মিটারে অটোরিকশার চলাচল আবারও অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিটারের কেলিব্রেশন (দূরত্ব অনুপাতে ভাড়ার পরিমাণ নির্ধারণ) শেষ করে নির্ধারিত ভাড়ায় সিএনজি অটোরিকশা চলাচল শুরু হতে না হতে সরকার নতুন করে সংকুচিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম বাড়িয়েছে। এ কারণে সিএনজি অটোরিকশার মিটার নতুন করে কেলিব্রেশন করার প্রয়োজন দেখা দিয়েছে। এ সুযোগে নগরের অটোরিকশার মালিক-চালকেরা আবার ভাড়া বাড়ানোর পাঁয়তারা শুরু করেছেন। ফলে মিটারের ভাড়ায় অটোরিকশা চলাচলের বিষয়টি আবারও অনিশ্চিত হয়ে পড়েছে। জানা গেছে, গত মাসে সিএনজি অটোরিকশার মিটার কেলিব্রেশনের সময় শেষ হয়। এরপর চট্টগ্রামে চলাচলকারী প্রায় ১৩ হাজার অটোরিকশা মিটারে চালাতে বাধ্য করতে পুলিশ কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এর মধ্যে গত সপ্তাহে গ্যাসের দাম বাড়ানোর পর যোগাযোগ মন্ত্রণালয় থেকে সিএনজি অটোরিকশার যে নতুন ভাড়া ধার্য করা হয় তাতে বেশির ভাগ ক্ষেত্রে আগের ভাড়াই বহাল রাখা হয়েছে। নতুন গেজেট অনুযায়ী প্রথম দুই কিলোমিটারের ভাড়া আগের মতোই ২৫ টাকা, যা ন্যূনতম সিএনজি অটোরিকশা ভাড়া হিসেবে গণ্য হবে। নতুন তালিকায় প্রথম দুই কিলোমিটারের পরবর্তী প্রতি কিলোমিটার সাত টাকা থেকে বাড়িয়ে সাড়ে সাত টাকা করা হয়। বিরতি চার্জ পাঁচ পয়সা বাড়িয়ে এক টাকা ৩০ পয়সা করা হয়। কিন্তু সিএনজি অটোরিকশার মালিকেরা আগের ভাড়া বহাল রাখার এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ভাড়া বাড়ানোর দাবি জানান। তাঁদের দাবি অনুযায়ী গ্যাসের দাম বাড়ায় এখন খরচ বেড়ে গেছে। তাই আগের প্রথম দুই কিলোমিটারের ভাড়া ২৫ থেকে ৩০ টাকা করা এবং পরবর্তী প্রতি কিলোমিটারের ভাড়া সাড়ে সাত টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা করার দাবি জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ প্রসঙ্গে সিএনজি অটোরিকশা, অটোটেম্পো ও সিএনজি শ্রমিক কল্যাণ ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ বলেন, ‘গ্যাসের দাম বাড়ার পর নতুন ভাড়ায় মিটারে সিএনজি অটোরিকশা চালানো সম্ভব নয়। কারণ এখন খরচ অনেকগুণ বেড়ে গেছে। আমাদের দাবি অনুযায়ী ভাড়ার নতুন তালিকা করা দরকার।’প্রসঙ্গত, যখন গ্যাসের দাম কম ছিল তখনো আগের নির্ধারিত ভাড়া অনুযায়ী মিটারে চলেনি সিএনজি অটোরিকশা। মিটারে অটোরিকশা চলাচল নিয়ে পুলিশের সঙ্গে চালকদের বিভিন্ন স্থানে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া মিটার না চালানোর দাবিতে অটোরিকশার শ্রমিকেরা বছরখানেক আগে ব্যাপক যানবাহন ভাঙচুর করেন। অটোরিকশাচালক আবদুর রহমান বলেন, ‘যাত্রীদের ক্ষোভ আমাদের ওপর, কিন্তু মালিকেরা আমাদের কাছ থেকে জমা নেন বেশি। সে বিষয়ে কিন্তু কেউ কথা বলেন না।’গতকাল শনিবার সকালে কাজীর দেউড়ি মোড়ে একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা ফয়সাল ইকবাল চৌধুরী বলেন, ‘সরকার কী করেছে, কীসের দাম বেড়েছে এসব আমরা আর শুনতে চাই না। আমরা মিটারে অটোরিকশায় চড়তে চাই। কর্তৃপক্ষের আন্তরিকতা থাকলে এ সমস্যা সমাধান কঠিন কিছু নয়।’ জানা গেছে, মিটারে সিএনজি অটোরিকশা চালুর সিদ্ধান্ত কার্যকরের প্রথম পদক্ষেপ হিসেবে নতুন করে মিটার কেলিব্রেশনের ব্যবস্থা সম্পন্ন করা হয় গত মাসে। বিষয়টি নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে নানা পদক্ষেপও নেওয়া হয়। সিএনজিচালিত অটোরিকশার চালকেরা এতে নীতিগতভাবে রাজি হয়েছিল বলেও জানা গেছে। কিন্তু গত সপ্তাহে গ্যাসের দাম বাড়ার পর নতুন সংকট দেখা দেয়।এ প্রসঙ্গে উপপুলিশ কমিশনার (যানবাহন) ফারুক আহমেদ বলেন, ‘মিটারে সিএনজি অটোরিকশা চলাচল নিশ্চিত করতে ইতিমধ্যে কেলিব্রেশন সম্পন্ন হয়েছে। কিন্তু নতুন করে গ্যাসের দাম বাড়ায় চালক-মালিকেরা বিগড়ে বসেছেন। নতুন করে মিটার কেলিব্রেশন করে নির্ধারিত ভাড়ায় অটোরিকশা চালাতে হলে আবার সবকিছু নতুন করে শুরু করতে হবে।’