
ঈদে বাড়ি যাচ্ছেন। পরিবার, আত্মীয়স্বজনের সঙ্গে দেখা হওয়ার এই একটা সময়। সবার সঙ্গে আনন্দে ঈদ উদ্যাপন করবেন, এটাই তো কাম্য। তবে উৎসবের এ মিলনমেলাকে একটু অন্য রকমভাবে সার্থকও করে তুলতে পারেন ইচ্ছে করলে। আর তা হলো নিজেদের মধ্যে কোনো আইনগত বিরোধ থাকলে তা মিটিয়ে ফেলা কিংবা ফেলার চেষ্টা করা। অনেকের ভাইবোনের মধ্যে বিরোধ থাকে আবার প্রতিবেশী কিংবা আত্মীয়স্বজনের সঙ্গেও বিরোধ থাকতে দেখা যায়। এ বিরোধ সাধারণত জমিজমার ভাগ-বাঁটোয়ারা কিংবা টাকাপয়সার লেনদেন নিয়েই বেশি দেখা যায়। অনেক সময় দেখা যায়, সবাই হয়তো বিরোধের মীমাংসা করতে চাচ্ছে কিন্তু শহরে থাকার কারণে একসঙ্গে হতে পারছে না। ফলে নিষ্পত্তি হচ্ছে না কিছুই। তাই ঈদের ছুটির এক দিন এ বিষয়ে সবাই আলোচনায় বসতে পারেন এবং ঈদের আনন্দের ভাগাভাগির পাশাপাশি দীর্ঘদিনের জিইয়ে থাকা বিরোধ নিষ্পত্তিও করতে পারেন।
যেভাবে নিষ্পত্তি
সবাই বসুন, আলোচনা করুন এবং সিদ্ধান্ত নিন। কেউ একমত না হলে তিনি কেন একমত নন, তা জানার চেষ্টা করুন এবং তাঁর মতামতকে গুরুত্ব দিয়ে দেখুন। সবাই মিলে তাঁকে বোঝানোর চেষ্টা করুন। পরিবারের মধ্যে নানা কারণে বিরোধ দেখা দিতে পারে। বিরোধ হয়েছে; ব্যস, করে ফেললাম মামলা। এটা কিন্তু বুদ্ধিমানের কাজ নয়। একটু সচেতন হলে এবং আন্তরিক হলে পারিবারিক বিষয়গুলো নিজেরাই মিটিয়ে ফেলতে পারেন অনায়াসে। এ জন্য শুধু দরকার নিজেদের মধ্যে সদ্ভাব, সদিচ্ছা এবং নিজ নিজ অবস্থানের ক্ষেত্রে দায়িত্ববান হওয়া। যে বিষয়গুলো নিজেরা সহজেই মিটমাট করে ফেলতে পারেন, তা নিয়ে অযথাই কেন মামলা-মোকদ্দমা করতে যাবেন। প্রয়োজনে নিজেদের মধ্যে কোনো আইনগত ব্যাখ্যার দরকার হলে এ জন্য একজন আইনজীবীর পরামর্শ নিতে পারেন। আর যদি কোনো বিষয় নিয়ে মামলা-মোকদ্দমা হয়ে যায়, তাহলেও আপস-মীমাংসা করে নিজেদের মধ্যে বিরোধ মিটিয়ে ফেলার সুযোগ রয়েছে। বিশেষ করে সব ধরনের দেওয়ানি প্রকৃতির মোকদ্দমায়। এমনকি আপিলে গেলেও এই সুযোগ রয়েছে। একে বিকল্প বিরোধ নিষ্পত্তি বলা হয়।
দেওয়ানি কার্যবিধিতে সমঝোতার মাধ্যমে আদালত থেকে ডিক্রি নেওয়ার বিধানও রয়েছে। কিছু ক্ষেত্রে ফৌজদারি মামলায়ও এ সুযোগ রয়েছে। অনেক স্বামী-স্ত্রীর মধ্যেও বিরোধ থাকতে পারে পারিবারিক বিষয়ে। আবার এ নিয়ে মামলা-মোকদ্দমাও থাকতে পারে। এ নিয়ে নিজেদের ইগো বা অহংবোধ বাদ দিয়ে একত্রে আলোচনায় বসতে হবে। বিশেষ করে সন্তান থাকলে তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে। তবে নারী নির্যাতন এবং পারিবারিক নির্যাতনের বিষয়ে কোনো আপস না করাই উচিত।
যা খেয়াল রাখবেন
বিরোধ নিষ্পত্তি যেন আবার কলহ-দ্বন্দ্ব না বাড়িয়ে দেয়, সেটা খেয়াল রাখতে হবে। আনন্দ যেন শোক না টেনে আনে। বসতে হবে নিজেদের ইচ্ছায় এবং বিরোধ মেটানোর উদ্দেশ্যেই, বিরোধ বাড়ানোর জন্য নয়। কারও কোনো প্রাপ্য থাকলে তাকে তা আইনগতভাবে বুঝিয়ে দেওয়া উচিত। জমিজমার ভাগ-বাঁটোয়ারার পর অবশ্যই বণ্টননামা করে নিতে হবে। মামলা-মোকদ্দমা থাকলে তা আদালতে গিয়ে আইনজীবীর মাধ্যমে কীভাবে নিষ্পত্তি করতে হবে, তা সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন। প্রয়োজনে যা খরচপাতি হয়, তা নিজেরাই ভাগ-বাঁটোয়ারা করে উঠিয়ে নিন। একটি সফল আলোচনা অনেক ধরনের আইনি জটিলতা থেকে মুক্তি দেবে। তাই বিরোধ জিইয়ে রাখা নয়, মিটিয়েই ফেলুন।
লেখক: আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট