
নগরে সিএনজিচালিত অটোরিকশা মিটারে চলাচল বাধ্যতামূলক করা হয়েছে গত সোমবার থেকে। কিন্তু কম দূরত্বে চালক, বেশি দূরত্বে যাত্রী মিটারে যেতে চাইছেন না। আবার কিছু চালকের মিটার লাগাতেই অনীহা। ফলে মিটারে চলাচল নিয়ে তালগোল পাকিয়েছে। সরেজমিনে ঘুরে ও যাত্রীদের সঙ্গে কথা বলে এই চিত্র পাওয়া যায়।
সরেজমিনে দেখা গেছে, গতকাল বুধবার পর্যন্ত অনেক অটোরিকশাই চলছে মিটার ছাড়া। এসব অটোরিকশার চালকেরা মামলা থেকে বাঁচতে গুরুত্বপূর্ণ মোড়গুলো এড়িয়ে চলছেন। আবার মিটারবিহীন কিছু অটোরিকশা চলছে মামলার কাগজ দেখিয়ে।
মামলার শর্ত অনুযায়ী, সাত দিনের মধ্যে জরিমানা দিয়ে তাঁদের মিটার লাগানোর কথা রয়েছে। তাই ওই সব অটোরিকশাও সাত দিনের জন্য মিটার ছাড়া চলাচলের অনুমতি পেয়ে ফের রাস্তায় নেমেছে।
যাত্রীরা জানান, বেশি দূরত্ব হলে মিটারে যাত্রীদের লোকসানই হবে। কারণ নগরে প্রতিটি মোড়ে এখন যানজটে পড়তে হয়। যানজটে বসে থাকলে প্রতি মিনিটে ভাড়া বাড়তে থাকে। তার চেয়ে চুক্তিতেই যাওয়াই ভালো।
গত মঙ্গলবার বিকেলে নগরের খুলশী এলাকায় কথা হয় মোহাম্মদ মাসুদ নামের এক যাত্রীর সঙ্গে। তিনি বলেন, দুপুরে কালুরঘাট সিঅ্যান্ডবি এলাকা থেকে নগরের খুলশীর বিজিএমইএ ভবনের সামনে আসতে মিটারে ভাড়া গুনতে হয়েছে ১২৬ টাকা। একই দূরত্বে সকালে মিটার ছাড়া চুক্তিতে নিয়ে ভাড়া দিয়েছি ১০০ টাকা।
নগর পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল দুপুর পর্যন্ত প্রায় দেড় হাজার অটোরিকশার বিরুদ্ধে মিটার না থাকার অপরাধে পুলিশ মামলা দিয়েছে। গতকালের পর মিটার ছাড়া কোনো অটোরিকশা চলতে থাকলেও মামলার বাইরে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) মাসুদ-উল হাসান। তিনি বলেন, ‘আমরা আস্তে আস্তে মিটারে চলাচল বাধ্য করতে আরও কঠোর হব। প্রথমে মামলা, পরে আমরা জব্দও করব। প্রথম তিন দিন যাদের মিটার সংযোজনের প্রক্রিয়াধীন রয়েছে, এমন কাগজ দেখিয়েছে তাদের মামলা দিইনি। কিন্তু বৃহস্পতিবার (আজ) থেকে ছাড় দেওয়া হবে না।’
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম দুই কিলোমিটারের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা, যা আগে ছিল ২৫ টাকা। প্রতি কিলোমিটারের ভাড়া ৭ টাকা ৬৪ পয়সা থেকে বাড়িয়ে ১২ টাকা করা হয়েছে। আর প্রতি মিনিট বিরতির জন্য গুনতে হবে দুই টাকা করে, যা আগে ছিল ১ টাকা ৪০ পয়সা।
মঙ্গলবার সরেজমিনে প্রবর্তক মোড় দেখা যায়, রাত নয়টায় সরাইপাড়া যাওয়ার জন্য এক যাত্রী অটোরিকশা দেখছিলেন। এ সময় চালক নাছির উদ্দিন বলেন, মিটারে যেতে হবে। কিন্তু ওই যাত্রী মিটারে যেতে রাজি হননি।
পরে নাম প্রকাশে অনিচ্ছুক ওই যাত্রী এই প্রতিবেদককে বলেন, চালকেরা কাছের ভাড়া মিটারে যাবেন না। কিন্তু দূরের ভাড়া মিটারে যাবেন। কারণ প্রথম দুই কিলোমিটার ৪০ টাকা ভাড়া। তাই তাঁরা ওই দূরত্বের কোনো ভাড়া মিটারে যান না। দূরের ভাড়ার ক্ষেত্রে যানজটের কারণে মিটারে বেশি টাকা ওঠে। এ জন্য মিটারে যায়।
এ ব্যাপারে চালক নাছির বলেন, স্বল্প দূরত্বে মিটারে গেলে পোষায় না।
নগরের জিইসি মোড়ে দেখা যায়, মো. নয়ন নামের এক অটোরিকশাচালক মিটার ছাড়া গাড়ি চালাচ্ছিলেন। মিটার নেই কেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ইতিমধ্যে মিটারের জন্য মামলা খেয়েছি। এ জন্য সাত দিন সময় রয়েছে। এর মধ্যে মিটার লাগিয়ে নেব।’ এদিকে পুলিশি ভয়ে নগরে প্রথম দিন অটোরিকশার কিছু সংকট থাকলেও সেটা গত দুই দিনে কমে এসেছে। তবে এখনো তুলনামূলকভাবে অটোরিকশা কম রয়েছে। তবে নিবন্ধনহীন অন্তত সাড়ে পাঁচ হাজার অটোরিকশা চলাচল করছে। এসব অটোরিকশার ক্ষেত্রে মিটারের বাধ্যবাধকতা নেই। এ নিয়ে নিবন্ধন করা কিছু অটোরিকশাচালকের মধ্যে ক্ষোভও রয়েছে।
ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, নগরে এখন নিবন্ধিত অটোরিকশা চলছে ১০ হাজারের মতো। পাশাপাশি নতুন নম্বরবিহীন অটোরিকশা চলছে প্রায় সাড়ে পাঁচ হাজার। তবে মিটারে চলাচল বাধ্যতামূলক করার পর অনিবন্ধিত অটোরিকশা জব্দ করা শুরু হয়েছে।
উল্লেখ্য, ঢাকা ও চট্টগ্রামে একসঙ্গে মিটারে অটোরিকশা চলাচল শুরু হওয়ার কথা থাকলেও চট্টগ্রামে মিটার সংযোজন বা মেরামতের জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় দুই দফায় তিন মাস সময় বাড়িয়েছে। যদিও ঢাকায় তিন মাস আগে গত ১ নভেম্বর থেকে মিটারে অটোরিকশা চলাচল শুরু হয়েছে।