা ও চট্টগ্রাম নগরের জন্য অটোরিকশা কিলোমিটারপ্রতি যে ভাড়া এবং মালিকদের দৈনিক জমার পরিমাণ ঠিক করে দিয়েছিল, তা কখনোই কার্যকর করা যায়নি বলে অভিযোগ ওঠে।
চট্টগ্রাম নগরে প্রায় সাড়ে নয় হাজার পুরোনো সিএনজিচালিত অটোরিকশায় মিটার লাগানো আছে বলে জানালেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ-উল হাসান। নম্বরবিহীন অটোরিকশার সংখ্যাও চার হাজারের বেশি।